ব্যতিক্রমী ‘চোখ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার স্বপ্ন দেখেন। একটা ঘরের স্বপ্ন...সেখানে তাঁর কথামতো সবাই চলে, কথা বলে, ঘুমায়। সেই ঘরকে আমরা চলচ্চিত্র পরিসর বলি। কিন্তু সেই চলচ্চিত্রের পরিসর কিন্তু পরিচালক নিজের চোখে দেখতে পান না। কারণ তাঁর চোখটা অন্তরের চোখ। সেটা দেখতে একটা প্রায়োগিক চোখ ধার করতে হয়। সেই চোখটাই একজন সিনেমাটোগ্রাফারের চোখ। যেই ঘরে চলচ্চিত্রকার ঘর বাঁধেন সেই ঘরে সার্বক্ষণিক সঙ্গী হয়ে থাকে সিনেমাটোগ্রাফার। সেই জন্য পৃথিবীর অনেক চিত্রপরিচালকই তাঁদের বাড়তি চোখটার সঙ্গে জুটি করেই কাজ করেছিলেন। সত্যজিৎ রায়-সুব্রত মিত্র, ওং কার ওয়াই-ক্রিস্টফার ডয়েল, ইঙ্গমার বার্গম্যান-নিকভিস্ট। এমন অনেক নাম বলা যেতে পারে।অন্য সব নির্মাতার মতো আমিও মনের মতো একজন ক্যামেরাম্যান খুঁজেছি সব সময়। কখনো মনমতো পেয়েছি, কখনো পাইনি। আমাদের দেশেও এখন বেশ কিছু ভালো ক্যামেরাম্যান তৈরি হয়েছেন। অপু রোজারিও খসরু তাঁদের মধ্যে অন্যতম। তাঁদের সঙ্গেই আমি কাজ করেছি বেশি। মাঝেমধ্যে দেশের বাইরের ক্যামেরাম্যানদের দিয়েও কাজ করতে হয়েছে। এর মধ্যেই একদিন শুটিংয়ে এক তরুণ আমার সঙ্গে দেখা করতে এল। নিজের পরিচয় দিলেন—রাশেদ জামান। জানা গেল, তুরস্কের মিডল ইস্ট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে স্থাপত্যবিদ্যায় লেখাপড়া করেছেন তিনি। সেখান থেকে সোজা যুক্তরাষ্ট্র। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যানজেলেস (ইউসিএলএ) থেকে সিনেমাটোগ্রাফিতে ডিপ্লোমা সম্পন্ন করে ফিরেছেন দেশে। এই ধরনের কারও সঙ্গে দেখা হলে সবার আগে জানতে ইচ্ছে করে, তিনি কোন ধরনের চলচ্চিত্রে বিশ্বাস করেন। আমি তাঁকে জিজ্ঞেস করলাম তাঁর প্রিয় ছবির নাম। রাশেদ জানালেন আমোরেস পেরোস। ঘটনা কাকতালীয়ই বলতে হবে, ঠিক সেই মুহূর্তে আলেহান্দ্রো গনজালেসের এই ছবিটাই ছিল আমারও সবচেয়ে প্রিয়। দ্বিতীয়বার চিন্তাভাবনা না করেই তরুণকে জানিয়ে দিলাম আমি তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী। জুটি বেঁধে কাজে নামার আগে তাঁর একটিমাত্র কাজের সঙ্গেই শুধু আমার পরিচয় হলো। সেটি ন্যাশনাল জিওগ্রাফিকের একটি আলোকচিত্রের বইয়ের প্রচ্ছদ। ঝকঝকে সবুজ ধানখেত। খেতের মধ্যে ছোট্ট একটা নৌকায় বসে আনমনা এক কিশোর দূর আকাশের পানে তাকিয়ে। বইয়ের নাম এ লিটল পিস। ছবিটা একনজর দেখলে সত্যিই মন জুড়িয়ে যায়। পুরো ছবিটাকে মনে হয় এক সজীব, সুন্দর বাংলাদেশের প্রতিচ্ছবি। জানলাম, রাশেদ তাঁর প্রিয় বাংলাদেশকে ঠিক এভাবেই দেখতে চায় সব সময়। স্থিরচিত্র দেখে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু আমার আসল মন্ত্রমুগ্ধ হওয়ার পালা ডি-জুসের বিজ্ঞাপন করতে গিয়ে। প্রথম দিনেই ‘হ্যান্ডহেল্ড’ ক্যামেরায় রাশেদ যা করে দেখাল সেটা এককথায় অসাধারণ। সেদিনই মনে মনে বুঝে নিয়েছি ঠিক এই রকম একজন সিনেমাটোগ্রাফারই আমি মনে মনে খুঁজছিলাম। বাংলালিংকের আলাল-দুলাল, ডি-জুস আকাশ—এসব বিজ্ঞাপনচিত্রেও রাশেদের স্বকীয়তা স্পষ্ট। আমি মনেপ্রাণে বিশ্বাস করি, ক্যামেরা চালনায় শুধু কারিগরি কাজ নয়, মন আর শরীর একসঙ্গে মিশিয়ে কাজটা করা চাই। রাশেদ ঠিক এই কাজই করে। রাশেদ যখন ক্যামেরা চালায় মনে হয় ক্যামেরাটা ওর শরীরেরই বর্ধিত একটা অংশ। ক্যামেরা যখন শরীরের অংশের মতো হয়ে ওঠে তখনই একজন মানুষ ক্যামেরা অপারেটর থেকে হয়ে ওঠেন একজন সত্যিকার সিনেমাটোগ্রাফার। বাইরের দুনিয়ায় এদের বলা হয় ডিওপি বা ডিরেক্টর অব ফটোগ্রাফি। বাংলালিংক দেশ-২-এর বিজ্ঞাপনে রাশেদ জীবনের ঝুঁকি নিয়ে একটা কাজ করল। চলন্ত ট্রেনের ওপর ক্রেন বসিয়ে কাজ করার সাহস যে কারও থাকতে পারে, সেটা আমার জানা ছিল না। গ্রামীণফোন ব্ল্যাকবেরির বিজ্ঞাপনচিত্রে ৩৫ মিমি ক্যামেরায় রাশেদ আবার চমকে দিল। ৩৫ মিমি ক্যামেরায় ধারণ করা ছবিতে অদ্ভুত নীলাভ একটা আভা সে তৈরি করেছিল। এক্সপোজার সম্পর্কে খুব নিখুঁত জ্ঞান থাকলেই শুধু এই কাজ করা সম্ভব। শুনলে অবাক লাগবে রাশেদ কোনো শট বিভাজনে বিশ্বাসী না। বিশ্বাস করে, শুধু সিক্যুয়েন্স আর ঘটনার মূল সুরে। ক্যামেরাকে সে ব্যবহার করে এক নীরব-গোপন পর্যবেক্ষকের ভঙ্গিতে। ‘একটা ফোন করা যাবে প্লিজ’, ‘ইজ ইক্যুয়াল টু’—রাশেদের এসব কাজ দেখলেই বোঝা যাবে ক্যামেরার কাজ আর গল্প কীভাবে একসঙ্গে মিলমিশ খেয়ে চলে। চলচ্চিত্র ডুবসাঁতার দেখে মনে হয়েছে নুরুল আলম আতিকের অদ্ভুত আর অতুলনীয় ভিজ্যুয়াল সেন্স ঠিকঠাকমতো ধারণ করার ক্ষমতা রাশেদই রাখে। রাশেদই আমার সঙ্গী প্রথম ক্যামেরাম্যান যে কোনো অভিনেতা-অভিনেত্রীর চোখের ওপর ঢাউস আর অতি উজ্জ্বল লাইট ফেলে কাজ করে না। রাশেদের লাইট থাকে সব সময় আড়ালে। রাশেদ বিশ্বাস করে, চোখের ওপর অতি উজ্জ্বল আলো ছবির পাত্রপাত্রীদের স্বতঃস্ফূর্ততা তৈরির পথে বাধা তৈরি করে। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট বাংলাদেশের ড্রামা সেকশনে রাশেদ এখন কাজ করছেন ডিওপি মানে ডিরেক্টর অব ফটোগ্রাফি হিসেবে। রাশেদ সিনেমা নিয়ে ভাবে। সিনেমা দেখে। ক্যামেরা চালনার বাকি সময়টা সিনেমাবিষয়ক দেশি-বিদেশি সাময়িকী ঘেঁটে কাটায়। আর আমাকে সুযোগ পেলেই তাড়া দেয়, বয়স তো চল্লিশ হতে চলল। চলেন একটা সিনেমা বানাই। রাশেদ জামানের সঙ্গে কাজ করার কিছু বিপদও আছে। তার মাত্রাতিরিক্ত সম্পৃক্ততা, অতিরিক্ত শ্রম আর সময় নিয়ে কাজ করা প্রায়ই আমাকে এবং আমার প্রযোজকদের বিপদে ফেলে দেয়। কিন্তু দিনের শেষে যখন কাজটা দেখি, মনে হয়—এ শুধু রাশেদের পক্ষেই সম্ভব।