ব্যথানাশকে আবেগনাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন জাতীয় ওষুধ সেবন শারীরিক ব্যথা উপশমের পাশাপাশি মানুষের সাধারণ আবেগী প্রতিক্রিয়াগুলো কমিয়ে দিতে পারে বলে দাবি করেছেন গবেষকেরা। প্রতীকী ছবি।
প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন জাতীয় ওষুধ সেবন শারীরিক ব্যথা উপশমের পাশাপাশি মানুষের সাধারণ আবেগী প্রতিক্রিয়াগুলো কমিয়ে দিতে পারে বলে দাবি করেছেন গবেষকেরা। প্রতীকী ছবি।

বহুলভাবে ব্যবহৃত কিছু ব্যথানাশক ব্যথার সঙ্গে সঙ্গে আবেগও কমিয়ে দিতে পারে। প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন জাতীয় ব্যথানাশক ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে গবেষণায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা এই দাবি করেছেন।

সাইকোলজিকাল সায়েন্স সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনটিতে বলা হয়েছে, এই জাতীয় ওষুধ সেবন শারীরিক ব্যথা উপশমের পাশাপাশি মানুষের সাধারণ আবেগী প্রতিক্রিয়াগুলো কমিয়ে দিতে পারে। দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ওহাইয়ো স্টেট ইউনিভার্সিটির সামাজিক মনোবিজ্ঞানী জিওফ্রে ডুরসো বলেন,‘কেবল ব্যথা দূর করার ওষুধ হিসেবে না দেখে অ্যাসিটামিনোফেনকে সব জাতীয় আবেগ দূর করার ওষুধ হিসেবেও দেখা যেতে পারে।’

গবেষক ডুরসো ৮২ জন ছাত্রছাত্রীকে কিছু ব্যথানাশক ওষুধ খেতে দেন। একাংশকে দেওয়া হয় ১ হাজার মিলিগ্রামের অ্যাসিটামিনোফেন। বাকি অংশকেও দেখতে অ্যাসিটামিনোফেনের মতো কিছু ট্যাবলেট দেওয়া হয় যা আসলে কোনো ওষুধই নয়। ঘণ্টাখানেক পর অ্যাসিটামিনোফেনের কার্যকারিতা শুরু হয়ে গেলে ছাত্রছাত্রীদের ৪০টি ছবির একটা আলোকচিত্র সিরিজ দেখতে দেওয়া হয়। এই ছবিগুলো ছিল বিপরীতধর্মী বৈশিষ্ট্যের খুবই আবেগসঞ্চারী ছবি। কিছু ছবিতে দেখা যায় মারাত্মক অপুষ্টিতে ভোগা হাড়জিরজিরে শিশুদের হৃদয়বিদারক কিছু দৃশ্য। কিছু ছবিতে দেখা যায় হাসিখুশি প্রাণোচ্ছল শিশুদের বিড়াল নিয়ে খেলার মতো কিছু আনন্দদায়ক দৃশ্য।


গবেষণায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের এই ছবিগুলোকে ইতিবাচক ও নেতিবাচক হিসেবে চিহ্নিত করে নম্বর দিতে বলা হয়। সবচেয়ে ইতিবাচক হিসাবে ৫+ এবং সবচেয়ে নেতিবাচক হিসাবে -৫ নম্বরের সীমা বেঁধে দেওয়া হয়। এতে দেখা যায়, যে ছাত্রছাত্রীদের অ্যাসিটামিনোফেন ট্যাবলেট দেওয়া হয়েছিল তাদের মধ্যে এসব ছবি তেমন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। তারা খুব ইতিবাচক ছবিগুলোকেও তেমন ইতিবাচক হিসেবে দেখেনি আবার খুব নেতিবাচক ছবিগুলোকেও তেমন নেতিবাচক হিসেবে দেখেনি। কিন্তু যাদের প্লাসেবো বা ওষুধের মতো দেখতে নামমাত্র ট্যাবলেট দেওয়া হয়েছিল উভয় ক্ষেত্রেই তাদের প্রতিক্রিয়া ছিল তীব্র।

সামাজিক মনোবিজ্ঞানী জিওফ্রে ডুরসো জানিয়েছেন, ভবিষ্যতে অ্যাসপিরিন ও ইবুপ্রোফেন জাতীয় অন্যান্য ব্যথানাশক ওষুধ নিয়েও তিনি একই ধরনের গবেষণা চালাতে চান।