ব্যবধান
খরচ কমাতে এবার সাধারণ কালো ট্যাক্সিক্যাবে ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা! চোখে পড়ার মতো খবর তো বটেই, সঙ্গে মনের কোণে নাড়া দিয়ে যাওয়ার মতোও। নাহ, স্রেফ লোকদেখানো ব্যাপার-স্যাপার নয়। নিজেদের দেশে যে আর্থিক টানাপোড়েন চলছে সেটা সামাল দিতেই তাঁদের এই কৃচ্ছ্রসাধন। ঝাঁ চকচকে আর বিলাসবহুল গাড়ির বহর ফেলে কালো ট্যাক্সিক্যাব ব্যবহারকারীদের তালিকায় আছেন এমনকি প্রিন্স হ্যারিও। আমাদের অনেকের মনে আছে চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর ঠিক একই ধরনের কালো ক্যাবে চড়তে শুরু করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজপরিবারের সদস্যদের উত্সাহী করার চেষ্টা চলছে এমনকি সাধারণ যানবাহন ব্যবহারের জন্যও। ১ ফেব্রুয়ারির সারা বিশ্ব পাতার এক কলামের বাক্সবন্দী খবরটা বলছে সে কথাই।ছোট্ট এই খবর কি ব্রিটেনের আর্থিক মন্দার তীব্রতার প্রমাণ দেয়? দিতে পারে। অথবা আদতে কতটুকুই বা অর্থ বাঁচাতে সক্ষম এই গাড়ি বর্জন? কিন্তু এই খুদে খবরের শিক্ষাটা আসলে অন্য জায়গায়। এই খবর রাজপরিবারের সহমর্মিতা আর দুর্দিনে জনগণের পাশে থাকার সদিচ্ছার কথা আমাদের স্মরণে আনে। রাজা-বাদশাহি চলন থেকে বেরিয়ে এসে সাধারণ পাবলিক বাসে কিংবা ক্যাবে চড়ার এই দৃষ্টান্ত তাঁদের একশ ভাগ আন্তরিকতারই প্রমাণ দেয়। অতীতে মন্ত্রী-সাংসদদের বিলাসবহুল গাড়ি ব্যবহারবিষয়ক বিবিধ ঘটনা আমাদের দেশে খবরের শিরোনাম হয়েছে অনেকবার। সাধারণ মানুষ ঢাকার অসহনীয় যানজটে হিমশিম খায়। আর পাশ দিয়েই তীরবেগে ছুটে যায় বিলাসবহুল গাড়ির বহর। এই দৃশ্য নতুন নয় ঢাকায়। অপেক্ষমাণ মানুষ নিমেষেই বুঝে ফেলেন তাঁরা স্রেফ আমজনতা। বিশেষ ব্যবস্থা শুধু বিশেষ মানুষদের জন্যই। ব্রিটেন থেকে বাংলাদেশ, সত্যিই অনেক দূর! — ইকবাল হোসাইন চৌধুরী