
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দৃষ্টিতে ২০১০ সালের ইয়াং গ্লোবাল লিডার এবং বিজনেস টুডে ম্যাগাজিনের দৃষ্টিতে চলতি বছর ভারতের ব্যবসায় খাতে সবচেয়ে প্রভাবশালী নারীদের একজন নির্বাচিত হয়েছেন সংগীতা সিং। দীর্ঘদিন ধরে কাজ করছেন স্বাস্থ্য সচেতনতা এবং লাইফ সায়েন্স নিয়ে। বর্তমানে ওয়েস্টার্ন ইন্ডিয়া প্রোডাক্ট (উইপ্রো) লিমিটেডের হেলথকেয়ার এবং লাইফ সায়েন্স ব্যবসায় বিভাগের প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন তিনি। মূলত স্বাস্থ্য সচেতনতা এবং জীবন ও বিজ্ঞান খাতে কীভাবে ব্যবসার প্রসার করা সম্ভব, সেটি নিয়েই কাজ করছেন সংগীতা। দুর্গাপুর আঞ্চলিক প্রকৌশল কলেজ থেকে প্রকৌশল ডিগ্রি নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে ভারতের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কয়েকজন শীর্ষ জ্যেষ্ঠ নির্বাহীর মধ্যে একজন সংগীতা ২০১৬ সালের মধ্যে নিজের বিভাগকে বিলিয়ন ডলার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ব্যাপারে কাজ করে যাচ্ছেন।
বর্তমানে হেলথকেয়ার এবং লাইফ সায়েন্স বিভাগের দায়িত্ব পালন করলেও এর আগে উইপ্রো গ্লোবাল আইটি এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সার্ভিসেস (ইএএস) বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। এ ছাড়া প্রধান বিপণন কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেছেন এ প্রতিষ্ঠানে। তাঁর দায়িত্বকালীন সময়ে উইপ্রো গ্লোবাল আইটির আয় বেড়ে দাঁড়িয়েছিল ৭০ কোটি ডলার। একই সময়ে শ্রেষ্ঠ সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে উইপ্রো গ্লোবাল আইটি আইডিসি সিএমও গ্লোবাল বেস্ট পুরস্কার এবং আইটি সার্ভিসেস মার্কেটিং অ্যাসোসিয়েশনের সেরা মার্কেটিং এক্সিল্যান্স পুরস্কার জিতে নেয়। উইপ্রো নিয়ে সংগীতা সিং ওয়ার্ল্ড ইকোনমিকস ফোরাম, ফরচুন উইমেন ফোরাম, এফআইসিসিআই, ন্যাসকম, সিসকো-সিইও ফোরামসহ বিশ্বসেরা বিভিন্ন আয়োজনেও দিয়েছেন উপস্থাপনা। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন একাধিক পুরস্কার। এর মধ্যে উল্লেখযোগ্য এশিয়ার সেরা নারী নির্বাহী, এক্সিলেন্স ইন ইনফরমেশন টেকনোলজি, স্টিভি পুরস্কার ইত্যাদি। নিজের কাজকে পছন্দ করেন এবং সেটি আরও ভালোভাবে করে যেতে চান তিনি।
গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী
তথ্যসূত্র: উইপ্রো বিজনেস টুডে