ব্যবসা গুটিয়ে নিচ্ছেন রাউজানের মুরগির খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিনের বাচ্চা ও খাদ্যের দাম বাড়ায় রাউজানের মুরগির খামারিরা তাঁদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন। খামারিদের অভিযোগ, বাচ্চা ও মুরগির খাদ্য উৎপাদনকারীরা সাম্প্রতিক সময়ে নিজেদের খেয়াল খুশিমতো বাচ্চা ও খাবারের দাম বাড়াচ্ছেন। ফলে গত পাঁচ বছরে উপজেলার প্রায় ৪০০ ছোট-বড় খামার বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকজন খামারমালিকের সঙ্গে কথা বলে জানা গেছে, চার বছরের ব্যবধানে এক দিন বয়সের মুরগির বাচ্চার দাম ৩০ টাকা থেকে বেড়ে ৭০-৭৫ টাকায় দাঁড়িয়েছে। একইভাবে বেড়েছে মুরগির খাদ্য ও ওষুধের দাম। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সিন্ডিকেট করে বাজারদর নিয়ন্ত্রণ করছে বলেও তাঁদের অভিযোগ। উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের হিসাবে রাউজানে ছোট-বড় এক হাজার মুরগির খামার ছিল। এর মধ্যে বেশ কিছু খামার বন্ধ হয়ে গেছে। কিন্তু এ সংখ্যা ঠিক কত তা সংস্থার কর্মকর্তারা বলতে পারেননি। তবে উপজেলায় মুরগির বাচ্চা ও খাদ্য সরবরাহকারীদের হিসাবে বন্ধ হয়ে যাওয়া খামারের সংখ্যা ৪০০-র মতো। খোঁজ নিয়ে জানা যায়, গত পাঁচ বছরে কেবল পশ্চিম গুজরা ইউনিয়নে ২০টির মতো মুরগির খামার বন্ধ হয়েছে। ব্যবসা ছেড়ে দেওয়া খামারি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, ‘বাচ্চা ও খাদ্যের দাম পাঁচ বছরে দ্বিগুণেরও বেশি বেড়েছে। সে তুলনায় মুরগির দাম বাড়েনি। এ কারণে লোকসানের মুখে খামার বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।’ নোয়াপাড়ার মোহাম্মদ ইয়াকুবের খামার আক্রান্ত হয়েছিল বার্ড ফ্লুতে। তিনি পুঁজি হারিয়ে এই খাতে আর বিনিয়োগ করেননি। উরকিরচরের খামারি লোকমান হোসেন বলেন, ‘বাচ্চা ও মুরগির খাদ্যের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি রোগবালাইয়ের ঝুঁকি বেড়েছে। এই কারণে নতুন করে বিনিয়োগ করছি না খামার ব্যবসায়।’খামারে মুরগির বাচ্চা ও খাদ্য সরবরাহকারীরা জানান, বন্ধ হয়ে যাওয়া খামারিদের কাছে পরিবেশকদের অর্ধ কোটি টাকার মতো পাওনাও আছে । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শেখ আবদুল মান্নান বলেন, ‘রোগবালাইয়ের কারণে এবং বাচ্চা ও খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছু কিছু খামারি ব্যবসা গুটিয়ে নিয়েছেন। তবে নতুন নতুন খামারও চালু হচ্ছে। এ খাতে মানুষের বিনিয়োগের আগ্রহ একেবারেই যে কমে যাচ্ছে, এমন নয়।’