ব্যবসা নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু ঢাকা শহরে প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার টন ময়লা জমা হয়। আর এই পচা-নোংরা ময়লাগুলো একান্ত আপন করে নিতে চায় একদল শিক্ষার্থী। কী অবাক হচ্ছেন? হওয়ারই কথা, দুর্গন্ধযুক্ত ময়লা। তা কিনা আবার আপন করে পেতে চায়। তাও আবার পড়াশোনা করা ছেলেমেয়েরা! হ্যাঁ, এমনটাই ভাবছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিবিএর ২০তম ব্যাচের একদল শিক্ষার্থী।আসিফ মাহমুদ তাঁদেরই একজন। পড়াশোনা শেষ করে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে বন্ধুদের সঙ্গে গড়ে তুলতে চান একটি কারখানা। যেখানে পচনশীল ময়লাগুলো থেকে তৈরি করতে চান কৃষিজমিতে ব্যবহারোপযোগী সার, যা তাঁরা স্বল্পমূল্যে বাজারজাত করে কৃষির উন্নয়নে ভূমিকা রাখতে চান। ঢাকা শহরকে দেখতে চান পরিষ্কার-পরিচ্ছন্ন মহানগর রূপে। এভাবেই নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলছিলেন তাঁরা।এদিকে বিবিএ ১৭তম ব্যাচের ছাত্রী রিফাতুন নাঈম স্বপ্ন দেখছেন পাটের অপার সম্ভাবনা নিয়ে। পাটজাত পণ্য বাজারজাতকরণের মাধ্যমে দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে বাংলাদেশ উন্নত দেশের তালিকায় উঠে আসবে বলে বিশ্বাস তাঁর আরও পাঁচ সহপাঠীর। ‘কেনই বা এমন স্বপ্ন দেখব না? অতি সম্প্রতি আমরা পাটের জিন আবিষ্কারের মাধ্যমে তার শুভসূচনা তো করেই ফেলেছি। এখন শুধু কিছু সময়ের অপেক্ষা।’ বলছিলেন রিফাতুন নাঈম। শুধু কি পাট বা সার? না, আরও নানা ধরনের বাণিজ্যিক পরিকল্পনা নিয়ে বসেছে এক ডজনেরও অধিক স্টল। বলছিলাম ডিআইইউর দ্বিতীয় বিজনেস ফেস্টিভালের কথা। ১ থেকে ৩ জুলাই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মিলনায়তনে অনুষ্ঠিত হলো এই উৎসব। ডিআইইউ বিজনেস এবং এডুকেশন ক্লাব ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারসহ আরও কয়টি ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এই উৎসবের। তিন দিনের এই উৎসব শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। শিক্ষার্থীদের পরিকল্পনায় গড়ে ওঠা স্টলগুলোতে ব্যবসার মাধ্যমে কীভাবে সমাজের উপকার করে দেশের উন্নয়ন করা যায়, তার পূর্বাভাস ফুটে ওঠে। বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী রাবেয়া, আজিজুর রহমানসহ অন্য আরও কজন বন্ধু মিলে প্রদর্শন করেন সয়াফল থেকে উৎপাদিত পণ্য। কীভাবে সয়ার প্রতিটি অংশকে কাজে লাগানো যায় এবং ব্যবসার মাধ্যমে লাভবান হওয়া যায় এ সম্বন্ধে ধারণা ছিল না ঢাকা কলেজ থেকে আগত শিক্ষার্থী রেইনের। এ বিষয়টি তাই সুনিপুণভাবে তাঁকে বোঝান কাজী শাহপার সুলতানা। ছিল মাশরুমের উৎপাদন ও বাজারজাতকরণ, রিয়েল এস্টেট বিজনেস, ওয়াটার পাম্পসহ নানা ধরনের ব্যবসায়িক আইডিয়া। ব্যবসা উৎসবের আহ্বায়কদের একজন বিজনেস অ্যান্ড ইকোনমিক্স বিভাগের সৈয়দ মিজানুর রহমান বলেন, ‘সমাজে বর্তমানে যে নীতি চালু, তা হলো বিজনেস মানেই প্রফিট। তাই শিক্ষার্থীদের এ ধারণা থেকে বাইরে এনে ব্যবসার সঙ্গে সামাজিক দায়বদ্ধতার বিষয়ে হাতে-কলমে শিক্ষা দিতেই আমাদের এই আয়োজন।’ তিন দিনের এই উৎসবে আরও ছিল ব্যবসাবিষয়ক কুইজ প্রতিযোগিতা, ‘ই’-বিষয়ক কর্মশালা, ব্যবসাবিষয়ক মুভি প্রদর্শন, বিজনেস কেস কম্পিটিশন, নাটক, সেমিনার ইত্যাদি। শেষ দিনে পুরস্কার বিতরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল বেশ জমকালো।