এবারের বাজেট যেন ব্যবসাবান্ধব হয় এবং সেটি যেন দেশীয় শিল্পের স্বার্থ সংরক্ষণের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়। পাশাপাশি একটি ন্যায়সংগত আয়করনীতি প্রণয়ন করা উচিত। বৈশ্বিক মন্দা, আমাদের দেশের অভ্যন্তরে দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংকট অর্থনীতিকে অস্থিতিশীল করে তুলছে। এসব সংকট থেকে উত্তরণে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত। বাজেটে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকা উচিত বলে মনে করি। আমরা মনে করি, তথাকথিত কল্যাণমুখী বাজেটের চেয়ে উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টি করতে পারে এমন ব্যবসাবান্ধব বাজেটই এখন সময়ের দাবি। অন্যদিকে দেশের বিভিন্ন এলাকার সম্পদ ও সম্ভাবনার সর্বোচ্চ সদ্ব্যবহার অবশ্যই নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সমুদ্রবন্দর, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজারের পর্যটনকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে। চট্টগ্রামে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট অফিস স্থাপনের দাবিটি অনেক পুরোনো। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রাকবাজেট সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও এ বছর চট্টগ্রামে পূর্ণাঙ্গ বন্ড কমিশনারেট অফিস স্থাপন করবেন বলে ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। চট্টগ্রামে কাস্টমসের জন্য আপিল ট্রাইব্যুনাল স্থাপন এবং কাস্টমসের আমদানি-রপ্তানি শাখা একীভূত করা জরুরি হয়ে পড়েছে। এগুলো দ্রুত বাস্তবায়ন করা উচিত বলে মনে করি।প্রাকজাহাজীকরণ পরিদর্শন সংস্থা নিয়ে অনেক কথা হয়েছে। এখন এই প্রথা বাতিলের সময় এসেছে। কাস্টম হাউসের সক্ষমতা বাড়ানো হচ্ছে। নির্দিষ্ট সময় পর এই প্রথা আর থাকবে না—এমন ঘোষণা থাকা উচিত বাজেটে।মূল্য সংযোজন কর (মূসক) সম্পর্কে আমাদের বক্তব্য—১৯৯১ সালে যখন এটি আরোপ হয়েছিল তখন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রথমে একে স্বাগত জানিয়েছিল। আমরা অবহিত হয়েছি যে, মূল্য সংযোজন করের পরিধি বাড়ানো হবে। তবে এটা যাতে কোনো ক্রমেই দেশের অর্থনীতির প্রাণ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে ব্যাহত না করে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সরকারি-বেসরকারি অংশীদারিত্বের যে ধারণা বর্তমান সরকার দিয়েছে সে ক্ষেত্রে বেসরকারি খাতে উন্নয়নের জন্য সুযোগ-সুবিধা ও কর রেয়াত থাকা উচিত।