ব্যবসায় বাজিমাত!

তরুণ উদ্যোক্তার হাতে দেওয়া হবে তিন কোটি টাকা। এই পুঁজি দিয়ে গড়ে তুলতে হবে ব্যবসা। কাজটা দুরূহ। কিন্তু তরুণেরা পরাস্ত হয়, এমন কিছু িক আছে? ঠিকই পথ বাতলে দিলেন তাঁরা। দৃষ্টি আয়োজিত বিজনেস আইডিয়া প্রতিযোগিতায় ব্যবসার নিত্যনতুন পরিকল্পনা উপস্থান করলেন তরুণেরা।
১১ এপ্রিল নগরের জামালখান এলাকার একটি রেস্টুরেন্টে বসেছিল এই প্রতিযোগিতার সমাপনী পর্বের আসর। এতে স্কুল-কলেজ পর্যায়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। গত ২৮ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ছয়টি বিশ্ববিদ্যালয়ের ২২টি এবং আটটি স্কুলের ১৫টি দল অংশগ্রহণ করে। দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত এই প্রতিযোগিতার ষষ্ঠ আসর বসেছিল এবার।
স্কুল-কলেজ পর্যায়ে প্রতিযোগীরা চট্টগ্রামের খাবার উপস্থাপন করতে বর্ণিল খাদ্য উৎসব আয়োজনের বিভিন্ন উপায় তুলে ধরেন। এতে চট্টগ্রাম সরকারি সিটি কলেজের প্রতিযোগীরা চট্টগ্রামের খাবার নিয়ে ডিসি হিলে একটি বর্ণিল খাদ্য উৎসব করার পরিকল্পনার কথা তুলে ধরে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় রানারআপ হয় সিলভার বেলস বালিকা উচ্চবিদ্যালয়। এরপর শুরু হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এতে ‘তিন কোটি টাকায় নতুন এসএমই ব্যবসা’—এই ধারণা নিয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণেরা অংশ নেন। মাছ নিয়ে নানা পরিকল্পনা উপস্থাপন করে সমাপনী পর্বে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রানারআপ হওয়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) প্রতিযেগীরা। তাঁরা মোবাইলে হার্ট অ্যাটাকের তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে অতিথি ছিলেন দৈনিক পূর্বকোণ-এর পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, শিক্ষাবিদ হাসিনা জাকারিয়া, সাফিয়া গাজী রহমান, সাইফুল আলম খান ও আহমেদ জীবরান। বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী, সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া ও যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম।