
ব্ল্যাক টাইগার নামে একটি মিসরীয় চলচ্চিত্র ছিল, যার গল্প খুব সাধারণ এক শ্রমিকের কোটিপতি হয়ে ওঠার। দারিদ্রে্যর বন্ধন ছিঁড়ে কী করে দাঁড়ানো যায়, সেই কাহিনি ছিল ছবিটিতে। এখন সে রকম ক্ষুদ্র ব্যবসার যুগ। প্রতিষ্ঠান ছোট, কিন্তু পরিকল্পনা বিশাল। আর এর মালিকেরা হয়ে উঠছেন উদ্যোক্তা।
মাইন শনাক্তকারী হেলিকপ্টার, ইলেকট্রিক গেট, স্বল্পদৃষ্টির লোকদের সহায়তাকারী যন্ত্র, গণপরিবহনের জন্য
ই-সেবা কেন্দ্র, অনলাইন সংবাদ সংস্থা ছাড়াও নানা নতুন উদ্ভাবন নিয়ে এগিয়ে এসেছেন একঝাঁক তরুণ। তাঁরা বৃত্তের বাইরে থেকে ভাবছেন। আর তাঁদের নিয়ে এগিয়ে যাচ্ছে এইউসি ভেঞ্চার ল্যাব।
এইউসি ভেঞ্চার ল্যাবকে ধরা যায় মিসরের প্রথম বিজনেস ইনকিউবেটর। এটি গড়ে উঠেছে একটি বিশ্ববিদ্যালয়ে। প্রযুক্তির প্রসারে মিসরীয় তরুণেরা এখানে কাজ শুরু করেছিলেন। পরে এটি একটি সফল আন্তর্জাতিক প্রকল্পে রূপ নিয়েছে। মিসরীয় তরুণদের জন্য হয়ে উঠেছে ভাবনা আদান-প্রদানের একটি বড় ক্ষেত্র।
উদ্যোক্তাদের নিয়ে সূচনা মিসরে এই প্রথম নয়। ২১ শতকের শুরুর দিকে অর্থনীতি যখন পড়তির মুখে, তখন দরিদ্র মিসরীয় নারীরা রুটি তৈরি করে বাড়ি বাড়ি বিক্রির কাজ করতে বাধ্য হয়েছিলেন। সেটিকে বলা চলে প্রাথমিক উদ্যোগ।
কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় উদ্যোগ বিভাগের সভাপতি আবদুল লতিফ জামিল ও আয়মান ইসমাইল এ সংস্থাটির সঙ্গে নিবিড়ভাবে কাজ করে আসছেন। তাঁরা দাবি করছেন, এইউসি ইনকিউবেটর ইতিমধ্যে তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।
আয়মান বলেন, বিশ্বব্যাপী উদ্যোক্তাদের প্রসার অনেক আগে থেকেই ছিল, কিন্তু মিসরে এটি শুরু হয়েছে সম্প্রতি এবং এটি এগোচ্ছে বেশ স্বতঃস্ফূর্তভাবে। ছোট্ট কোনো প্রতিষ্ঠান চলছে তরুণ কারও নেতৃত্বে এবং তরুণদের উদ্ভাবনকে ঘিরে। তারুণ্যের যোগ্যতা তুলে ধরার জন্য বিজনেস ইনকিউবেটর প্রজেক্টের জুড়ি মেলা ভার।
ছোট্ট একটি ঘর। তাতে নানা রঙের দেয়াল, অদ্ভুত ধরনের বেঞ্চ। বসার জন্য বেঞ্চের পাশাপাশি বস্তাও রয়েছে। এখানে-সেখানে ছড়িয়ে-ছিটিয়ে বসে আছেন নারী–পুরুষ। কেউ কম্পিউটারে কাজ করছেন, কেউবা আইপ্যাডের স্ক্রিনে। কেউ আবার বসে বসে শিক্ষকের পরামর্শ শুনছেন। আদ্যোপান্ত কর্মমুখর পরিবেশ। কেউ বর্ণনা করছেন তাঁর বিপণন অভিজ্ঞতা, কেউ কম্পিউটার বিষয়ে আরও কাজ শিখছেন। এই হচ্ছে এইউসি বিজনেস ইনকিউবেটর কেন্দ্র। এখানে সবাই আসেন তাঁদের নতুন নতুন ভাবনার বীজ নিয়ে। এখানে চলে সেসব বাস্তবায়নের কাজ।

এই ইনকিউবেটর কোনো একাডেমিক প্রোগ্রাম নয়। তবে তরুণদের সম্ভাবনাকে পৃষ্ঠপোষকতা করছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতে সহায়তা দেয়। নিয়মিত উদ্যোক্তাদের লক্ষ্য ও পরিকল্পনা নিয়ে এখানে প্রতিযোগিতা হয়। সেখান থেকেই বেরিয়ে এসেছে ল্যান্ড মাইন শনাক্তকারী যন্ত্র, সাধারণ নানা ইলেকট্রনিক পণ্য, ই–পরিবহন সেবা।
এরই মধ্যে কয়েক হাজার তরুণ এখানে প্রশিক্ষণ ও ভাবনা আদান-প্রদানের জন্য আবেদন করেছেন। অনেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার জন্যও এখানে এসেছেন। ইনকিউবেটর তাঁদের পেশাদারি পরামর্শ দেওয়ার পাশাপাশি নেটওয়ার্ক ব্যবহার করার সুযোগও করে দিচ্ছে। কাউকে দিচ্ছে কারিগরি সমর্থন, কাউকে বিপণন-সুবিধা; যাতে এসব উদ্যোক্তা তাঁদের কর্মকাণ্ড নিয়ে বিশ্ববিদ্যালয় আঙিনা ছাড়িয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার দেশগুলোতে ছড়িয়ে পড়তে পারেন।
আয়মান ইসমাইল বলেন, ইনকিউবেটরের প্রধান মূলধন হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা। একই সঙ্গে কাজ নিয়ে স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশের সুযোগও করে দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মোট কথা, তারুণ্যের ভাবনা প্রচার ও প্রসারে ইনকিউবেটর অনবদ্য ভূমিকা রাখছে। আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ৬০ জন অভিজ্ঞ শিক্ষক এখানে আছেন প্রধান উপদেষ্টা ও গাইড হিসেবে।
প্রতিটি প্রতিযোগিতায় ইনকিউবেটর শীর্ষ ১০ তরুণের প্রকল্প বেছে নেয়। তাঁরা পান একটি জায়গা ও পাঁচ মাসের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা। ইনকিউবেটর বিশ্বের সামনে তুলে ধরে তাঁদের প্রকল্প।
ইনকিউবেটরে যাঁরা নিজেদের প্রমাণ করার সুযোগ পেয়েছেন, ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইহাব তাঁদের একজন। ২৮ বছর বয়সী এই তরুণ আইন শামস বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের ছাত্র। খ্যাতনামা কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে ইহাব এখানে কাজ করছেন নিজের ভাবনা নিয়ে। এখানে তিনি যানজট এড়াতে বাস রুটের পরিচালনায় কম্পিউটার সফটওয়্যার আবিষ্কার নিয়ে কাজ করছেন।
ইনকিউবেটরের যে কোম্পানিতে ইহাব কাজ করছেন, সেটি কায়রোর প্রায় দুই কোটি যানবাহনের চলাচল নিয়ন্ত্রণসহ অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে। কীভাবে জ্বালানি বাঁচানো যায় বা যানজট কমানোসহ গাড়ির অন্যান্য সুবিধা দেওয়া যায়, তা নিয়ে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করে চলেছে।
এ ছাড়া রয়েছেন আহমেদ জাহারান। তিনি কার্মা সোলার নামে একটি বিদ্যুৎ প্রকল্প চালান। তিনি নিজেই তাঁর সাফল্যের কথা বললেন। এ প্রকল্পে তিনি সৌরশক্তি ও আধুনিক প্রযুক্তির সঙ্গে বিভিন্ন কলকারখানার নিষ্কাশিত পানি ব্যবহার করে বিদ্যুৎশক্তি তৈরি করছেন।
আরেকটি প্রকল্পের নাম মবসের। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাতে এমন একটি যন্ত্র তৈরি করছেন, যাতে অন্ধরা হাঁটাচলা করার সময় আগে থেকেই বস্তুর ইঙ্গিত পাবে। অচিরেই এটি বাজারে আসছে।
সংস্থাটির প্রধান উপদেষ্টা আয়মান ইসমাইল বলেন, শুধু দেশের বাজারে নয়, বিদেশেও এটি ছড়িয়ে দেওয়া হবে। তিনি ব্যবসার পুরোনো ধ্যানধারণা বদলে দেওয়ার কথা বলেন। নতুন নতুন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে কাজ করছে ইনকিউবেটর।