এবিসি রেডিও-প্রথম আলো জবস ‘হতে চাই পেতে চাই’
ব্যবসার জন্য ব্যবসায় স্নাতক হতে হবে এমন কোনো শর্ত নেই
এবিসি রেডিওর স্টুডিওতে প্রথম আলো জবস হতে চাই পেতে চাই অনুষ্ঠানে ২৩ নভেম্বর এসেছিলেন বাংলাদেশ সাপ্লাই চেইন কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট ও রহিমআফরোজের হেড অব এগ্রো ডিভিশন রেজা মো. শিহাব। কথা বলেছেন বিভিন্ন বিষয় নিয়ে। অনুষ্ঠানে অতিথি বন্ধু ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের তিন শিক্ষার্থী মারুফ, আরিফ ও সজলকথাবন্ধু: এগ্রোবিজনেস ও এগ্রিবিজনেস শব্দ দুটোর মধ্যে পার্থক্য কী?রেজা মো. শিহাব: অনেকেই বিষয় দুটোকে একসঙ্গে মিলিয়ে ফেলেন। কিন্তু এগ্রিবিজনেস হলো কৃষি-সম্পর্কিত বিষয়; যেমন বীজ, সার, রাসায়নিক পদার্থ, যন্ত্রপাতি এগুলো। আর কৃষি-সম্পর্কিত পণ্যগুলোকে নিয়ে একটা প্রক্রিয়ার মধ্যে এগিয়ে যেতে হয়। এই প্রক্রিয়ার ক্ষেত্রে যে ব্যবসাটা হয় তা-ই হলো এগ্রোবিজনেস।কথাবন্ধু: এই ব্যবসাগুলো শুরু করতে কী ধরনের দক্ষতা থাকা প্রয়োজন?রেজা মো. শিহাব: যেকোনো ব্যবসা শুরু করতে গেলে মূল যে দক্ষতা দরকার তা হলো ব্যবসাটাকে বোঝা। হঠাৎ করে তো কোনো ব্যবসা শুরু করা যায় না। প্রথমে ব্যবসাটাকে ভালো করে বুঝে নিতে হবে। তারপর এর বাজার কোথায়, সামনে এগোনোর অসুবিধাগুলো কী, ব্যবসাটাতে সুবিধা কেমন—এ বিষয়গুলো খুঁজে বের করতে হবে। ব্যবসার সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করার জন্য কী কী দক্ষতা আছে আর কী কী দক্ষতার প্রয়োজন—এ বোধটাকে পরিপূর্ণ করে যাঁরা ব্যবসায় নামবেন, আমি মনে করি তাঁরা অবশ্যই সফল হবেন। কারণ, এখানেই সফলতা এবং ব্যর্থতার মূল বিষয়গুলো আছে। আর এর জন্য দরকার বিশ্লেষণধর্মী দক্ষতা। এ জন্য অনেকগুলো ডিগ্রির সনদপত্র লাগবে তেমন কোনো কথা নেই।কথাবন্ধু: শিক্ষাগত যোগ্যতার ধরনটা কেমন হওয়া দরকার?রেজা মো. শিহাব: এখানে স্নাতক, স্নাতকোত্তর বা ব্যবসায় স্নাতক হতে হবে এ ধরনের কোনো শর্ত নেই। কারণ, সফল ব্যবসায়ীরা কেউই হার্ভার্ড থেকে পাস করে আসেননি। তাঁরা সবাই স্বশিক্ষিত। থাকতে হবে বিশ্লেষণ করার (অ্যানালিটিক্যাল) দক্ষতা। এটাই মূলত ব্যবসার মূল চালিকাশক্তি।কথাবন্ধু: কৃষিসংক্রান্ত যত ব্যবসা বাংলাদেশে চলছে, এতে চাকরির সুযোগটা কেমন?রেজা মো. শিহাব: বাংলাদেশে এ ক্ষেত্রে বিশাল সম্ভাবনা আছে। যদি পরিসংখ্যানের দিকে তাকান, বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান মাত্র ২৩-২৪ শতাংশ। অথচ বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি।৬২ শতাংশ মানুষ সরাসরি কৃষির সঙ্গে সম্পৃক্ত। তার মানে বাংলাদেশে কৃষি উৎপাদন অনেক কম। কৃষি-উৎপাদন যদি বেড়ে যায়, তাহলে চিন্তা করুন, সামনে কত বড় সুযোগ অপেক্ষা করছে! কথাবন্ধু: কৃষিশিল্পের কারিগর, মানে কৃষকেরা সব সময়ই হতদরিদ্র থাকছেন। তাঁদের ভাগ্যোন্নয়ন সম্ভব কীভাবে? রেজা মো. শিহাব: বর্তমান সময়ে কৃষির ওপর বেশ জোর দেওয়া হচ্ছে। অবহেলিত কৃষকদের উন্নয়নে বিভিন্ন ধরনের প্রচেষ্টা নেওয়া হচ্ছে। যেমন, সরকার কৃষকদের সারের মধ্যে ভর্তুকি দিচ্ছে। এভাবে চলতে থাকলে আমরা হয়তো আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারব। কথাবন্ধু: কৃষকদের সচেতন করে তোলার জন্য কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা যায় কি?রেজা মো. শিহাব: এখন সময় এসেছে কৃষকের ঘুরে দাঁড়ানোর। আর কৃষককে প্রশিক্ষণ দেওয়াটাই হচ্ছে আমাদের ব্যবসার প্রধান কৌশল। কৃষকেরা তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কারণ, কৃষক তাঁদের পণ্যটাকে সঠিক সময়ে সঠিক স্থানে তুলে ধরতে পারছেন না। কারণ, তাঁদের কাছে পণ্যের বাজার সম্পর্কে তেমন কোনো তথ্য নেই। আর এই তথ্যগুলো জানানোর জন্য কৃষকদের প্রশিক্ষণ দিয়ে সচেতন করে তোলাটা কৃষি-ব্যবসার একটা প্রধান কৌশল। সবাইকে মনে রাখতে হবে, মানুষকে বঞ্চিত করে কখনো ব্যবসা করা যায় না। কথাবন্ধু: এগ্রি বা এগ্রোবিজনেস চালু করতে চাইলে দরকারি তথ্যগুলো কীভাবে পাওয়া যাবে?রেজা মো. শিহাব: বর্তমানে বাংলাদেশে যেভাবে এগ্রিবিজনেস পড়া শুরু হয়েছে, ঠিক সেভাবেই এ বিষয়ে ব্যবসার সুযোগ-সুবিধাও তৈরি হচ্ছে। পাশাপাশি চাকরিরও একটা বিশাল ক্ষেত্র তৈরি হচ্ছে। এ ধরনের প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ধরনের জরিপ করে থাকে। এ জরিপগুলোর মাধ্যমে এগ্রি বা এগ্রোবিজনেস সম্পর্কে তথ্য পাওয়া যাবে। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে দেখা যায়, আগামী পাঁচ বছরে বাংলাদেশে এই খাতটিতে চাকরির বিশাল একটা ক্ষেত্র সৃষ্টি হবে।গ্রন্থনা: আবু হেনা