সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ‘ব্রেইন রেকিং প্রতিযোগিতা’
ব্যবসার ধারণা দিয়ে পুরস্কার জিতল শিক্ষার্থীরা

সাদার্ন বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘ব্রেইন রেকিং প্রতিযোগিতা’ ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। তরুণ প্রতিভার সন্ধানে বিজনেস এন্ট্রাপ্রেনিউরস সোসাইটির (বিইএস) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে বিষয় ছিল চট্টগ্রামের ইকো টু্যরিজম। বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন ব্যাচের ১১টি দল অংশ নেয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘উই আর ফর্টিফাইভ’ দলের রোহান চৌধুরী, সাজ্জাদ হোসাইন ও রেহনুমা সুলতানার হাতে ওঠে বিজয়ীর পুরস্কার। এই দলটি ‘ফ্রিডম ফাইটারকে’ হারায়।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন সাদার্ন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক কামরুল হাসান, সুমন মজুমদার ও রাশেদুল হাসান। প্রতিযোগীদের গ্রুমিং সেশনের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন প্রভাষক মোহাম্মদ হাসান।
চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান ইসরাত জাহান। তিনি বলেন, ব্যবসায় প্রচার ও প্রসারে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।