ব্যবসার নতুন নতুন ক্ষেত্রের সন্ধান দিলেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৃজনশীল ভাবনা ও উদ্যোগ থাকলে আত্মনির্ভরশীল হওয়া কঠিন নয়। ‘ব্রেন স্টর্মিং’ প্রতিযোগিতায় অংশ নেওয়া চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সে আশাই জাগালেন। গত ২৮ জানুয়ারি নগরের অ্যাম্ব্রোসিয়ায় দ্য ডেইলি স্টার ও দৃষ্টি আয়োজিত এই প্রতিযোগিতার সমাপনী দিন ছিল। প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল তরুণদের মধ্য থেকে ব্যবসার নতুন নতুন ধারণা ও পরিকল্পনা বের করে আনা। আয়োজকদের সে পরিকল্পনা ব্যর্থ হয়নি। চট্টগ্রামের তরুণেরা যেভাবে ব্যবসার নতুন নতুন ক্ষেত্রের সন্ধান দিলেন তা মুগ্ধ করেছে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের।বিগত দুই বছর যাবৎ দ্য ডেইলি স্টার ও দৃষ্টি চট্টগ্রামের এ ধরনের আয়োজন করছে। গত ১৮ জানুয়ারি নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়। উদ্বোধন করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ ড. ইফতেখার উদ্দীন চৌধুরী ও ডেইলি স্টার চট্টগ্রাম কার্যালয়ের ব্যুরো প্রধান রইসুল হক।এ প্রতিযোগিতায় চট্টগ্রামের ১০টি বিশ্ববিদ্যালয়ের ২১টি দল এবং ১৩টি বিদ্যালয়ের ১৩টি দলসহ মোট ৩৪টি দল অংশ নেয়। প্রথম পর্বের প্রতিযোগিতা শেষে স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের তিনটি করে ছয়টি দল চূড়ান্ত পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়। এতে স্কুলপর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম আইডিয়াল স্কুল এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয়।প্রতিযোগিতায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন প্রতিষ্ঠানকে নতুন করে ব্র্যান্ডিং করে কীভাবে লাভজনক করে তোলা যায় সে সম্পর্কে পরিকল্পনা উপস্থাপন করে প্রতিযোগীরা। নগরের একটি গ্রন্থবিতানকে আধুনিক ও লাভজনক করার পরিকল্পনা, জনপ্রিয় একটি বেকারির বেলা বিস্কুটকে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করে সারা দেশে ছড়িয়ে দেওয়া কিংবা চট্টগ্রামের একটি শিশু পার্ককে ডিজনি ল্যান্ডে রূপান্তরের মতো পরিকল্পনা হাজির করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈচিত্র্য ছিল বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায়ও। ঋণ দেওয়া হলে কে কোন ধরনের ব্যবসা করে কত দ্রুত সময়ে তা ফেরত দিতে পারবে—এ বিষয়ে হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা।মোবাইল, সফটওয়ার, খাদ্য, বই ইত্যাদি বৈচিত্র্যময় ব্যবসায়িক চিন্তার কথা উঠে আসে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের উপস্থাপনায়।প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে স্কুলপর্যায়ের বিষয় ছিল— চট্টগ্রামের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে সামনে রেখে নতুন ব্যবসায়িক উদ্যোগের পরিকল্পনা করা। প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৫০ লাখ টাকা। জব্বারের বলি খেলাকে আরও আধুনিক করে মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনার কথা বলে স্কুলপর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম আইডিয়্যাল স্কুল দল। এ দলের সদস্যরা হলো- ইরহাম কালাম, আসিফুল হক, রেজা আহমেদ। প্রথম রানারআপ হয় প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল।৫০ লাখ টাকা পুঁজিতে খাঁটি ও তাজা কৃষিপণ্য বিপণনের পরিকল্পনা হাজির করে বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় সাদ মুহাম্মদের নেতৃত্বে গড়া ইস্ট ডেলটা বিশ্ববিদ্যালয় দল। প্রথম রানারআপ হয় আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞাপনী প্রতিষ্ঠনের কর্ণধার ও নাট্যজন আলী যাকের, চট্টগ্রাম স্টক একচেঞ্জের চেয়ারম্যান আল মারুফ খান, চট্টগ্রাম স্কাব লিমিটেডের চেয়ারম্যান এস এস আবু তৈয়ব, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সহসভাপতি তারেক কামাল ও সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী। শেষ দিনে মঞ্চে তারুণ্যের ব্যবসায়িক চিন্তা উপস্থাপনা ও আলোচনা সভার পাশাপাশি ছিল জমজমাট ফ্যাশন শো।