ব্যবসার নিত্য নতুন পরিকল্পনা
প্রতিদিন ডাব খেয়ে সেই খোসা ফেলে দেওয়া হয় রাস্তায় বা ডাস্টবিনে। আর এই ফেলে দেওয়া ময়লা ডাবের খোসা কাজে লাগানোর কথা ভাবছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। ডাবের খোসা দিয়ে ইট বানিয়ে পরিবেশ দূষণমুক্ত রাখার পরিকল্পনা করেছেন তাঁরা।
তাঁদের মতো করেই কেউ বিদ্যুৎ সাশ্রয়ের মাধ্যমে আলোকিত করতে চান চারপাশকে আবার কেউ নকশিকাঁথা নতুনভাবে ব্র্যান্ডিংয়ের মাধ্যমে ছড়িয়ে দিতে চান সারা বিশ্বে। এভাবেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ব্রেন স্টর্মিং প্রতিযোগিতায় ব্যবসার নিত্য নতুন পরিকল্পনা উপস্থান করলেন তরুণেরা।
গত ২২ মার্চ নগরের জামালখান এলাকার একটি রেস্তোরাঁয় বসেছিল এই বিজনেস আইডিয়া প্রতিযোগিতার শেষ পর্বের আসর। প্রতিযোগিতার শেষ পর্বে স্কুল পর্যায়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ১৭ মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় চট্টগ্রামের ছয়টি বিশ্ববিদ্যালয় এবং আটটি স্কুলের শিক্ষার্থীদের ২৪টি দল অংশ নেয়।
স্কুল পর্যায়ের প্রতিযোগিতায় প্রতিযোগীরা বাণিজ্যিক রাজধানী ও পর্যটনের নগর হিসেবে চট্টগ্রামের ব্র্যান্ডিং করার উপায় তুলে ধরেন। এতে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের প্রতিযোগীরা চট্টগ্রামকে নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে চ্যাম্পিয়ন হন। প্রতিযোগিতায় রানারআপ হওয়া কলেজিয়েট স্কুলের প্রতিযোগীরা একটি পর্যটন কোম্পানির মাধ্যমে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলো ঘুরিয়ে দেখানোর পরিকল্পনা উপস্থাপন করেন। এরপর শুরু হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। এতে ‘দেশের জন্য সামাজিক ব্যবসা’ শিরোনামে ব্যবসার নিত্যনতুন ধারণা নিয়ে শিক্ষার্থীরা অংশ নেন। নকশিকাঁথা রিব্র্যান্ডিং করার পরিকল্পনা উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। রানারআপ হওয়া প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রতিযোগীরা ফেলে দেওয়া ডাবের খোসা থেকে ইট বানানোর পরিকল্পনা তুলে ধরেন।
প্রতিযোগিতা শেষে দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুলের সভাপতিত্বে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ পর্বে অতিথি ছিলেন মোহাম্মদ হাসেম চৌধুরী, আসিফ ইকবাল ও দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।
বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরী ও সাধারণ সম্পাদক বনকুসুম বড়ুয়া।