‘ব্রিটেনের অর্থমন্ত্রীকে কী বলা হয়?’ ‘এক্স চেকার।’ সঠিক উত্তর দিয়ে এগিয়ে গেলেন আইবিএ দলের তানভীর আলম, হিশাম হায়দার ও সাদমান সাফাত। এ অগ্রযাত্রা শেষ পর্যন্ত বজায় ছিল। চ্যাম্পিয়ন হয়েই তবে তাঁরা থামলেন।তানভীর, হিশাম ও সাদমান তিন বন্ধু। নিজেদের মধ্যে জানাশোনাও তাই বেশ ভালো। তিনজনই পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে (আইবিএ)। আর সেই সুবাদে ব্যবসা ও অর্থনীতি বিষয়ে জানাশোনার শুরু। তাঁদের জ্ঞান যে যথেষ্ট উচ্চমানে পৌঁছে গেছে, এর প্রমাণ পাওয়া গেল ১৭ ডিসেম্বর সন্ধ্যায়। কারণ এই দিন সিটিব্যাংক এনএ ও ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) চতুর্থবারের মতো আয়োজন করে ‘সিটি ফিন্যান্সিয়াল কুইজ প্রতিযোগিতা’র চূড়ান্ত পর্ব। ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এ পর্বে স্বাগতিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে আসা তিন বন্ধুর দলটি। একের পর এক প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাঁরা বগলদাবা করে নেন ক্রেস্টসহ তিন হাজার মার্কিন ডলার (প্রায় আড়াই লাখ টাকা)।‘তাই আমি একটু বেশিই খুশি হয়েছি। কারণ, কোনো প্রতিযোগিতায় অংশ নিয়ে এটাই আমার প্রথম বিজয়।’ বলেন বিজয়ী দলের সাদমান।ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে রানার আপ হিসেবে দেড় হাজার ডলার পুরস্কারটি ছিল ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) দলের।সিটিব্যাংক এনএ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ জানান, ‘দেশের বিজনেস স্কুলের শিক্ষার্থীদের ব্যবসা ও অর্থনীতিবিষয়ক জ্ঞান বৃদ্ধিতে সহায়তা ও প্রতিযোগিতার মাধ্যমে প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে আমাদের এই আয়োজন।’২ ডিসেম্বর শুরু হওয়া এ প্রতিযোগিতায় আরও অংশ নেয় নর্থসাউথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১২টি দল। মোট তিন পর্বের এ প্রতিযোগিতার মাধ্যমে ফাইনালে আসে আইইউবি এবং আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজয়ী দলের সাদমান সাফাত জানালেন প্রতিযোগিতায় আসা প্রসঙ্গে, ‘আমরা মূল পর্বের আগেই এক ধাপ প্রতিযোগিতা করেছি বিশ্ববিদ্যালয়ে। সেখানে ইচ্ছুক দলগুলোর ভেতর থেকে সেরা হিসেবে অংশ নিই এ মূল আয়োজনে। তাই আত্মবিশ্বাস বরাবরই ছিল।’ দলের আরেক সদস্য হিশাম হায়দার এর আগেও দেশি-বিদেশি অনেক প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছেন পুরস্কার। নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানাতে গিয়ে বলেন, ‘দেশের অর্থনৈতিক খাত শক্তিশালী করতে নতুন ধারণা নিয়ে কাজ করতে চাই। তবে তার আগে বেশি পড়াশোনার মাধ্যমে একটা ডিগ্রি নেব।’রানার আপ দলের বিবিএ-পড়ুয়া তিন শিক্ষার্থী হচ্ছেন শামায়লা জেসমিন, জহিরুল কাইয়ূম ও রাশেদুজ্জামান। তাঁদের দলটি গঠন করা হয়েছে কাকতালীয়ভাবে। অর্থাৎ তাঁরা কেউ-ই জানতেন না, মূল দলে কোন তিনজন যাচ্ছেন। জহিরুল জানান, ‘প্রতিযোগিতার আগে আমাদেরও দল নির্বাচনে ছিল আরেক প্রতিযোগিতা। যেখানে বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আমরা তিনজন শেষ অব্দি নির্বাচিত হই। ভেবেছিলাম, আমরাই হব সেরা।’তবে সেরা হতে না পারলেও রানার আপ হয়েই উচ্ছ্বসিত শামায়লা ও রাশেদুজ্জামানেরা। তাঁদের মতে, ‘প্রতিযোগিতা মানেই তো একজন প্রথম হবে, তাই বলে মন খারাপ নয়। আমরা চাই, এখানে শেখা বিষয়গুলো কাজে লাগিয়ে প্রতিষ্ঠা পাওয়ার মাধ্যমে সেরা হতে।’