দুই শ থেকে আড়াই শ বছর আগে খাতুনগঞ্জে ব্যবসা-বাণিজ্যের গোড়াপত্তন। কিন্তু খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে পালন করল খাতুনগঞ্জের এক শ বছর। কেন এই এক শ বছরের ঘোষণা—এমন প্রশ্নের জবাবে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগির আহমদ প্রথম আলোকে বলেন, ‘ঐতিহাসিক দলিলপত্র ঘেঁটে এক শ বছর আগে “খাতুনগঞ্জ” নামকরণের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া গেছে। এটাকে মাইলফলক ধরে আমরা এগোতে চাইছি।’ খাতুনগঞ্জের এক শ বছর আয়োজনের সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, নানা কারণে খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যের গৌরবোজ্জ্বল ভূমিকা ম্লান হওয়ার পথে। একসময় এখানে কোটি কোটি টাকার লেনদেন হতো বিশ্বাস আর হাতে লেখা চিরকুটের ওপর আস্থা রেখে। এখন অগ্রিম চেক দিয়েও বিশ্বাস ভঙ্গ হচ্ছে। পাওনাদারদের টাকা দিতে না পেরে কিছুদিন আত্মগোপনে চলে যাওয়ার ঘটনাও ঘটছে অহরহ। একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, চাক্তাই-খাতুনগঞ্জকে পরিকল্পিতভাবে সম্প্রসারণের কোনো উদ্যোগ নেই। স্বাধীনতার আগে যে ছোট ছোট গলি-উপগলি ব্যবহার করে ব্যবসা-বাণিজ্য চলছিল, সেই গলি এখনো প্রশস্ত করা হয়নি। অথচ লেনদেন এবং আমদানির পরিমাণ বেড়েছে বহুগুণ। ব্যবসায়ীদের অভিযোগ, আমদানির পরিমাণ বহুগুণ বাড়লেও পণ্য রাখার মতো যথেষ্ট গুদাম গড়ে তোলা হয়নি নগরে। বিভিন্ন বন্ধ শিল্পকারখানার বড় ছাউনিগুলো গুদাম হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখানে স্থান সংকুলান না হওয়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে আমদানি করা পণ্যসামগ্রী কোস্টার জাহাজে করে নিয়ে যাচ্ছে ঢাকা-নারায়ণগঞ্জের দিকে। ফলে খাতুনগঞ্জের ব্যবসা ভাগাভাগি হয়ে যাচ্ছে। এটাও খাতুনগঞ্জের ব্যবসায়ীদের ঢাকামুখো হওয়ার অন্যতম কারণ বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। এ প্রসঙ্গে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব আলম বলেন, ‘খাতুনগঞ্জের ব্যবসায়িক ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে এখানে ব্যবসার সুযোগ-সুবিধা আরও বাড়াতে হবে। গলি-উপগলি প্রশস্ত করে একটি সুনির্দিষ্ট মহাপরিকল্পনার মাধ্যমে খাতুনগঞ্জের অবকাঠামোগত সুবিধা বাড়াতে হবে।’ তিনি বলেন, ‘এক শ বছর উদ্যাপনের মাধ্যমে আমরা খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্য রক্ষার উদ্যোগ নিয়েছি।’