ব্যবসায় প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে জেসিআই
নতুন বছরে নানা সামাজিক ও ব্যবসায় প্রণোদনা কার্যক্রম হাতে নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) চট্টগ্রাম কসমেপলিটন। গত শনিবার নগরের খুলশী ক্লাবে অনুষ্ঠিত সংগঠনের নতুন পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এসব পরিকল্পনার মধ্যে রয়েছে আন্তবিশ্ববিদ্যালয় ব্যবসায় পরিকল্পনা প্রতিযোগিতা, সফল উদ্যোক্তা সম্মাননা, উদ্যোক্তা মেলা, ব্যবসাবিষয়ক গোলটেবিল বৈঠক, দরিদ্র শিশুদের মধ্যে জুতা বিতরণ, তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণ ইত্যাদি।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জসিম আহমেদ। বক্তব্য দেন জেসিআই কেন্দ্রীয় কমিটির সভাপতি সাখাওয়াত হোসেন, জাতীয় নির্বাহী সভাপতি আহমেদ আশফাক রহমান, সহসভাপতি সুমন হাওলাদার প্রমুখ।
এ ছাড়া সভায় সভাপতি নতুন বছরের বাজেট উপস্থাপন করেন। বাজেট নিয়ে আলোচনা করেন বিদায়ী সভাপতি শিহাব মালেক, নতুন পর্ষদের পার্টনারশিপ কমিটির চেয়ারপারসন রাইসুল উদ্দিন, নির্বাহী সহসভাপতি গিয়াস উদ্দিন, সহসভাপতি মো. রানা, সাধারণ সম্পাদক মঈন হোসেন, আইনবিষয়ক সম্পাদক মাসফিক আহমেদ প্রমুখ। পরে সংগঠনের সদস্যদের সম্মতিতে তা পাস হয়।