ব্যবসায় প্রশাসন পড়তে হলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবুজ ঘাসে ভরা মাঠে বসে চুটিয়ে আড্ডা দিচ্ছিলেন নাওয়াজ, সানি, মালিহা, ইরিনা আর ফায়সাল। বিষয় ভবিষ্যৎ-স্বপ্ন, পড়াশোনা আর ক্যারিয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) বিবিএ সর্বশেষ ব্যাচের শিক্ষার্থী ওঁরা। শৈশবে ওঁদের কেউ স্বপ্ন দেখতেন মেডিকেলে পড়ার, কেউ বা আবার বুয়েটে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি, যুগের চাহিদা আর বিশ্বমানের একাডেমিক পরিবেশ ওঁদের নিয়ে এসেছে এখানে। তাই সবার স্বপ্ন এখন আইবিএ ঘিরে।আড্ডার এক ফাঁকে নাওয়াজের কাছ থেকে জানা গেল ব্যবসায় প্রশাসনের প্রেক্ষাপট: বিশ্বায়নের প্রভাবে পরিবর্তিত হচ্ছে পুরোনো ধ্যান-ধারণা, উন্মোচিত হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। জ্ঞানবিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, শিক্ষাব্যবস্থা—সবকিছুতে আসছে পরিবর্তন। দিনে দিনে প্রসারিত হচ্ছে আমাদের অর্থনীতির আকার। কৃষিনির্ভর অর্থনীতি থেকে শিল্পনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি আমরা। বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে বলে চাহিদা বেড়েছে ব্যবসাসংক্রান্ত পড়াশোনার। তাই বিবিএ পড়াকে ক্যারিয়ার গঠনের জন্য অপরিহার্য বলে মনে হলো।একই প্রতিষ্ঠানের এমবিএর শিক্ষার্থী রাকিবুল হাসানের মতে, নিজের পড়াশোনাটা যদি কাজের ক্ষেত্রের সঙ্গে সংগতিপূর্ণ হয়, তাহলে যে কেউ অনায়াসে এক ধাপ এগিয়ে যাবে। আর তাই সমাজবিজ্ঞান থেকে অনার্স করে এমবিএ পড়ছি।ব্যবসায় প্রশাসন কী?বিবিএ ও এমবিএ নামে সুপরিচিত হলেও এর বিষয়বস্তু নিয়ে অনেকের মধ্যেই আছে নানা জিজ্ঞাসা। বিবিএ হলো ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। বাণিজ্যসংক্রান্ত নানা বিষয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এর পাঠ্যক্রম। আর সে কারণেই একে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। যেখানে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিন্যান্স, ব্যাংকিং, মার্কেটিং, হিউম্যান রিসোর্সসহ নানা বিষয়ে ‘মেজর’ করা যায়। কোর্সগুলো চার বছরমেয়াদি।এর মধ্যে প্রায়োগিক জ্ঞানলাভের জন্য ইন্টার্নশিপ করার ব্যবস্থা আছে।আর এমবিএ হলো মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ব্যবসায় প্রশাসনের উচ্চতর পর্যায় এটি। ব্যবসাসংক্রান্ত বিষয় ছাড়াও সামাজিক, অর্থনৈতিক ও উন্নয়নমূলক নানা বিষয় পড়ানো হয় এতে। তবে এমবিএর বিভিন্ন ধরন আছে।নিয়মিত শিক্ষার্থীদের জন্য রয়েছে রেগুলার এমবিএ আর কর্মজীবীদের কথা চিন্তা করে এক্সিকিউটিভ এমবিএর পাঠ্যক্রম তৈরি করা হয়েছে। প্রতিষ্ঠানভেদে এমবিএর সময় এবং প্রয়োজনীয় ক্রেডিটের তারতম্য লক্ষ করা যায়। কোথাও ৪৮, আবার কোথাও ৬০ ক্রেডিটে এমবিএ পড়ানো হয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে একবার শিক্ষার্থী ভর্তি করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বছরে দুই থেকে তিনবার শিক্ষার্থী ভর্তি করে থাকে।পড়ার যোগ্যতাযাঁরা উচ্চমাধ্যমিক বা ‘এ’ লেভেল সম্পন্ন করেছেন, তাঁরা বিবিএ পড়ার জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ভিন্ন ভিন্ন যোগ্যতা চাওয়া হলেও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ন্যূনতম জিপিএ ২.৫ করে মোট ৫ পেলে বিবিএ পড়ার জন্য আবেদন করা যাবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রেও একই শর্ত প্রযোজ্য।এমবিএর ক্ষেত্রেও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন ধরনের যোগ্যতা চায়।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে এমবিএ করতে চাইলে স্নাতক শেষে ভর্তি পরীক্ষা দিয়ে নির্বাচিত হতে হবে। এ ছাড়া এক্সিকিউটিভ এমবিএর জন্য সব ধরনের যোগ্যতার পাশাপাশি প্রয়োজন হবে দুই বা তিন বছরের কর্ম-অভিজ্ঞতা।এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনেও এমবিএ করানো হয়। যাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন, তাঁরা সরাসরি ভর্তি হতে পারবেন এমবিএ কোর্সে। আর যাঁরা অন্য প্রতিষ্ঠান থেকে এসেছেন, তাঁরা ভর্তি পরীক্ষা দিয়ে ইভিনিং প্রোগ্রামে (সান্ধ্যকালীন) ভর্তি হতে পারবেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএতেও এমবিএ করার সুযোগ রয়েছে। তবে এ ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই বিজনেস স্টাডিজ অনুষদের যেকোনো বিষয় বা ব্যবসায় প্রশাসনে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করতে চাইলে যেকোনো ডিসিপ্লিন থেকে স্নাতক সম্পন্ন করলেই ভর্তির জন্য আবেদন করা যাবে। এখানেও ভর্তি পরীক্ষার বৈতরণী পাড়ি দিতে হবে আবেদনকারীকে।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সিকিউটিভ এমবিএ করতে হলে প্রতিষ্ঠানভেদে দুই-তিন বছরের কর্ম-অভিজ্ঞতা চাওয়া হয়। আর রেগুলার এমবিএর জন্য স্নাতক পাস করলেই চলে।খরচপাতিসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ স্বভাবত একটু কম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএতে বিবিএ করতে চার বছরে খরচ পড়বে ৮৫-৯০ হাজার টাকা। এমবিএ করতে খরচ পড়বে ৫০ হাজার টাকা। এক্সিকিউটিভ এমবিএ পড়তে লাগবে ৯০ হাজার টাকা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে বিবিএ ও এমবিএর খরচ এ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিষয়ের কাছাকাছি। তবে ইভিনিং প্রোগ্রামে এমবিএর খরচ অনেকটা বেশি। দুই বছরে দুই লাখ ১০ হাজার টাকা খরচ হবে এতে। তবে খরচের এই হিসাব বর্তমান শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। যেকোনো সময় এটি পরিবর্তন হতে পারে।জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের আদলেই নির্ধারিত।বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের ক্ষেত্রে এই খরচ বিভিন্ন রকম। এখানে অল্প খরচে পড়ার সুযোগ যেমন আছে, তেমনি অনেক প্রতিষ্ঠানের টিউশন ফি আকাশছোঁয়া।কর্মক্ষেত্রে সুযোগঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক গোলাম মোহাম্মদ চৌধুরী বলেন, ‘বর্তমানে চাকরির বাজারে এমবিএ কিংবা বিবিএ পাস শিক্ষার্থীদের চাহিদা বাড়ছে। কারণ কর্মক্ষেত্রে বিগত দিনের গ্র্যাজুয়েটরা তাঁদের যোগ্যতার প্রমাণ রাখতে পেরেছেন। আইবিএ থেকে বিবিএ পাস করেই অনেকে ভালো চাকরি পেয়েছেন। সত্যি বলতে কি আইবিএর একজন গ্র্যাজুয়েটের জন্য একাধিক চাকরি অপেক্ষা করে থাকে।’ তাই মানসম্পন্ন প্রতিষ্ঠান থেকে বিবিএ-এমবিএ করা উচিত বলে মনে করেন তিনি।আইবিএ থেকে বিবিএ শেষে একটি বহুজাতিক ব্যাংকে করপোরেট ব্যাংকিং বিভাগে কাজ করছেন আশফাক আহম্মেদ। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল বুয়েটে পড়ব। ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে সেটাই সবচেয়ে সহায়ক হবে বলে ভেবেছিলাম। কিন্তু একটা পর্যায়ে এসে পরিবর্তন এল চিন্তাধারায়। সেই চিন্তা থেকেই ভর্তি হলাম আইবিএর বিবিএতে। আমার সেই সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ আজকের এই অবস্থান।’বর্তমানে চাকরির বাজারে ব্যবসায় প্রশাসন থেকে উত্তীর্ণ গ্র্যাজুয়েটরা ভালো করছেন। বিশেষ করে বহুজাতিক কোম্পানিগুলোতে তাঁরা অগ্রাধিকার পাচ্ছেন। ব্যাংক, বিমা, লিজিং ফার্মসহ নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান ও টেলিকমিউনিকেশন সেক্টরেও একচেটিয়ে প্রাধান্য তাঁদের।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষক ফারজানা লালাক বলেন, বর্তমানে বেশির ভাগ প্রতিষ্ঠান চাকরির ক্ষেত্রে বিবিএ ও এমবিএ পাস করা শিক্ষার্থীদের অগ্রাধিকার দিচ্ছে।যোগাযোগপ্রতিটি বিশ্ববিদ্যালয়ে রয়েছে নিজস্ব ওয়েবসাইট। যেখান থেকে আপনি ভর্তিসংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।ঢাকা বিশ্ব্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইবিএর ওয়েবসাইটের ঠিকানা হলো যথাক্রমে www.iba-du.edu , www.iba-ju.edu ও www.iba-raj-edu। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজনেস স্টাডিজ অনুষদের ওয়েবসাইট হলো www.univdhaka.edu। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে আলাদা ওয়েবসাইট। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নর্থ সাউথ, ব্র্যাক, আইইউবি, এআইইউবির ওয়েবসাইটগুলো হলো যথাক্রমে www.northsouth.edu, www.bracuniversity.net, www.iub.edu.bd ও www.aiub.edu।