ব্যবসায় মন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনের টানা বর্ষণে ও জোয়ারের পানিতে চট্টগ্রামের পাইকারি ব্যবসাকেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জের রাস্তাঘাট ডুবে গেছে। ইতিমধ্যে কিছু ব্যবসাপ্রতিষ্ঠান ও পণ্যগুদামে পানি ঢুকে পড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আরও বহু ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ক্ষতি এড়াতে অনেকে আড়তে পণ্য ওঠানো কমিয়ে দিয়েছেন। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানায়, সৃষ্ট নিম্নচাপের কারণে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি দুই থেকে চার ফুট বাড়তে পারে। আজ রোববারও এ প্রবণতা থাকতে পারে বলে জানা গেছে। এ প্রসঙ্গে চাক্তাই ধান-চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, গত শুক্রবার রাস্তায় জোয়ারের পানি ওঠায় আমরা আতঙ্কে আছি। জোয়ারের পর পানি সরে গেলেও বর্ষণ অব্যাহত থাকলে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এ পরিস্থিতিতে মোকাম থেকে পণ্যের সরবরাহ কমে গেছে। ব্যবসায়ীরা জানান, জোয়ারের পানি বাড়লে চাক্তাই-খাতুনগঞ্জের নিচু এলাকায় রাস্তার পাশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে পানি ওঠে। গত বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে সৃষ্ট জলাবদ্ধতার কারণে অনেক গুদাম ব্যবসাপ্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ে। এতে বিপুল পরিমাণ খাদ্যশস্য ও অন্যান্য সামগ্রী নষ্ট হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা। এবার বর্ষণ অব্যাহত থাকায় এসব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য বিক্রি কমে গেছে। টানা বর্ষণের কারণে গ্রামাঞ্চল থেকে আগের মতো খুচরা ব্যবসায়ীরাও আসছেন না। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. নুরুল আলম প্রথম আলোকে বলেন, জোয়ারের পানিতে ভিজে চাল, গম, চিনিসহ ভোগ্যপণ্য নষ্ট হচ্ছে। এ জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন।ব্যবসায়ীরা জানান, গত বছরের তিক্ত অভিজ্ঞতা থেকে অনেক ব্যবসায়ী তাঁদের প্রতিষ্ঠানের পণ্য রাখার স্থান উঁচু করেছেন। যাঁরা এই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারেননি, টানা বর্ষণ তাঁদের আতঙ্কিত করে তুলেছে।