কাজেই উজ্জ্বল
ব্যবসায় সৎ থাকলে, ক্রেতার আস্থা অর্জন করা যায়
প্র নারীমঞ্চের নতুন আয়োজন ‘কাজেই উজ্জ্বল’। চলতি সপ্তাহে শুরু হওয়া মাসিক এই আয়োজনের সহযোগী ‘গ্লো অ্যান্ড লাভলী’। গত ২৯ জুন প্রথম পর্বে প্রকাশিত হয়েছে রাজশাহীর তরুণ উদ্যোক্তা আফসানা আকতারের কথা। তিনি চাকরি ছেড়ে উদ্যোক্তা হয়েছেন। খাঁটি পণ্য পৌঁছানোর প্রত্যয়ে গড়ে তুলেছেন ‘কিষাণী’ নামের প্ল্যাটফর্ম। তাঁকে নিয়েই গতকাল প্রথম আলোর ফেসবুক পেজে সম্প্রচার হয়েছে লাইভ অনুষ্ঠান। উপস্থাপনা করেছেন শাকিলা হক। অনুষ্ঠানটির চুম্বক অংশ নিয়ে এই প্রতিবেদন।
অনুষ্ঠানের শুরুতে অতিথি আফসানা আকতারের কাছে জানতে চাওয়া হয়েছিল, ইংরেজি সাহিত্যে পড়াশোনা করে শিক্ষকতা চাকরির মতো নিরাপদ একটি আয়ের উৎস ছেড়ে দিয়ে উদ্যোক্তা হলেন কেন? আফসানা আকতার বলছিলেন, ‘রাজশাহীতে থাকার কারণে আমের মৌসুমে বিভিন্ন জেলার আত্মীয়স্বজন এবং শিক্ষকদের কাছে প্রচুর আম পাঠাতে হতো। একবার এক শিক্ষক পরামর্শ দিলেন, এভাবে না পাঠিয়ে বাণিজ্যিক রূপ দিতে। আত্মীয়স্বজন ছাড়া অন্যরাও নেওয়ার সুযোগ পেল। ভেজাল পণ্যের ভিড়ে ক্রেতারা খাঁটি জিনিসের স্বাদ পাবেন। সেখান থেকেই মূলত “কিষাণী”র যাত্রা শুরু। বলা যায় আমার উদ্যোক্তা জীবনের শুরু।’
‘কিষাণী’ নামটি বেছে নেওয়ার প্রসঙ্গে আফসানা বলেন, ‘আমার পূর্বপুরুষ কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। যে পুরুষ মাঠে কাজ করেন তিনি কৃষক। আমি নারী, আমি মাঠে কাজ করছি তবে আমি কেন কিষানি নই!’
‘কিষাণী’র যাত্রা শুরু এবং এর পণ্যগুলোর বিক্রির প্ল্যাটফর্ম সম্পর্কে আফসানা বলেন, ‘২০১৬ সালে “কিষাণী”র যাত্রা শুরুর পর ২০১৯ পর্যন্ত মেসেঞ্জারে আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে পণ্য পাঠাতাম। এরপর ২০২০ সালে এসে ফেসবুকে “কিষাণী” নামে একটি পেজ খোলা হয়। সেখান থেকেই এখন পণ্য পাঠানো হয়।’
কত ধরনের পণ্য নিয়ে কাজ করছে আফসানার ‘কিষাণী’? জানতে চেয়েছিলেন উপস্থাপক। আফসানা জানান, ৯ ধরনের পণ্য নিয়ে তিনি কাজ করছেন। এর মধ্যে রয়েছে রাজশাহীর আম, কুমড়া বড়ি, মধু, সর্ষের তেল, ঘি, নারকেল তেল, খুলনার চুইঝাল, শ্রীমঙ্গলের চা-পাতা ও আত্রাইয়ের নন্দীগ্রামের খেজুরগুড়।
চাষ করা মধু যখন জনপ্রিয়, সেখানে প্রাকৃতিক মধু কীভাবে সংগ্রহ করে বিক্রি করেছেন? আফসানা বলেন, ‘রাজশাহীতে আমার ১৬ জন সহকর্মী রয়েছেন। তাঁরা খুঁজে খুঁজে মৌচাকের সন্ধান দেন আমাকে। তারপর নিজে উপস্থিত থেকে চাক ভাঙিয়ে মধু সংগ্রহ করি। এর কারণ, যাতে মধুতে ভেজাল মেশানোর কোনো সুযোগ না থাকে।’
তরুণ উদ্যোক্তাদের জন্য তাই আফসানার পরামর্শ, ‘পণ্যের গুণগত মান বজায় রাখলে, ব্যবসায় সৎ থাকলে, ক্রেতার আস্থা অর্জন করা যায়।’