বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ থেকেই মোশতাবশেরা আলম স্বপ্ন দেখেন একজন উদ্যোক্তা হওয়ার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ফিন্যান্স বিভাগের এই শিক্ষার্থীর চোখে-মুখে তাই সব সময় একজন উদ্যোক্তা হওয়ার ছায়া। ৩১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের এমনই শতাধিক শিক্ষার্থী অংশ নেন ‘দ্য ভয়েস অব বিজনেস উইক’ আয়োজনে। দুই দিনব্যাপী নানা ধরনের আয়োজন ছিল এই অনুষ্ঠানে। ব্যবসাজগতের নানা বিষয় নিয়ে বিভিন্ন সেমিনার, কর্মশালার আয়োজন করা হয় এই উৎসবে।প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও উদ্যোক্তাদের কাছ থেকে তাঁদের সফলতার গল্প শুনতে পেরে বেশ উৎসাহী শিক্ষার্থীরা। বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হক, এশিয়াটিক ৩৬০-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সারা যাকের, মোহাম্মাদি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, বিজ্ঞাপনী সংস্থা এডকমের প্রধান নির্বাহী গীতি আরা সাফিয়া চৌধুরীর কাছ থেকে তাঁদের সফলতার কথা বেশ মনোযোগের সঙ্গে গুরুত্ব দেন শিক্ষার্থীরা। গুগল বাংলাদেশের পরামর্শক কাজি মনিরুল কবিরের কাছে বাংলাদেশের গুগলের কার্যক্রম জানতে পেরে ইন্টারনেট-নির্ভর ব্যবসা করতে উৎসাহ দেখান অনেক শিক্ষার্থী।ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী আসমা উল হুসনা বলেন, ‘চোখের সামনে এমন সব খ্যাতিমান ব্যবসায়ী ও নারী উদ্যোক্তাকে দেখে ভবিষ্যতে কিছু করার উৎসাহ পাই। তাঁদের দেখানো পথকে অনুসরণ করতে চাই।’ আসমার মতোই নুরে নাজমিন, সাবরিনা রহমান, আরেফিন আজম, শারমিন সুলতানা, পাপিয়া আফরিনও অংশ নেন এই উৎসবে। আয়োজকদের একজন বুশরা হুমাইরা বলেন, ‘আমরা নিয়মিতভাবেই এমন আয়োজন করে থাকি। শিক্ষার্থীরা যেন ব্যবসাজগতের নানা বিষয়, আলোচিত ব্যক্তিদের কাছ থেকে সরাসরি নানা প্রশ্নের উত্তর জানতে পারে, তার জন্যই এমন আয়োজন।’বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের নিয়মিত প্রকাশনা ‘দ্য ভয়েস অব বিজনেস’-এর নতুন সংখ্যা এই উৎসবে প্রকাশিত হয়।