ব্যবসায়ীদের চোখ টিভির পর্দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা দেখা বা শোনার জন্য ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রেখেছেন। নিজ নিজ সংগঠন কিংবা কার্যালয়ে বসে ব্যবসায়ী নেতারা একসঙ্গে বসে বাজেট বক্তৃতা শুনতে চান। তাৎক্ষণিকভাবে বাজেটের নানা দিক পর্যালোচনা করে প্রতিক্রিয়া জানানোর জন্যও প্রস্তুতি আছে ব্যবসায়ী নেতাদের। বাজেটে নিজেদের সুপারিশের প্রতিফলন ঘটছে কি না, সেদিকে নজর থাকবে নিজ নিজ ব্যবসায়ী সংগঠনগুলোর।চট্টগ্রামের ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা সংগঠনের মিলনায়তনে বসে বাজেট বক্তৃতা শোনেন। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে প্রস্তাবিত বাজেটের মূল্যায়ন করেন। এবার বাজেটে বাস্তবায়নের জন্য এই সংগঠনের সুপারিশের সংখ্যা ১১১টি। অনেক আগেই জাতীয় রাজস্ব বোর্ডে এসব সুপারিশ পাঠিয়েছে চেম্বার। দেশীয় শিল্প-কারখানাকে অগ্রাধিকার দিয়ে কাঁচামাল ও তৈরি পণ্যের শুল্কহার পুনর্বিন্যাস এবং শিল্প-কারখানার আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজ করার প্রস্তাবনা এসব সুপারিশে তুলে ধরা হয়েছে। এসব সুপারিশের মধ্যে কতগুলো বাস্তবায়িত হচ্ছে, তাই দেখার আগ্রহ নিয়ে টিভি দেখবেন সংগঠনের নেতারা। চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘সবাই একসঙ্গে চেম্বার মিলনায়তনে বসে বাজেটের বক্তৃতা শুনব। তবে আমাদের প্রধান নজর হচ্ছে, এবারের বাজেটে বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রাম কী পাচ্ছে?’ তিনি বলেন, ‘ব্যবসাবান্ধব বাজেট হচ্ছে কি না, আমদানি-রপ্তানি খাতে সুযোগ-সুবিধা বা প্রক্রিয়ায় সহজীকরণের কোনো নির্দেশনা আছে কি না, ট্রানজিট সামনে রেখে বন্দরের অবকাঠামো খাত সম্প্রসারণে নতুন কোনো নির্দেশনা আছে কি না—এসব বিষয় প্রাধান্য পাবে। আমাদের পাঠানো ১১১টি সুপারিশের কতটি বাস্তবায়িত হচ্ছে, সেটিও দেখার আগ্রহ রয়েছে আমাদের।’তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর নেতারাও সংগঠনের কার্যালয়ে বসে বাজেট বক্তৃতা শুনবেন। সংগঠনের প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘সময়-সুযোগ বুঝে বিজিএমইএ কার্যালয়ে বসে বাজেট বক্তৃতা শোনার চেষ্টা করি। বাজেটে আমাদের সবসময় আগ্রহ থাকে অবকাঠামো খাতে সরকারের নীতি কী হচ্ছে, তা দেখার।’চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসায়ীদের নজর থাকবে পণ্য আমদানি প্রক্রিয়ায় বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর হচ্ছে কি না সে দিকে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহমেদ প্রথম আলোকে বলেন, ‘খাতুনগঞ্জের ব্যবসায়ীদের নজর থাকবে ব্যাংকের সুদের হার কমানোর ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি না। সরকার ব্যাংক থেকে যেভাবে ঋণ নিচ্ছে সেটি সহনীয় পর্যায়ে আসছে কি না, সে ব্যাপারেও আগ্রহ রয়েছে এখানকার ব্যবসায়ীদের।’ তিনি বলেন, ‘মার্কিন ডলারের বিনিময়মূল্য কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে এমন নির্দেশনা আসবে—এমনটিই চান এখানকার ব্যবসায়ীরা। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে বন্দর ও শুল্ক বিভাগের প্রক্রিয়াগুলো যেন সহজীকরণ হয় এবং খরচ কমে এমন নির্দেশনা পেতে চাই আমরা।’প্রতিবছর বাজেটকে ঘিরে গাড়ি ব্যবসায়ীদের মধ্যে আগ্রহ বেশি থাকে। কারণ, গাড়ির শুল্ক-কাঠামো প্রতিবছর পরিবর্তন হয়। এবার গাড়ি ব্যবসায়ীদের আগ্রহ যেন একটু বেশিই। কারণ, নতুন ও পুরোনো গাড়ির শুল্ক বৈষম্য নিয়ে একবার ব্যবহূত গাড়ি আমদানিকারকেরা এবার সোচ্চার ছিলেন। তাঁদের দাবির বিষয়টি বাজেটে প্রতিফলিত হচ্ছে কি না তা দেখতে চান এই খাতের ব্যবসায়ীরা। একসঙ্গে বাজেট বক্তৃতা শুনতে বারভিডার সহসভাপতি হাবিবুর রহমান চট্টগ্রাম থেকে ঢাকায় চলে গেছেন। তিনি বুধবার প্রথম আলোকে বলেন, ‘বারভিডা কার্যালয়ে বসে সবাই একসঙ্গে বাজেট বক্তৃতা শুনব। বাজেট বক্তৃতায় আমাদের নজর শুধু নতুন-পুরোনো গাড়ির শুল্ক বৈষম্য কমানো হচ্ছে কি না সেদিকে।’ তিনি বলেন, ‘২০০৭ সালের মডেলের পুরোনো যে গাড়ির শুল্ক দিতে হয় ১৫ লাখ টাকা, ২০১২ সালের মডেলের নতুন একই গাড়ির শুল্ক দিতে হয় ১১ লাখ টাকা। আমাদের নজর এই বৈষম্য দূর হচ্ছে কি না সেদিকে।’