ব্যবসায়ীদের দুঃখ চাক্তাই খাল
নিম্নচাপের প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে দেশের প্রধানতম বাণিজ্য কেন্দ্র চাক্তাই-খাতুনগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীরা ক্ষয়ক্ষতি কয়েক শ কোটি টাকা বলে দাবি করছেন। এর আগে ১৯৯১ সালের ২৯ এপ্রিল ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে এ এলাকার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। চাক্তাই খালের কারণেই বার বার এত ক্ষতির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। চাক্তাই খাল তাঁদের কাছে যেন দুঃখ। অমাবস্যা-পূর্ণিমার ভরা জোয়ারে কিংবা সামান্য ঝড়-ঝাপটা হলেই চাক্তাই খাল উপচে পানি উঠে যায় খাতুনগঞ্জ ও চাক্তাই এলাকায়। প্রতিবারই কিছু কিছু দোকানদার ক্ষতিগ্রস্ত হন। দীর্ঘদিন ধরে এ সমস্যায় দিনাতিপাত করছেন ব্যবসায়ীরা। তবে গত বৃহস্পতিবার ও শুক্রবারের নিম্নচাপের কারণে সমুদ্র ফেঁপে ওঠায় এবারের ক্ষতিটা বেশি হয়ে গেল। ভোগ্যপণ্যের ব্যবসায় এর ব্যাপক প্রভাব পড়বে বলে ব্যবসায়ীরা জানান। চাক্তাই খালসহ নগরের জলাবদ্ধতা নিরসনে দীর্ঘদিন ধরে কার্যকর কিংবা স্থায়ী কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই এ পরিস্থিতি হচ্ছে বলে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে। এমন অবস্থা হলে বাণিজ্যকেন্দ্রটি রক্ষার জন্য বিকল্প চিন্তার প্রয়োজন রয়েছে বলেও ব্যবসায়ীরা মনে করেন। নইলে বার বার এ রকম অপ্রত্যাশিত ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। এ প্রসঙ্গে চট্টগ্রাম চেম্বারের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ ছগীর আহমদ প্রথম আলোকে বলেন, ‘১৯৯১ সালে যে ক্ষতি হয়েছিল তা ভয়াবহ ছিল। এবারের ক্ষয়ক্ষতিও তার চেয়ে কোনো অংশে কম নয়। কারণ এখন বাজারে পণ্যের মজুদ আগের চেয়ে বেড়েছে।’ তিনি আরও বলেন, চাক্তাই খাল ও কর্ণফুলী নদীর নাব্যতা ফিরিয়ে আনার উদ্যোগ জরুরি। নইলে এখান থেকে ব্যবসায়ীদের ব্যবসা গুটিয়ে নিতে হতে পারে। কারণ প্রাকৃতিক এ ক্ষতি অনেক ব্যবসায়ী পুষিয়ে উঠতে পারবেন না।ব্যবসায়ীদের অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশন প্রতি বছর বর্ষা মৌসুমে চাক্তাই খাল খননের উদ্যোগ নিয়ে থাকে। কিন্তু এটা স্থায়ী কোনো ব্যবস্থা নয়। বৃষ্টির পাশাপাশি জলোচ্ছ্বাসের কবল থেকে চাক্তাই-খাতুনগঞ্জসহ রক্ষার জন্য নগরের বিভিন্ন খালে স্লুইসগেট নির্মাণেরও দাবি জানান তাঁরা।এ প্রসঙ্গে চাক্তাই চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম বলেন, ‘সিটি মেয়রের কাছে আমরা বার বার চাক্তাই-খাতুনগঞ্জ রক্ষার জন্য আবেদন জানিয়ে আসছি। আমরা চাক্তাই খাল খননসহ খালের নদীমুখে একটি সু্লইসগেট নির্মাণের দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু সে ব্যাপারে উদ্যোগ নেননি কেউ। ফলে এ ক্ষতির সম্মুখীন হতে হলো।’এবারের নিম্নচাপে শুধু চালপট্টিতে ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। সাম্প্রতিক নিম্নচাপজনিত জলোচ্ছ্বাসে দেখা গেছে, চাক্তাই খাল উপচে পানি চাক্তাই ও খাতুনগঞ্জের সড়ক ডুবে প্রতিটি আড়ত ও দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের চাল, মসলা, ডাল, মরিচসহ সব পণ্য পানিতে একাকার হয়ে যায়। জানা গেছে, চাক্তাই খালের মোহনায় একটি করাতকলের কারণে মুখটা ভরাট হয়ে গেছে। সেই সঙ্গে কর্ণফুলীর নাব্যতাও কমে গেছে। যার কারণে একটু বেশি বৃষ্টি হলেই চাক্তাই খাল দিয়ে পানি উপচে সড়ক ও দোকানে ঢুকে পড়ে। তাই ব্যবসায়ীরা এ খালের স্থায়ী সমাধান চাইছেন।সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, চাক্তাই খালসংশ্লিষ্ট জলাবদ্ধতা নিরসনের স্থায়ী সমাধানের এখনো কোনো উদ্যোগ নেই। সাময়িকভাবে নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি করপোরেশন আগামী নভেম্বর থেকে কাজ শুরু করবে বলে জানা গেছে। সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর বিজয় কিশান চৌধুরী বলেন, ‘নগরের জলাবদ্ধতা নিরসনে ২০ বছর ধরে কাজ হয়েছে। কিন্তু এর স্থায়ী কোনো সমাধান হয়নি। সিটি করপোরেশনের সামর্থ্য সীমিত। স্থায়ী সমাধানের জন্য খাল খনন, স্লুইসগেট নির্মাণ, নালা বড় করাসহ বড় প্রকল্প হাতে নিতে হবে। কিন্তু এজন্য দরকার তহবিল।’তিনি আরও বলেন, ‘আমরা নভেম্বর থেকে জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে একটি প্রকল্পের কাজে হাত দেব। এতে ৩০ শতাংশ জলাবদ্ধতা নিরসন হবে বলে জানা গেছে।’