চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ীরা দুভাগে বিভক্ত হয়ে গেছেন। এতে যুক্ত হয়েছেন নবগঠিত মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতারাও। এ কারণে দীর্ঘদিন পর চেম্বারের নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। আগামী মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিভাগ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্বাচন স্থগিত করা হয়েছে।আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ভোটার তালিকা এবং নির্বাচন সংশ্লিষ্ট অভিযোগসমূহ একটি কমিটির মাধ্যমে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যবসায়ী সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে দুটি প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। একপক্ষে লড়ছে বর্তমান সভাপতি এম এ লতিফের নেতৃত্বাধীন চট্টগ্রাম চেম্বার পরিষদ। অপরপক্ষে লড়ছেন সাবেক সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নেতৃত্বাধীন চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদ। আগে জাবেদ ও লতিফ এক প্যানেলে ছিলেন বলে জানা গেছে। নানা কারণে তাঁদের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়ায় এখন দুজন দুদিকে চলে গেছেন। যদিও এ নির্বাচনে প্রার্থীদের চেয়ে চট্টগ্রাম চেম্বারের বর্তমান সভাপতি লতিফ ও সাবেক সভাপতি জাবেদের মধ্যে লড়াই হিসেবে দেখছেন অনেকে। তাঁরা নেতৃত্ব দিলেও দুজনের কেউ লড়ছেন না নির্বাচনে। নিয়মানুযায়ী এম এ লতিফের এবার নির্বাচন করার সুযোগ নেই। তবে সাইফুজ্জামান চৌধুরীর নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকলেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না। চেম্বার নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ীরা দুভাগ হয়ে গেছেন। চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ীদের কেউ কেউ প্রকাশ্যে প্রচারণায়ও নেমেছেন। কেউবা প্রচারণায় না নামলেও সমর্থন দিচ্ছেন। নির্বাচনী প্রচারণার শুরুতে এম এ লতিফের পক্ষে সরাসরি প্রচারণা চালিয়েছেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একাধিক ব্যবসায়ী নেতা। এ প্যানেলের প্রার্থীদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমর্থন দিতে আওয়ামী লীগের তিনটি পক্ষ একমঞ্চে চলে এসেছেন বলে জানা গেছে। আর সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে এম এ লতিফবিরোধী ব্যবসায়ী নেতারা সমর্থন দিয়ে যাচ্ছেন। এঁদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিতর্কিত নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত এরশাদ উল্লাহও রয়েছেন। নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের দুভাগ হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী পরিষদের প্রধান সমন্বয়কারী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি প্রথম আলোকে বলেন, এর মাধ্যমে চট্টগ্রাম চেম্বারের নেতৃত্বে আরও গতিশীলতা আসবে।এম এ লতিফের মতে, সত্যিকার নির্বাচনের পরিবেশ এবার সৃষ্টি হয়েছে, ফলে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। লতিফের প্যানেলের কয়েকজন ব্যবসায়ী জানান, আগে নির্বাচনের নামে সমঝোতার মাধ্যমে চেম্বারের নেতৃত্ব নির্ধারণ করা হতো। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, সত্যিকার নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের নেতৃত্ব নির্ধারণের সুযোগ সৃষ্টি হয়েছে। এটাকে কাজে লাগাতে হবে। আসলে আগে একক ব্যক্তির কাছে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চেম্বারের প্রত্যক্ষ ও পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে। এবারের নির্বাচনে তা ভাঙতে হবে। নির্বাচনের আগেই দুটি গ্রুপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ছয়জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এখন ৩৮ জন প্রার্থী থেকে ১৮ জন পরিচালক নির্বাচন করবেন ছয় হাজার ৬১২ ভোটার। মোট ২৪ জন পরিচালক থেকে নির্বাচিত হবে একজন সভাপতি এবং একজন করে জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি।