চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২২০টি লাইসেন্সকৃত হোটেল-রেস্তোরাঁ ও ২৭টি মিষ্টির দোকান রয়েছে। কিন্তু লাইসেন্সবিহীন হোটেল-রেস্তোরাঁর সংখ্যা এর পাঁচ গুণ। বৈধ লাইসেন্সধারী ও লাইসেন্সবিহীন সব খাবারের দোকানই অনেকটা প্রশাসনের তদারকির বাইরে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও রান্না হলেও, লোকবলের অভাবে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ফলে উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অপরাধে শতাধিক প্রতিষ্ঠানকে গত এক বছরে নোটিশ দেওয়া হয়েছে। মামলা হয়েছে ১২টির বিরুদ্ধে। কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সম্ভব হচ্ছে না। প্রথম শ্রেণীর এই পৌরসভায় একজন খাদ্য মাননিয়ন্ত্রকের পদ থাকলেও দীর্ঘদিন ধরে তা শূন্য। বর্তমানে মাত্র একজন স্যানিটারি পরিদর্শক এই প্রতিষ্ঠানগুলো দেখভাল করছেন। তাৎক্ষণিকভাবে খাদ্য পরীক্ষার জন্য তাঁর কাছে নেই কোনো প্রযুক্তি।
সরেজমিনে পটিয়ার বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, মিষ্টি ও চায়ের দোকানে গিয়ে দেখা গেছে, দোকানের পেছনে ময়লার স্তূপ থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে। নোংরা ও অস্বাস্থ্যকর রান্নাঘরে চলছে খাবার তৈরি। দোকানের সামনে খোলা পরিবেশে রাখা খাবারে মশা-মাছি উড়ছে। পড়ছে ধুলোবালি। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব খাবার খাচ্ছে লোকজন।
একাধিক দোকানের কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, খাবার মজাদার করার জন্য ক্ষতিকর রাসায়নিক মনো সোডিয়াম গ্লুটামেট (টেস্টিং সল্ট) ও খাবারকে আকর্ষণীয় করতে কৃত্রিম ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নতুন তৈরি খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় পচা ও বাসি খাবার।
পচা-বাসি ও রাসায়নিকযুক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন চিকিৎসকেরা।
এতে সাধারণ মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খোরশেদ আলমের বলেন, ‘ময়লা ও বাসি খাবার খেলে পেটের পীড়া, ডায়রিয়া, আলসার, টাইফয়েড ও জন্ডিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। বারবার ব্যবহার্য তেল ও রাসায়নিক দিয়ে তৈরি খাদ্য ক্যানসার, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগের ঝুঁকি বাড়ায়।’
ভেজালবিরোধী অভিযান নিয়ে পটিয়া উপজেলা স্যানিটারি পরিদর্শক শাহে এমরান অসয়হায়ত্ব প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘উপজেলায় প্রায় আড়াই শ-এর মতো লাইসেন্সকৃত হোটেল-রেস্তোরাঁ ও মিষ্টির দোকান রয়েছে। এসব দোকানের খাবার তদারকি করা একজন লোকের পক্ষে সম্ভব নয়।
অপরিষ্কার ও নোংরা পরিবেশের ব্যাপারে মামলা ও নোটিশ দেওয়া ছাড়া আমার আর কোনো ক্ষমতা নেই। নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভাবে গত এক বছরে পটিয়ায় কোনো ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যায়নি।’