ব্যবস্থা নেওয়া হচ্ছে দুই শিক্ষকের বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন ছুটিতে থাকায় এবং চিঠি পেয়েও কাজে যোগ না দেওয়ায় দুই শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নিচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দুই দফা চিঠি ও নোটিশ দিলেও তাঁরা জবাব দেননি।অভিযুক্ত দুই শিক্ষক হলেন ফলিত পদার্থবিদ্যা, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আশাদ কবির ও ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম মোসলেহ উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে জানা যায়, দুই শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধির ৮(২) ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এ জন্য তাঁদের চাকরিচ্যুত করা হতে পারে বলে জানা গেছে।এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সফিউল আলম প্রথম আলোকে বলেন, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় দুই শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। চাকরিতে যোগদানের জন্য তাঁদের কয়েক দফা চিঠি দেওয়া হলেও কেউ উত্তর দেননি। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে উত্তর না দিলে তাঁদের বিরুদ্ধে সিন্ডিকেটের সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সফিউল আলম বলেন, চাকরিচ্যুত করা হলে দুই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের সব পাওনা ফেরত দিতে হবে।অনুসন্ধানে জানা যায়, ফলিত পদার্থবিদ্যার শিক্ষক আশাদ কবির স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার জন্য ২০০৬ সালের ১৩ আগস্ট শিক্ষা-ছুটির অনুমতি নিয়ে কোরিয়ায় যান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে ২০০৯ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত আড়াই বছরের ছুটি মঞ্জুর করেন। তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি। এরপর তিনি পিএইচডি কোর্সে অধ্যয়নের জন্য ফ্রান্স ও পরে অস্ট্রেলিয়ায় চলে যান। অভিযোগ রয়েছে, তিনি কোনো অনুমতি না নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম থেকে বাইরে আছেন। অবশ্য স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি শিক্ষা-ছুটির মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ তাঁর এ আবেদন মঞ্জুর করেনি। জানা যায়, কর্তৃপক্ষ কাজে যোগদানের জন্য তাঁকে ২০১০ সালের ২৩ অক্টোবর ও ২০১১ সালের ১৩ মার্চ দুই দফা চিঠি প্রদান করে। সর্বশেষ কর্তৃপক্ষ তাঁকে চাকরিতে যোগদানের জন্য নোটিশ দিয়ে ৩০ মে বিভিন্ন দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করে।এদিকে ইতিহাস বিভাগের শিক্ষক মোসলেহ উদ্দিন তিন মাসের অর্জিত ছুটি নিয়ে ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। তিন বছর পার হলেও তিনি বিশ্ববিদ্যালয়ের চাকরিতে যোগ দেননি। তাঁকেও চূড়ান্ত নোটিশসহ দুই দফা চিঠি দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ইতিহাস বিভাগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রথম আলোকে বলেন, বিভাগের শিক্ষক মোসলেহ উদ্দিন তিন মাসের ছুটি নিয়ে তিন বছরেও ফিরে আসেননি।