জ্বালানি তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানির তেল বিতরণসহ বিভিন্ন স্তরে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধান অব্যাহত রেখেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিশেষ করে জ্বালানি তেল বিতরণে কারসাজি ও বহির্নোঙরে বিদেশি জাহাজে বাংকারিং (জ্বালানি সরবরাহ) নিয়ে যমুনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। দুদক এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে বলে জানা গেছে। জানা যায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে বাংকারিং করার এখতিয়ার কেবল যমুনার রয়েছে। অভিযোগ রয়েছে, বিদেশি জাহাজে বাংকারিং কমিয়ে দিয়ে যমুনা অয়েল রাষ্ট্রকে বৈদেশিক মুদ্রা তথা ডলার আয় থেকে বঞ্চিত করেছে। গত অর্থবছর ও এর আগের অর্থবছরে বিদেশি জাহাজে বাংকারিং কমিয়ে দেয় যমুনা। এতে এক অর্থবছরে পাঁচ কোটি ডলারের বেশি আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্র। এ বিষয়ে মন্ত্রণালয় তদন্ত করে এবং দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে সক্ষম হয়। কিন্তু মন্ত্রণালয়ের প্রতিবেদন ধামাচাপা দিয়ে রাখা হয়। ফলে দোষী ব্যক্তিরা বহাল তবিয়তে থেকে যান। জানতে চাইলে দুদক চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মেজর ফয়সাল পাশা প্রথম আলোকে বলেন, ‘যমুনা অয়েল কোম্পানির বিরুদ্ধে বহির্নোঙরে বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহ কমিয়ে দিয়ে বৈদেশিক মুদ্রা আয় থেকে রাষ্ট্রকে বঞ্চিত করাসহ আরও বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম হওয়ার খবর আমরা পেয়েছি। এসব বিষয়ে আরও অনুসন্ধান চলছে। অন্য কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধেও মামলা করা হবে।’এদিকে ভুয়া বরাদ্দপত্র দিয়ে বিটুমিন উঠিয়ে নেওয়ার অভিযোগে করা ১০টি মামলার কারণে যমুনার সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এতে কিছু ঠিকাদার নতুন করে বিটুমিন ওঠাতে সাহস পাচ্ছেন না বলে জানা গেছে। তবে দুদক সূত্র জানায়, কেবল দোষী ব্যক্তিদের বিরুদ্ধে দুদক মামলা করেছে। নিয়মকানুন মেনে বিটুমিন বা জ্বালানি তুললে দুদক কাউকে হয়রানি করবে না। তবে রাষ্ট্রের ক্ষতি করা হলে দুদক অনুসন্ধান করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। ১০ মামলা: ইতিমধ্যে যমুনার ছয় কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। গত সোমবার নগরের ডবলমুরিং থানায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার কর্মকর্তা বাদী হয়ে ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এসব মামলা করেন। মামলা দায়েরকারী কর্মকর্তারা হলেন দুদক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, উপসহকারী পরিচালক মো. খলিলুর রহমান সিকদার, সাইফুল্লাহ মো. ইমরান ও মো. ফখরুল ইসলাম।মামলার অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট ব্যক্তিরা ভুয়া কার্যাদেশ দিয়ে সাত কোটি ৯৪ লাখ সাত হাজার টাকা দামের নয় হাজার ৮০৩ ড্রাম এবং ৫৫ দশমিক ১৫ মেট্রিক টন বিটুমিন (রাস্তা পাকাকরণের উপাদান) তুলে নিয়েছে। এসব বিটুমিন খোলাবাজারে বিক্রি করে তাঁরা বিপুল অর্থ আত্মসাৎ করেন। এসব কর্মকর্তার বিরুদ্ধে পরস্পর যোগসাজশে কোম্পানির নীতিমালা বহির্ভূতভাবে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া কার্যাদেশ তৈরি ও ব্যবহার করে অসৎ উদ্দেশ্যে বিশ্বাসভঙ্গের মাধ্যমে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়। দুদক চট্টগ্রাম বিভাগের পরিচালক মেজর ফয়সাল পাশা প্রথম আলোকে বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীনে যমুনা অয়েল কোম্পানিতে ভুয়া কার্যাদেশ দিয়ে এই অর্থের সমপরিমাণ বিটুমিন তোলা হয়। সংঘবদ্ধভাবে প্রাতিষ্ঠানিক এই দুর্নীতি করা হয়েছে। অনুসন্ধানে অনিয়ম বেরিয়ে আসায় যমুনা অয়েলের ছয় কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা হলেন যমুনা অয়েল কোম্পানির বিটুমিন বরাদ্দ কমিটির সদস্য ও ডিজিএম (উপমহাব্যবস্থাপক, যন্ত্র) মাহিদুর রহমান, ডিজিএম (জনসংযোগ) মো. মাসুদ করিম, এজিএম (সহকারী মহাব্যবস্থাপক, নিরীক্ষা) মো. খসর আজাদ, এজিএম (কারিগরি সেবা) মো. সবুর খান, ডিএম (উপব্যবস্থাপক, বিক্রয়) মো. আমজাদ হোসেন, ডিএম (বিক্রয়) মো. ইউসুফ খন্দকার।অন্য আসামিরা হলেন মেসার্স মোয়ার্জ এন্টারপ্রাইজের মোশারফ হোসেইন, মেসার্স জামান এন্টারপ্রাইজের নুরুজ্জামান, মাহবুব এন্টারপ্রাইজ, মেসার্স এমআর প্রেস ও মেসার্স বিক্রমপুর পরিবহন সংস্থার মো. মাহবুব হোসেন, মেসার্স এসএ এন্টারপ্রাইজের মো. আলী আশরাফ, মেসার্স জেড আর এন্টারপ্রাইজের মো. সেলিম হোসেন, মেসার্স ইকবাল অ্যান্ড ব্রাদার্স এন্টারপ্রাইজের মো. ইকবাল হোসেন এবং মেসার্স হাসান এন্টারপ্রাইজের মো. হাসান। এই সাতজনই যমুনা অয়েল কোম্পানির ঠিকাদার বলে জানা গেছে।