ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে বাধাই বেশি

উন্নয়নশীল দেশগুলোর জলবায়ুবিষয়ক নারী বিজ্ঞানীদের মধ্যে সেরা ছয়ের একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্য ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) নামের একটি আন্তর্জাতিক সংস্থা সম্প্রতি তাঁকে এ স্বীকৃতি দিয়েছে। এ প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা বলেছেন আসিফ হাওলাদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী
ছবি: সংগৃহীত

অভিনন্দন। স্বীকৃতি পেয়ে কেমন লাগছে?

এটি একটি নতুন দায়িত্ব, নতুন আশা৷ চ্যালেঞ্জও বলা যায়৷ আগে হয়তো আমি আমার মতো করে টিম নিয়ে কাজ করতাম। এখন পুরো পৃথিবী এবং বাংলাদেশের অনেকেই আমার কাজের আপডেট জানতে চাইবেন। জানতে চাইবেন আমি এখন কী করছি, কাজ কত দূর এগোল। পুরস্কার পাওয়ার আগের গবেষক আর পুরস্কার পাওয়ার পরের গবেষক কিন্তু অবশ্যই একটু আলাদা। কিন্তু আমার মনে হয়, আমি কাজগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে করতে পারব। এখানে অবশ্যই অনেক সীমাবদ্ধতাও আছে। তবু গবেষণা অব্যাহত রাখার সর্বোচ্চ চেষ্টা করব।

এখন কী নিয়ে কাজ করছেন?

এমনিতে আমি অ্যাকোয়াটিক সল্যুশন নিয়ে কাজ করতাম। আমার পিএইচডি গবেষণার বিষয় ছিল ‘ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অব বায়োলজিক্যাল মেজারস টু অ্যাসেস দ্য কোয়ালিটি অব লেইকস অব বাংলাদেশ।’ কেমব্রিজ ইউনিভার্সিটিতে যখন পিএইচডি করছিলাম, তখন আমার পরীক্ষক ছিলেন অধ্যাপক হিদার কোল্ডউই। মূলত তিনিই আমাকে তাঁর সঙ্গে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটিতে কাজ করার জন্য মনোনীত করেন। ২০১৯-২০ সালে এ কাজে আমি বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছি। গবেষণায় প্রাপ্ত তথ্য নিয়ে একেবারে কমিউনিটি লেভেলের মানুষকে যুক্ত করে আমরা কিছু সল্যুশন খুঁজে বের করেছি। সেই সল্যুশনগুলোই ২০২১ সালে আমি প্রয়োগ করছিলাম। অদূর ভবিষ্যতে বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি আমরা কিছু সল্যুশনও প্রয়োগ করার চেষ্টা করব।

এখন আমার নিজের দু-তিনটি প্রজেক্ট আছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে কাজ করছি বাংলাদেশের জাতীয় মাছ ইলিশে প্লাস্টিক দূষণ নিয়ে। জলবায়ুর কিছু পরিবর্তনের সঙ্গে প্লাস্টিক দূষণের সম্পর্ক নিয়ে ভবিষ্যতে কাজ করার পরিকল্পনা আছে।

ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির কাজে আমরা দেখেছি, বড় আকারের মাছ ধরার জাল প্লাস্টিক দূষণের অন্যতম বড় উৎস। যেখানে-সেখানে ফেলে দেওয়া জালগুলো শেষ পর্যন্ত সমুদ্রেই যাচ্ছে। মাছ ধরা সমুদ্রের প্লাস্টিক দূষণের একটা বড় উৎস। জনসাধারণের যুক্ততার মাধ্যমে যেখানে-সেখানে ফেলে দেওয়া মাছ ধরার জাল পুনরায় ব্যবহার করতে পারলে মানুষের যেমন একটা আয়ের উৎস হবে, তেমনি পরিবেশ বাঁচবে।

আমার একটা শিক্ষা কার্যক্রমও আছে, যা নিয়ে আমি ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটির সঙ্গে কাজ করছি—টিচার্স ফর প্ল্যানেট আর্থ। অনেক কাজই অর্থায়নের ওপর নির্ভর করে। তিনটি স্টাডি সাইটে আমি বাংলাদেশের প্রায় ৩০ জন শিক্ষককে প্রশিক্ষণ দিয়েছি, তাঁদের ম্যাটেরিয়ালও দেওয়া হয়েছে। তাঁরা প্লাস্টিক ও নদীদূষণ বিষয়ে ছেলেমেয়েদের সচেতন করছেন। কারণ, বাচ্চারা শিক্ষিত ও সচেতন হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও অনেকটাই সচেতন হবে বলে আমরা ধরে নিতে পারি।

গবেষণার কাজে কি যথেষ্ট সহায়তা পাচ্ছেন?

ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণায় গুরুত্ব দিচ্ছে। কিন্তু একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের সম্পদ অনেক সীমিত, আবার প্রতিযোগিতাও বেশি। যেমন আমার বিভাগেই আমি সব সময় মনের মতো কাজ করার সুযোগ পাই না। আমরা গবেষকেরা বেশির ভাগই বাইরে থেকে পিএইচডি করে অনেক কিছু করার প্রত্যয় নিয়ে দেশে আসি। এসে দেখি যে আমাদের সম্পদের এত অভাব যে ইচ্ছা থাকা সত্ত্বেও কাজ করার জন্য নিজের মতো করে সব পাচ্ছি না। এতে অনেকেই ভেঙে পড়েন।

আমার মনে হয় ভেঙে না পড়ে বাইরের ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নেটওয়ার্কিং করে সমমনা গবেষকদের সঙ্গে কাজ করা যেতে পারে। নিজের প্রতিষ্ঠানে না পেলে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যদি আমরা কাজ করি, আমরা কিছু অর্জন করতে পারব। যদিও পথটা খুবই চ্যালেঞ্জিং।

গবেষণার ক্ষেত্রে আমাদের কিন্তু বারবার বাধাটাই আসে। ব্যবস্থাটা এমন হয়ে গেছে যে বাধাই বেশি৷ এর জন্য আমি কখনোই বিশ্ববিদ্যালয়কে অভিযুক্ত করব না। এটা আমাদের পুরো দেশেরই একটা সমস্যা। আমাদের উন্নয়নশীল দেশে সম্পদের জটিলতা ও সীমাবদ্ধতা থাকায় এটা হওয়াই স্বাভাবিক। তবে বিশ্ববিদ্যালয়ের অনেক অর্জনও আছে। এখানে অনেক ভালো গবেষণাও হচ্ছে।

তরুণদের মধ্যে যাঁরা গবেষণা করতে চান, তাঁদের কী পরামর্শ দেবেন?

যেকোনো সমস্যার ক্ষেত্রে টেকসই সমাধান তখনই সম্ভব, যখন সেখানে নারীরা যুক্ত হবেন৷ আমি আমার জুনিয়র নারী সহকর্মীদের ক্ষমতায়ন করতে চেষ্টা করি। আমার বিভাগের সহকর্মী আলিফা বিনতে হক পিএইচডি করছেন, একা একা সমুদ্রে গিয়ে সামুদ্রিক মাছ নিয়ে গবেষণা করছেন। আমার মনে হয়, এ ক্ষেত্রে একসঙ্গে কাজ করাটা বেশি গুরুত্বপূর্ণ। একা কাজ করলে এক রকমের চ্যালেঞ্জ, দু-তিনজন মিলে গ্রুপে কাজ করলে চ্যালেঞ্জটা ভিন্ন।