ব্যবস্থাপনা ও প্রযুক্তির পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠান ছোট বা বড় হোক না কেন এর সাফল্য নির্ভর করে তার সঠিক ব্যবস্থাপনার ওপর। আর প্রতিষ্ঠানের ব্যবস্থাপনাকে সফলভাবে পরিচালিত করতে বর্তমানে প্রযুক্তির কোনো বিকল্প নেই। বিশ্বায়নের প্রভাবে বদলে যাচ্ছে অনেক পুরোনো রীতিনীতি, খুলে যাচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষাব্যবস্থা—সবকিছুতেই আসছে পরিবর্তন। আধুনিক বিশ্বের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ক্যারিয়ার গড়তে পারেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পেশায়।এমআইএস বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, কাজের প্রয়োজনে প্রতিনিয়তই প্রযুক্তির ব্যবহার বাড়ছে। সঠিক ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার ছাড়া কর্মক্ষেত্রে নিজেকে দক্ষ করা অসম্ভব। তাই ভবিষ্যৎ কর্মক্ষেত্রের ভাবনা থেকে এমআইএস পড়া।এমআইএস: প্রযুক্তি ও ব্যবস্থাপনা, এই দুইয়ে মিলেই হলো এমআইএস। এমআইএস এমন একটি প্রক্রিয়া, যা প্রয়োজনীয় তথ্য সরবরাহের মাধ্যমে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা পালন করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমআইএস বিভাগের শিক্ষক রাকিবুল হক বলেন, প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে এবং ব্যবস্থাপনার প্রয়োজনে প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও সরবরাহ করাই হলো এমআইএস।তথ্যপ্রযুক্তিকে বাইরে রেখে সঠিক ব্যবস্থাপনা সম্ভব নয়। অন্যদিকে ব্যবস্থাপনা ছাড়াও তথ্যপ্রযুক্তির প্রসার অসম্ভব। সময়ের প্রয়োজনকে মাথায় রেখে তথ্যপ্রযুক্তি ও ব্যবসায় ব্যবস্থাপনা দুটি বিষয়ের সমন্বয়ে তৈরি হয়েছে এমআইএস। এতে এমআইএস পড়ুয়ারা ব্যবসায় ব্যবস্থাপনা এবং টেকনিক্যাল উভয় বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পায়। ব্যতিক্রম এই শিক্ষাব্যবস্থায় টেকনিক্যাল ও জেনারেল দুই বিষয়েই সমান গুরুত্ব দেওয়া হয়।ভর্তির যোগ্যতা: এমআইএস বিষয়টি বাণিজ্য অনুষদের অন্তর্ভুক্ত। এমআইএস বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি হতে ‘গ’ ইউনিটের ভর্তিপরীক্ষায় অংশ নিতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান/বাণিজ্য) দুটোতে মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। স্নাতকোত্তরের মেজর করতে শিক্ষার্থীকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি অনার্স পাস হতে হবে।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আরও কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমআইএস নিয়ে স্নাতক ও স্নাতকোত্তর পড়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে যোগ্যতার ভিন্নতা রয়েছে। বিষয়টি পড়তে হলে কম্পিউটার সম্পর্কে মৌলিক জ্ঞান থাকা জরুরি।পাঠ্য বিষয়: এমআইএসের শিক্ষার্থীদের হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, অর্থনীতি, ব্যবসায় গণিত, বিপণন ব্যবস্থাপনা, ফিন্যান্স, আইন, পরিসংখ্যানসহ তথ্যপ্রযুক্তির বিষয়গুলো যেমন কম্পিউটারের মৌলিক বিষয়, প্রোগ্রামিংয়ের বিষয়, ইলেকট্রনিক বিপণন, তথ্যভান্ডার (ডেটাবেইস), ব্যবস্থাপনা (এক্সেস/এসকিউএল), ডিসিশন সাপোর্ট সিস্টেম, সাইবার আইন ও নিরাপত্তা এই বিষয়গুলো স্নাতক পর্যায়ে পড়তে হয়। স্নাতকোত্তরে জ্ঞান ব্যবস্থাপনা, স্প্রেডশিড বিশ্লেষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা, সিস্টেম অ্যানালিস্ট ও নকশা প্রণয়ন, ওয়েবপেজ ডিজাইন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, কম্পিউটার-নির্ভর হিসাবরক্ষণ ইত্যাদি বিষয় পড়তে হয়।কাজের সুযোগ: প্রচলিত সব ডিগ্রিতে যেসব চাকরির সুযোগ রয়েছে এমআইএস পড়েও তা করা সম্ভব। কাজের সুযোগ প্রসঙ্গে এমআইএস বিভাগের শিক্ষক রাকিবুল হক বলেন, কমার্স হলো সাধারণ ক্রয়-বিক্রয়। ই-কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে ক্রয়-বিক্রয়। এটি ব্যবসার আধুনিক পদ্ধতি। সাধারণত এমআইএসের শিক্ষার্থীরা ব্যবসায় ব্যবস্থাপনা এবং প্রযুক্তি দুটোতেই দক্ষ হয়। আইটি পেশায় কাজের চাহিদা যেমন বাড়ছে, পাশাপাশি এমআইএস পড়ুয়াদের বিশাল কর্মক্ষেত্রেরও সুযোগ সৃষ্টি হচ্ছে। আইটি বা ই-(ইলেকট্রনিক) পদ্ধতি যেমন ই-কমার্স, ই-মার্কেটিং, ই-ব্যাংকিং, ই-গভর্নেন্স ইত্যাদি যত চালু হবে, এমআইএস পড়ুয়াদের কাজের সুযোগ তত বাড়বে।এ বিষয়ে পড়ে যেসব পেশায় অগ্রাধিকার পাওয়া যাবে, তা হলো: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তা, জ্ঞান কর্মকর্তা, তথ্যনিয়ন্ত্রক, সিদ্ধান্ত বিশ্লেষক, সিস্টেম অ্যানালিস্ট, সিস্টেম ডিজাইনার, পণ্য ও সেবা উন্নয়ন কর্মকর্তা ইত্যাদি।এমআইএস-বিষয়ক আরও তথ্য জানতে ভিজিট করুন:www.univdhaka.eduwww.northsouth.eduwww.brac university.netwww.iub.edu.bdwww.aiub.eduwww.ewubd.edu