ব্যবস্থাপনা পেশাজীবীদের জন্য
দক্ষ ব্যবস্থাপকের ওপর নির্ভর করে প্রতিষ্ঠানের উন্নয়ন। তাই যাঁরা ব্যবস্থাপনা ক্ষেত্রে পেশাজীবন শুরু করেছেন বা করবেন, তাঁদের জন্য বিশেষায়িত ডিগ্রি থাকাটা ভালো। পেশাগত কিছু কোর্স আপনাকে দেবে বাড়তি যোগ্যতা ও দক্ষতা। ব্যবস্থাপনা বিষয়ে বিশেষায়িত কিছু কোর্স করানো হয় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টে (বিআইএম)।১৯৬১ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিআইএম স্বল্প ও দীর্ঘমেয়াদি বিভিন্ন কোর্স পরিচালনা করে আসছে। সারা বছরই ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন ধরনের কোর্স করানো হয় এ প্রতিষ্ঠানে।প্রশিক্ষণের গুরুত্ব অনেক: ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতা বাড়াতে বিআইএমের কোর্সগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিআইএমের মহাপরিচালক এ আর খান বলেন, শিল্পায়ন ছাড়া একটা দেশের উন্নয়ন অসম্ভব। শিল্প-কারখানা তো বটেই সরকারি-বেসরকারি বাণিজ্যিক এবং অন্যান্য প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পর্যায়ে যাঁরা কাজ করেন, তাঁদের জন্যই প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালিত হচ্ছে। এসব কোর্স করলে দক্ষতা অনেকাংশেই বৃদ্ধি পায়। নতুন ও পুরোনো শিল্প-কারখানার সার্বিক উন্নয়নের জন্য ব্যবস্থাপকদের উন্নত প্রশিক্ষণ দেয়বিআইএম।স্বল্পমেয়াদি কোর্স: বিআইএম প্রতিবছর ৮০টিরও বেশি সংক্ষিপ্ত কোর্স ও সেমিনারের ব্যবস্থা করে থাকে। সাধারণ ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা, গ্রাহকসেবা, বিপণনের জন্য গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনা, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, শ্রম আইন ব্যবস্থাপনা, মানবসম্পদ ব্যবস্থাপনা কৌশল, প্রকল্প ব্যবস্থাপনা, ডেভেলপিং মার্কেটিং স্কিল, ডেভেলপিং ম্যানেজারিয়াল স্কিল, সুপারভাইজারি স্কিল অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট, অফিসিয়াল ম্যানেজমেন্ট, প্রাকটিক্যাল ইনকাম ট্যাক্স, কম্পিউটার অ্যাপলিকেশনসহ নানা বিষয়ে স্বল্পমেয়াদি কোর্স করানো হয়। এসব সংক্ষিপ্ত কোর্সের মেয়াদকাল এক থেকে চার সপ্তাহ পর্যন্ত হয়ে থাকে। কোর্স ফি এক হাজার ৬০০ থেকে ১২ হাজার টাকা পর্যন্ত। প্রতিবছর প্রায় এক হাজারের বেশি প্রশিক্ষণার্থী এখানে ভর্তির সুযোগ পান। ডিপ্লোমা কোর্স: বিআইএমে ডিপ্লোমা বা দীর্ঘমেয়াদি পর্যায়ে পাঁচটি বিষয়ে কোর্স করা যায়। স্নাতকোত্তর এই কোর্সগুলো প্রতিটি এক বছর মেয়াদি। বিষয়গুলো হলো—মানবসম্পদ ব্যবস্থাপনা (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট), আর্থিক ব্যবস্থাপনা (ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট), বিপণন ব্যবস্থাপনা (মার্কেটিং ম্যানেজমেন্ট), ব্যবসায় ব্যবস্থাপনা (বিজনেস ম্যানেজমেন্ট) ও কম্পিউটার বিজ্ঞান। শুধু মানবসম্পদ কোর্সে দিনের একটি ব্যাচসহ মোট চারটি ব্যাচে ২৪০ জন নেওয়া হবে। অন্যান্য কোর্সে প্রতিটি ব্যাচে ৬০ জন করে প্রশিক্ষণার্থী পড়ার সুযোগ পান। কোর্সগুলো সান্ধ্যকালীন হওয়ায় চাকরিজীবীদের জন্য সুবিধাজনক। কম্পিউটার বিজ্ঞানের কোর্স ফি ৩০ হাজার এবং অন্যান্য বিষয়ের ক্ষেত্রে ফি ২৫ হাজার টাকা।প্রশিক্ষণ পদ্ধতি: এ আর খান আরও জানান, বিআইএম উন্নত প্রশিক্ষণ পদ্ধতি ব্যবহার, আধুনিক কৌশল ও ব্যবহারিক শিক্ষাকে প্রাধান্য দেয়। কোর্সের প্রয়োজনে প্রতিষ্ঠানের বাইরে থেকেও বিশেষজ্ঞদের দিয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ পরিচালনার পদ্ধতি হিসেবে শ্রেণীকক্ষে বক্তৃতা, দলগত আলোচনা, ভিডিও ক্লিপ প্রদর্শন, শিক্ষণীয় স্লাইড প্রদর্শন, চিত্র ও রেখাচিত্রের ব্যবহার ও ইন্টার্নশিপের ব্যবস্থা রয়েছে। উপস্থিতি ও ক্লাস টেস্টের ওপর আলাদা মূল্যায়ন করা হয়। বিআইএম থেকে প্রশিক্ষণ নেওয়া মো. শামীম খান জানান, এই প্রতিষ্ঠানের কোর্সগুলোর শিক্ষাদান পদ্ধতি উন্নত, আধুনিক ও কার্যকর, যা একজন পেশাজীবীর জন্য গুরুত্বপূর্ণ।ভর্তির যোগ্যতা: দীর্ঘমেয়াদি কোর্সে ভর্তি হওয়ার নূ্যূনতম যোগ্যতা স্নাতক বা স্নাতক (সম্মান) উত্তীর্ণ। কম্পিউটার কোর্সের জন্য এএমআইই সম্পন্নকারী ডিপ্লোমা প্রকৌশলীরাও আবেদন করতে পারবেন। স্বল্পমেয়াদি কোর্সে বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে যোগ্যতা চাওয়া হয়। তবে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ২০ শতাংশ সদ্য স্নাতক এবং ৮০ শতাংশ পেশাজীবীদের প্রাধান্য দেওয়া হয়। অন্যান্য সুবিধা: বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট বিভিন্ন বিষয়ের ওপর গবেষণা প্রকল্পের কাজও করে থাকে। প্রতিষ্ঠান বা বিশেষ গ্রাহকের প্রয়োজনীয়তায় তাদের উপযোগী বিশেষ কোর্স প্রণয়ন এবং পরিচালনা করে বিআইএম। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ক্যাম্পাসে রয়েছে একটি করে গ্রন্থাগার। ঢাকা ক্যাম্পাসে রয়েছে দুটি কম্পিউটার ল্যাব। ব্যবস্থাপনা বিষয়ে উন্নয়নের জন্য ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট নামে একটি ত্রৈমাসিক জার্নাল নিয়মিত প্রকাশ হয়ে থাকে। বিস্তারিত যোগাযোগঢাকা ক্যাম্পাস: ৪ সোবহানবাগ, মিরপুর রোড, ঢাকা-১২০৭। ফোন: ৮১১৭৪০৫-৭, ই-মেইল: [email protected], ওয়েব: www.bim.org.bdচট্টগ্রাম ক্যাম্পাস: চান্দগাঁও আবাসিক এলাকা, কুলাউড়াঘাট রোড, বহদ্দারহাট, চট্টগ্রাম-৪২১২। ফোন: ৬৭০৩৩২, ০১৫৫৪৩৩৪৬৩৬ই-মেইল: [email protected]খুলনা ক্যাম্পাস: বয়রা, খুলনা-৯০০০। ফোন: ৭৬২৩৯১, ই-মেইল: [email protected]