
কোন কাজ কখন কীভাবে করতে হবে, তা জানতে হলে ব্যবস্থাপনা শিক্ষা সম্পর্কে জানতে হবে। আর ব্যবস্থাপনা সম্পর্কে না জানলে সঠিক নিয়মে কোনো প্রতিষ্ঠান বা অফিস পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। ব্যবস্থাপনা বিষয়ে পেশাদার শিক্ষা দিয়ে থাকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম)। বেশ কয়েকটি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পরিচালনা করা হয় বিআইএমের ঢাকা, চট্টগ্রাম ও খুলনা ক্যাম্পাস থেকে। প্রতিষ্ঠানটির পথচলা শুরু হয়েছে ১৯৬১ সালে।
ব্যবস্থাপনা বিষয়ের পেশাদারি কোর্স হলেও বিআইএমে ভর্তি হতে যে ব্যবস্থাপনাতেই স্নাতক ডিগ্রিধারী হতে হবে তা নয়। যেকোনো বিষয়ে স্নাতক হয়ে এসব কোর্সে ভর্তি হওয়া যায়। বিআইএমের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে মানবসম্পদ, কারখানা, আর্থিক, বিপণন ব্যবস্থাপনাসহ কম্পিউটার বিজ্ঞান সম্পর্কে ধারণা দেওয়া হয়। এসব বিষয় জানা থাকলে চাকরিতে পাওয়া যায় অগ্রাধিকার।
বিআইএমের সদস্যসচিব ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনা উপদেষ্টা এবং সার্বিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান পারভীন আগাজ বললেন, ‘আমরা শিক্ষিত মানুষকে প্রশিক্ষিত করে থাকি। আমরা যে যেখানে কাজ করতে যাই না কেন, অনেকেরই ব্যবস্থাপকের ভূমিকা পালন করতে হয়।’ যাঁরা চাকরি করছেন, তাঁরাও ডিপ্লোমা কোর্স করতে পারেন। এসব কোর্স থেকে পাওয়া জ্ঞান কর্মক্ষেত্রকে প্রসারিত করে। আদর্শ ব্যবস্থাপক হিসেবে লক্ষ্য অর্জনে নিজ এবং কর্মীর অবস্থান বুঝে সে অনুযায়ী কর্মক্ষেত্রে পরিবর্তন, পরিমার্জন বা সংযোজন আনা সম্ভব হয় বলে তিনি জানান।
বর্তমানে বিআইএমে পাঁচটি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স পরিচালিত হচ্ছে। ১৫টি ব্যাচ কোর্সগুলো করছে। স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সগুলোর বিষয় হলো মানবসম্পদ ব্যবস্থাপনা, শিল্প ব্যস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, বিপণন ব্যবস্থাপনা ও কম্পিউটার বিজ্ঞান। ঢাকা ক্যাম্পাসে পাঁচটি কোর্সই করানো হয়। চট্টগ্রাম ও খুলনা ক্যাম্পাসে শুধু মানবসম্পদ ব্যবস্থাপনা পড়ানো হয়। কম্পিউটার বিজ্ঞানের কোর্স ফি ৩৬ হাজার টাকা, বাকি চারটি বিষয়ের প্রতিটির কোর্স ফি ৩০ হাজার টাকা।
অনলাইনেও স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি হওয়া যায়। প্রতিষ্ঠানটিতে ই-গ্রন্থাগার ব্যবহারের সুবিধা রয়েছে।
যোগাযোগ:
ওয়েবসাইট: www.bim.org.bd
ফোন: ঢাকা ০২৮১১৭৪০৫-৭ চট্টগ্রাম ০৩১৬৭০৩৩২
খুলনা ০৪১৭৬২৩৯১