ব্যবহারকারী ১২ সংস্থার গুরুত্বপূর্ণ বৈঠক কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে কাল সোমবার বন্দর ব্যবহারকারী ১২ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কর্তৃপক্ষের এক গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বন্দরের বোর্ড রুমে এ বৈঠক হবে। ১৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে মুখ্যসচিব আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।এর আগে এত বেশি বন্দর ব্যবহারকারী সংস্থাকে একসঙ্গে নিয়ে বন্দর কর্তৃপক্ষের বৈঠক করার উদাহরণ খুব বেশি নেই। সংস্থাগুলো হলো—তৈরি পোশাক রপ্তানিকারকদের সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ শিপার্স কাউন্সিল, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন, বেসরকারি কন্টেইনার ডিপো মালিকদের সমিতি (বডয়ো), চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন (বিটিএমইএ) এবং চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি ও রপ্তানি কমিশনার।বন্দর সূত্র জানায়, অতীতে নতুন কোনো নৌপরিবহনমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর সব সংস্থার সঙ্গে পরিচিত হওয়ার জন্য এ ধরনের বৈঠক ডাকা হতো। এ ছাড়া যেসব সংস্থার কারণে বন্দরে সমস্যা দেখা দিত শুধু ওইসব সংস্থাকে নিয়ে বৈঠক করার অতীত ইতিহাস আছে বলে জানা যায়। ১২টি গুরুত্বপূর্ণ সংস্থাকে বৈঠকে ডাকার সত্যতা নিশ্চিত করে বন্দর চেয়ারম্যান আর ইউ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘সবার সুপারিশ নিয়ে পর্যালোচনার জন্য আমরা এ বৈঠক ডেকেছি। এ ধরনের বৈঠকের মাধ্যমে অনেক জটিল সমস্যারও সহজ সমাধান সম্ভব হতে পারে।’ জানা যায়, বৈঠকে উপস্থিত থাকার জন্য ১২ বন্দর ব্যবহারকারী সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। প্রতিটি সংস্থা থেকে সর্বাধিক দুজন প্রতিনিধিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া ব্যবহারকারী সংস্থাগুলোকে তাঁদের সমস্যা, সমাধানের উপায় এবং সুপারিশ প্রস্তাব আকারে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যে বেশির ভাগ সংস্থা লিখিত পরামর্শ বন্দরে জমা দিয়েছে বলে জানা যায়। বৈঠকে এসব সুপারিশ পর্যালোচনা করে বন্দর উন্নয়নের একটি কর্মপরিকল্পনা তৈরির সম্ভাবনা আছে বলে জানা যায়।