সেদিন ২১ ফেব্রুয়ারি। এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বিকেলের এক আলোচনা সভার গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাতে আমরা (আমি, সুবীর, উজ্জ্বলদা, মতিউর, সৌরভ ও সুবল) একত্র হয়েছি। উদ্দেশ্য, ফুল চুরি। রাত ১১টা। আমরা একটি বাড়ির বাগানে ঢুকে মহাসমারোহে ফুল তুলতে শুরু করলাম। ফুল তোলার শেষ মুহূর্তে মিশন সাকসেসফুল ভেবে চিৎকার দিয়ে উঠলাম। সঙ্গে সঙ্গে ‘কে রে’ বলে বাড়ির কর্তা যেই না দরজা খুলতে যাবেন, তখনই ঘটল বিপত্তি। দরজা যে আর খুলছে না। এ রকম হতে পারে ভেবে আমরা আগে থেকেই বাইরের দিক দিয়ে দরজা ‘লক’ করে রেখেছিলাম। যা হোক, তার চিৎকারে আশপাশের লোকজন জেগে ওঠার আগে আমরা সেখান থেকে পালাই। তারপরের মিশন পুকুরঘাট। সৌরভ, সুবল ও উজ্জ্বলদা ফুল তোলার মহান দায়িত্ব নিল। আমি আর মতিউর রয়ে গেলাম পুকুরের বিপরীত পাড়ে। কাজ, পাহারা দেওয়া। আর সুবীর ছিল অন্যত্র। সুবীর কী করছে দেখে যখন মতিউরের কাছে ফিরে এলাম, দেখলাম, মতিউর দৌড়ে পালাচ্ছে। ওকে পালাতে দেখে আমিও দৌড়। কারণ, বাড়ির কর্তা লাঠি নিয়ে পুকুরপাড়ের দিকে আসছেন। উপায়ান্তর না দেখে সুবল, উজ্জ্বলদা ও সৌরভ পুকুরে ঝাঁপিয়ে পড়েছে। অনেক দৌড়ঝাঁপের পর আমরা আবার একসঙ্গে হয়েছি। মিশনের ব্যর্থতার দায় আমার আর মতিউরের ওপর বর্তাল। পাহারাদার হিসেবে আমার ব্যর্থতা অথবা কনকনে শীতে পুকুরে ঝাঁপিয়ে পড়ার ঝাল মেটানোর জন্য হোক, উজ্জ্বলদা আমার ওপর এক বালতি পানি ঢেলে দিলেন। ব্যর্থ মিশনের দায়ভার মাথায় নিয়ে যখন বাড়ি ফিরব, তখন দেখলাম, আমাদের মধ্যে সুবল অনুপস্থিত। তাকে খোঁজার মিশনে পুকুরঘাটে ছুটলাম। গিয়ে দেখি, কনকনে শীতে বাড়ির কর্তার ভয়ে তখনো সুবল গলাসমান পানিতে নিজেকে লুকানোর চেষ্টা করছে।কিংবার দেবনাথজগন্নাথ বিশ্ববিদ্যালয়।