জিমি কার্টার। জন্ম ১৯২৪ সালে, যুক্তরাষ্ট্রের জর্জিয়া শহরে। যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত। ক্ষমতায় থাকাকালে ক্যাম্প ডেভিড চুক্তি ও পানামা চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরবর্তী সময়ে তিনি উন্নয়নশীল দেশগুলোর শান্তিচুক্তি বাস্তবায়ন, নির্বাচন পর্যবেক্ষণ, রোগ নির্মূল প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রেখেছেন। ২০০২ সালে তিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।আর অন্য সবার মতো ছোটবেলায় আমিও খুব শুনতাম, ‘বড় হয়ে কী হতে চাও।’ আমি বলতাম, আমি নেভাল একাডেমিতে যেতে চাই, আর চাই ভালো উচ্চতর শিক্ষা। তারপর যোগ দেব যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে। আমার পরিবার বংশানুক্রমে প্রায় ৩৫০ বছর ধরে কৃষিকাজে নিয়োজিত ছিল। কৃষির সঙ্গেই তাদের জীবন-জীবিকা, আর সে জন্য কেউই মাধ্যমিক পড়াশোনার পাট চুকাতে পারেনি। তাই আমার এমন চাওয়াটা যেন ঠিক একটি অবাস্তব স্বপ্ন, তার ওপর ত্রিশের দশকে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দায় শিক্ষাই যেন এক ভয়ংকর বিলাসিতা, তবু দৃঢ়প্রতিজ্ঞা আর দুর্নিবার ইচ্ছাই তো মানুষকে এগিয়ে নিয়ে যায়, আমরাও এগিয়ে যাই।আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বাবা এবং তাঁর অনুপ্রেরণা। ছোট একটি কৃষিভিত্তিক গ্রামে থেকেও তিনি নানাভাবে সব ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কাজে জড়িত থাকতেন। তিনি রক্ষণশীল মানসিকতার ছিলেন; তবু তাঁর জীবন সম্পর্কে দর্শনবাদ আমাকে প্রভাবিত করত। বর্ণবাদ নিয়ে বাবার রক্ষণশীলতার পুরোদস্তুর বিরোধী ছিলেন আমার মা; বাবা অবশ্য মাকে কখনো এ বিষয়ে জোর করতেন না। মা ছিলেন একজন সেবিকা; দরিদ্র মানুষকে অক্লান্ত সেবা দিয়ে যেতেন। তাই তাঁর কাছে বর্ণ-ধর্ম বলে কোনো বিভেদ ছিল না। প্রতিটি স্থানে বাবা-মায়ের অবিচল শ্রদ্ধাবোধ আমার নীতিকে বলিষ্ঠ করেছে।আমি দাঁড়াতে চাই সংগ্রামী মানুষের সঙ্গে। তাদের সংগ্রামের সঙ্গে একাত্ম হতে চাই। জীবনের নানা ঘটনাবহুল মোড় আমাকে শিক্ষা দিয়েছে। সফলতা আমাকে জুগিয়েছে আত্মবিশ্বাস আর বিফলতা, ব্যর্থতা আমাকে এনে দিয়েছে দৃঢ় হওয়ার প্রেরণা, এগিয়ে যাওয়ার পথ।বর্ণবাদকে আমি উপলব্ধি করেছি একজন শিশু, তরুণ এবং পূর্ণবয়স্ক মানুষ হিসেবে। দেখেছি, বর্ণবাদ কীভাবে নারী ও শিশুদের অস্তিত্ব বিলীন করে দেয়। ধর্ম, বর্ণ ও জাতিগত বিদ্বেষ সবকিছুতেই চরম মূল্য দিতে হয় তাদের। সময় বদলেছে, কিন্তু এসব বিদ্বেষের সংঘর্ষ ও সহিংসতা বদলায়নি। কখনো ধর্ম, কখনো বর্ণবাদ আর কখনো জাতিগত বিদ্বেষকে ব্যবহার করে সহিংসতা আমাদের মানবতাকে কলঙ্কের দিকে দাঁড় করিয়ে দিয়েছে।কখনো কখনো জীবনে নাটকীয় মোড় আসে। আমাদের জন্য কখনো কঠিন হয়ে যায় মেনে নেওয়াটা। সেগুলো জীবনকে দুটি পথ দেখায়—এগিয়ে কিংবা পিছিয়ে যাওয়ার। মার্কিন নৌবাহিনী ছেড়ে দেওয়ার পর আমি শহর ছেড়ে চলে যাই।আমার সারা জীবনের দায়বদ্ধতা পেছনে ফেলে গ্রামে গিয়ে আশ্রয় নিই। আমার স্ত্রীও আমাকে প্রায় ছেড়ে চলে যাচ্ছিল। কারণ, সে বুঝতে পারছিল যে আমি জীবনকে বিস্তৃত করছি না, ক্রমেই একে সংকীর্ণ ও জটিল বানিয়ে ফেলছি। তবু সবকিছু যখন মনে হয়েছিল যে শেষ হয়ে গেছে, সেই শূন্য থেকেই আমি আবার আত্মবিশ্বাসকে চাঙা করে নিয়েছি, বদলে গিয়েছি জীবনকে বোঝার দর্শন।১৯৬৬ সালে জর্জিয়ার গভর্নর পদে নির্বাচন করে হেরে যাই। এটি ছিল আমার জীবনের প্রথম একটি ধাক্কা। আর বাকি সবকিছুই ঠিকঠাক চলছিল। জীবনে কখনো ব্যর্থ হব ভাবিনি। কারণ, সব সময়ই পরিশ্রম আর অধ্যবসায় আমাকে সফলতা এনে দিয়েছে। তাই এটি ছিল আমার জন্য বড় একটি আঘাত। গ্রামের লম্বা পথ ধরে যেতে যেতে আমার বোন বুথ স্ট্যাপেনটন আমাকে বলেছিল, ‘জিমি, কখনো কখনো তুমি স্বভাবতই তোমার অহংকার ও সম্মানকে আঘাত করতে পারো কোনো চরম ব্যর্থতার দ্বারা। তখন তুমি কী করবে—সবকিছু ছেড়ে দেবে, না ঈশ্বর যেভাবে তোমাকে দেখাতে চান, সেভাবে বাস্তবতাকে গ্রহণ করবে?’ আমি বললাম, আমি নির্বাচনে হেরে গিয়েছি আমার নিজের অঞ্চল থেকে। আমার রাজনৈতিক জীবন শেষ। আমার কোনো ভবিষ্যৎ নেই। আমি ভুল ছিলাম। পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের সঙ্গে সঙ্গে ধৈর্য ও বিচক্ষণতাও প্রয়োজন; ব্যর্থতা হলো সফলতার পথে যাওয়ার প্রথম ধাপ। ব্যর্থতাই আমাকে আরও সফল হওয়ার পথে নিয়ে যায়। ১৯৮০ সালে আমি আবারও হেরে গিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে বৃহৎ রাজনৈতিক পদ—যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর। আমি নিজেকে অনেক ঋণগ্রস্ত হিসেবে আবিষ্কার করলাম। মনে হতো, সবকিছু বিক্রি করে দিতে হবে। আমি শেষ হয়ে যাব। কিন্তু এ বিপর্যয়ই আমাকে জীবনে বেঁচে থাকার তত্ত্বকে বদলে দিয়েছে। ব্যর্থতা তো আসবেই। কিন্তু ব্যর্থতাই আবার তোমাকে নিয়ে যাবে সফলতার চূড়ায়। তাই তুমি কী করবে—থেমে যাবে, না এগিয়ে যাবে সামনে?সফলতার সঙ্গে অনেক সমালোচনা এবং জটিলতাও এসে হাজির হয়। ক্যাম্প ডেভিড চুক্তি ছিল আমার জীবনে একটি চ্যালেঞ্জ। আমাদের কাছে মিসর ও ইসরায়েল—এই দুটি দেশের সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ নেতা ছিল। তাঁদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে আলাদাভাবে। কখনো এগিয়ে, কখনো পিছপা হয়ে কথা চালিয়ে যেতে হয়েছে। আমরা কথা বলেছি মিসর, জর্ডান, সিরিয়া, লেবাননের নেতাদের সঙ্গেও; ইসরায়েল, ফিলিস্তিন কিংবা জর্ডানের বিশাল জনগোষ্ঠী শান্তি প্রত্যাশা করছিল। ঈশ্বর জানেন, শান্তি তাদের জন্য কী পরিমাণ আকাঙ্ক্ষিত!প্রেসিডেন্ট পদটি অনেক দায়িত্বের, অনেক গুরুত্বপূর্ণ। অনেক সময় পরিস্থিতি সময়ের সঙ্গে বদলে যায়। কিন্তু আমাদের সম্পাদিত কাজ থেকেই যায়। আমরা যা বলি, তা অমলিন থেকে যায়; তখনই সেগুলো জটিল হয়ে আমাদের বাধা তৈরি করে, বিতর্ক সৃষ্টি করে। প্রেসিডেন্ট পদটি আমাকে মানুষকে জানা ও বোঝার সুযোগ এনে দিয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে আমি প্রথম আফ্রিকা মহাদেশের দুটি দেশ ভ্রমণ করি, তার আগে আমি জানতাম না মানুষ কতটা অসহায়ভাবে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে চলে। আজও দেখছি, দারিদ্র্য মানুষকে কতটা বিপর্যস্ত করে। এটিই আমাদের পৃথিবীতে এখন বড় চ্যালেঞ্জ।পৃথিবীতে কোথাও জীবন সুন্দর, কোথায় জীবন ব্যাহত, বেদনার। সামর্থ্যবানকে এগিয়ে আসতে হবে। নিজেদের একাত্ম করতে হবে। যদি তুমি কোনো নীতি বা দর্শনবাদ আঁকড়ে ধরে বসে থাক, তবে তা সংকীর্ণতার জন্ম দেবে। একে উন্মুক্ত করে দাও। সেখানে অন্যদের প্রবেশের সুযোগ দাও, মানুষের জীবন সম্পর্কে তত্ত্ববাদটা আসলে তাদের অভিজ্ঞতা দিয়েই নির্মিত হয়। এটি আমাদের মন ও হূদয়কে প্রসারিত করেই এগিয়ে নিতে হয়। ইন্টারনেট থেকে পাওয়া। ১৯৯১ সালে আটলান্টায় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকার থেকে নির্বাচিত অংশের অনুবাদ: শিখ্তী সানী