ব্যস্ত দর্জিপাড়া
সেন্ট্রাল প্লাজার অন্তরা টেইলার্সে ঈদের পোশাকের ফরমায়েশ আসতে শুরু করেছে শবে বরাতের পরপরই। মেয়েদের পোশাক সেলাইয়ের এই প্রতিষ্ঠানে ১৯ জন কারিগর (কাটিং মাস্টার) রাত-দিন কাজ করছেন। গ্রাহকদের পছন্দের নকশায় পোশাক তৈরিতে ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন তাঁরা। গত ৩০ জুলাই নগরের দর্জিপাড়ায় ঘুরে এমন ব্যস্ততার চিত্রই দেখা গেল। মনমতো পোশাক বানাতে সেন্ট্রাল প্লাজা, লাকি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, ভিআইপি টাওয়ার ও বিপণিবিতানে ছুটছেন মেয়েরা। অন্যদিকে ওয়াসার মুন প্লাজা ও লালখান বাজারের হাইওয়ে প্লাজার টেইলার্সগুলোতে ভিড় জমাচ্ছেন ছেলেরা। অন্তরা টেইলার্সের কাটিং মাস্টার মো. কামাল হোসেন বলেন, ‘মাসাককালি, আনারকলি, জিপসি নামের বিশেষ নকশার পোশাকের ফরমায়েশ বেশি আসছে। সেলাই মজুরি খরচ ৮০০ থেকে এক হাজার পর্যন্ত।’ বিভিন্ন টেইলার্সে নকশাভেদে সালোয়ার-কামিজ ১৫০ থেকে ২০০ ও ব্লাউজ ১০০ থেকে ২৫০ টাকায় সেলাই হচ্ছে। ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী নিতু তাঁর মায়ের সঙ্গে এসেছিলেন লাকি প্লাজার শারমিন টেইলার্সে। এ ঈদে চারটি জামা বানাবেন তিনি। শারমিন টেইলার্সের স্বত্বাধিকারী মো. শামসুজ্জামান বলেন, ‘প্রচুর ফরমায়েশ আসছে। ১০ থেকে ১৫ রোজার পর গ্রাহকদের কাছ থেকে নতুন ফরমায়েশ গ্রহণ করা যাবে না। কারণ, এরপর ফরমায়েশ নিলে ডেলিভারি দেওয়া যাবে না।’পুরুষের পোশাক সেলাইয়েও এবার নতুনত্ব আনতে চাইছে টেইলার্সগুলো। ছেলেদের শার্ট সেলাইয়ের খরচ ২৫০ থেকে ৩৫০ টাকা। প্যান্ট সেলাইয়ের খরচ পড়বে ৩৫০ থেকে ৪৫০ টাকা।‘ফিটিং শার্ট এবং কোমরে কুচিবিহীন প্যান্ট পছন্দ এখনকার তরুণদের।’ তিনি জানান, শার্টের মধ্যে টাই কলার, স্ট্রেট অ্যারো কলার, বেগ অ্যারো কলার, ভানিসুন কলার শার্ট বেশি চলছে। শপিং কমপ্লেক্সের হানিমুন টেইলার্স অ্যান্ড ফেব্রিক্সের ম্যানেজার মো. মনজুরুল ইসলাম বলেন, ‘এবার ঈদে শার্ট প্যান্ট ছাড়াও পাঞ্জাবি সেলাই করেছেন অনেকে। পাঞ্জাবির দাম পড়বে তিন হাজার ৬০০ থেকে ১৬ হাজার ৫০০ পর্যন্ত। কাপড়সহ স্যুট সেলাইয়ের খরচ পড়বে সাড়ে সাত হাজার থেকে সর্বোচ্চ এক লাখ ১৮ হাজার টাকা পর্যন্ত।’