ব্যস্ত সময় কাটছে ফেনীর প্রতিমাশিল্পীদের

শারদীয় দুর্গাপূজা সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন ফেনীর প্রতিমাশিল্পীরা। এই মুহূর্তে দম ফেলার সময় নেই প্রতিমাশিল্পীদের। ৩০ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা। তার আগেই বুঝিয়ে দিতে হবে প্রতিমা।
১১ সেপ্টেম্বর শহরের ট্রাংক রোডে অবস্থিত শ্রীশ্রী জয়কালী মন্দিরে ঢুকতেই দেখা গেল প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছেন শিল্পী কানাই পাল। তাঁর সঙ্গে কাজ করছিলেন আরও কয়েকজন সহযোগী। এ বছর তিনি আটটি পূজামণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন। কানাই পাল জানান, ২২ সেপ্টম্বর প্রতিমার গায়ে রং লাগবে। ২৮ সেেপ্টম্বর সন্ধ্যার মধ্যে প্রতিমা বুঝিয়ে দিতে হবে সংশ্লিষ্ট পূজা কমিটিগুলোকে।
তিনি আরও জানান, সর্বোচ্চ ৪০ থেকে ৪৫ হাজার টাকা ও সর্বনিম্ন ২৫ থেকে ৩০ হাজার টাকা মূল্যের প্রতিমা তৈরি করছেন এবার। দিন-রাত কাজ করে পঞ্চমীর মধ্যে প্রতিমার কাজ শেষ করতে হবে তাঁকে।
সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদ সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ১৩৮টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
জেলায় কানাই পাল, সুশীল পাল, সুনীল পাল, মধু পাল ও শ্রীচরণ পালসহ প্রায় শতাধিক শিল্পী প্রতিমা তৈরির কাজ করছেন।
ফেনী সদর উপজেলায় ৪৩টি পূজামণ্ডপের মধ্যে পৌরসভায় ১১টি, ফুলগাজী উপজেলায় ৩৫টি, পরশুরামে ছয়টি, দাগনভূঞায় ১৬টি, ছাগলনাইয়ায় পাঁচটি ও সোনাগাজী উপজেলায় ২২টি পূজামণ্ডপ রয়েছে। দশমী পূজা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গাপূজা।
প্রতিবছর আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে মা দুর্গা পৃথিবীতে দুঃখ, দুর্দশা, অশান্তি ও ক্লেশ দূর করতে দেবলোক থেকে মর্ত্যলোকে আসেন বলে সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস। দেবীকে বরণ করে নিতে তাই বিভিন্ন এলাকায় মহাসমারোহে পূজার আয়োজন করা হয়েছে।
জেলায় তুলবাড়িয়ার বীণাপাণি ক্লাব, মধুপুর সাহাপাড়ায় অকালবোধন, জয়কালীমন্দির ও বাঁশপাড়া কোয়ার্টারে জমকালো পূজার আয়োজন করা হয়। অনেকে চট্টগ্রাম শহর থেকেও প্রতিমা বানিয়ে আনেন। বীণাপাণি ক্লাবের সদস্যরা জানান, এবার চট্টগ্রামের সদরঘাটের অমল পাল তাঁদের প্রতিমা বানাচ্ছেন।
সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন সাহা জানান, আগামী ৩০ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দেবী দুর্গার অকালবোধন হবে। তাই এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে।