ব্যস্ত সময় পার করছেন লোহাগাড়ার প্রতিমাশিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়ার পদুয়ায় প্রতিমার গায়ে অলংকরণের কাজ করছেন প্রতিমাশিল্পী রমণী পাল। এক সপ্তাহ পরেই দুর্গাপূজা। এ কারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা l প্রথম আলো
লোহাগাড়ার পদুয়ায় প্রতিমার গায়ে অলংকরণের কাজ করছেন প্রতিমাশিল্পী রমণী পাল। এক সপ্তাহ পরেই দুর্গাপূজা। এ কারণে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরা l প্রথম আলো

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ার একটি বাড়িতে প্রতিমা তৈরির কাজ করছিলেন শরীয়তপুরের প্রতিমাশিল্পী রমণী পাল। এ বছর ওই বাড়ির মণ্ডপসহ উপজেলার সাতটি মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করছেন তিনি। ইতিমধ্যে প্রতিমায় মাটির প্রলেপ দেওয়া শেষ। চলছে অলংকরণ ও রঙের কাজ। দুর্গাপূজা শুরু হতে আর মাত্র সপ্তাহ খানেক বাকি। তাই রমণী পালের মতো প্রতিমাশিল্পীদের ব্যস্ত সময় কাটছে।
রমণী পাল জানান, দুর্গাপূজা শুরুর তিন দিন আগে মণ্ডপগুলোতে প্রতিমা বুঝিয়ে দেবেন তিনি। এ জন্য দিন–রাত কাজ করতে হচ্ছে। ব্যস্ততায় কাটছে বরিশালের প্রতিমাশিল্পী কৃষ্ণ পালেরও। এবার লোহাগাড়া উপজেলার ১৫টি পূজামণ্ডপের প্রতিমা তৈরির কাজ পেয়েছেন তিনি। কৃষ্ণ পাল জানান, এখন তাঁর একটাই ভাবনা, তা হলো ঠিক সময়ে পূজামণ্ডপে প্রতিমা পৌঁছে দেওয়া। এ জন্য রাত জেগেও কাজ করতে হচ্ছে।
১৯ অক্টোবর শুরু হতে যাওয়া দুর্গাপূজার প্রস্তুতি চলছে পুরো দমে। এবার চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯৯টি মণ্ডপে হবে দুর্গাপূজা। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও ইতিমধ্যে সারা হয়েছে বলে জানান উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাশ। তিনি বলেন, এবার লোহাগাড়ার নয়টি ইউনিয়নে ৯৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার মধ্যে লোহাগাড়া সদর ইউনিয়নে দুটি, পদুয়ায় ১৭টি, আমিরাবাদে ২৫টি, কলাউজানে ২১টি, চরম্বায় ১০টি, পুটিবিলায় চারটি, বড় হাতিয়ায় ১৪টি, আধুনগরের তিনটি এবং চুনতিতে তিনটি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে পদুয়া, বড় হাতিয়া, পুটিবিলা, চুনতি ও চরম্বায় কিছু ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ রয়েছে বলে জানান তিনি।
লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের সর্বজনীন কালীমন্দিরে এবার প্রতিমা তৈরি করছেন ফরিদপুরের নগরকান্দা থানার লক্ষ্মণ পাল। প্রতিটি প্রতিমা তৈরিতে নিচ্ছেন ৩০ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা। লক্ষ্মণ পাল জানান, শেষ সময়ের কাজ চলছে এখন। এ জন্য তিনি ও তাঁর সহযোগীরা দিন-রাত কাজ করছেন। রাতে ঘুমানোর সময়ও পাচ্ছেন না।
দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন স্থানে পূজার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলারও আয়োজন করা হয়েছে। লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের সর্বজনীন কালীমন্দির দুর্গোৎসব কমিটির সভাপতি সুমন মজুমদার জানান, পূজার সময়ে শিশুদের গণিত প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হবে। শিশুদের গণিত–ভীতি দূর করা ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিজনূর রহমান জানান, আসন্ন দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং সবার অংশগ্রহণ থাকে, তার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।