ব্যস্ততা বাড়ছেই রিয়াজউদ্দিন বাজারে
সব শ্রেণীর ক্রেতার কাছেই রিয়াজউদ্দিন বাজার কেনাকাটার স্বর্গ। এখানে শাড়ি, লুঙ্গি, থান কাপড়, তৈরি পোশাক, প্রসাধনী, বিছানার চাদর, তৈজসপত্র, খেলনা, মোবাইল ও ইলেকট্রনিকস এবং সব ধরনের গৃহস্থালির পণ্য মেলে। তাই সারা বছরই ক্রেতাদের ভিড় থাকে। তবে রমজান মাস শুরু হওয়ার দুই সপ্তাহ আগে থেকে ঈদের কেনাকাটা শুরু হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বিশাল এই বিপণিকেন্দ্র এখন সারা রাতই খোলা থাকছে।
রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতি সূত্রে জানা যায়, এখানে ছোট-বড় মিলিয়ে পাঁচ হাজারের মতো দোকান আছে। ঈদ উপলক্ষে প্রতিদিন প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার ব্যবসা হচ্ছে এসব দোকানে।
এবার বিকিকিনির সুবিধার্থে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর মধ্যে রয়েছে—বাজারের প্রত্যেক গলির ওপর প্যান্ডেলের ব্যবস্থা, নিরাপত্তার জন্য দুই শিফটে ৩০ জন নিরাপত্তা কর্মী নিয়োগ, জুবিলি রোড এবং স্টেশন রোডের প্রবেশ মুখে ট্রাফিক পুলিশের ব্যবস্থা।
রিয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ মাহবুবুল আলম বলেন, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় এখানকার যাতায়াত সুবিধা ভালো। এ ছাড়া সব ধরনের পণ্য পাওয়া যায় বলে ক্রেতারাও আসেন। ক্রেতাদের সন্তুষ্ট করার চেষ্টা করেন ব্যবসায়ীরাও।
গত বৃহস্পতি ও শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি, তৈরি পোশাক ও প্রসাধনসামগ্রীর দোকানগুলোতে বেশ ভিড়। এসেছে নানা নামের হাল ফ্যাশনের দেশি-বিদেশি পোশাক। বিক্রেতারা বলেন, এবার ঈদে গঙ্গা, বেলা, বিশাল, বিপুলসহ নানা নামের প্রচুর শাড়ি এসেছে। সেই সঙ্গে পুরোনো ঐতিহ্যের বেনারসি, কাতান, জামদানিও রয়েছে। এখানকার দোকানগুলোতে শাড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১২ হাজার টাকায় ও বাচ্চাদের পোশাক ২০০ থেকে চার হাজার টাকায়। ভালো মানের থ্রি-পিসের দাম পড়বে তিন হাজার থেকে ১৫ হাজার টাকা।
শাহ আমানত ক্লথ স্টোরের ব্যবস্থাপক আবদুর রহিম বলেন, ‘সারা বছরই আমাদের এই বাজারে ব্যবসা জমজমাট থাকে। রমজানে চাহিদা বেড়ে যায়। বিশেষ করে ১৫ রমজানের পর থেকেই আমরা রাতভর ব্যবসা করি।’
মোহরা থেকে ঈদের কেনাকাটা করতে আসা গৃহিণী মুন্নি বেগম বলেন, ‘আমি সব সময় রিয়াজউদ্দিন বাজারে আসি। কারণ, এখানে সব জিনিস পাওয়া যায়। দামও কম। আমার কাছে এই মার্কেটের বিকল্প নেই।’
কেনাবেচা জমেছে রিয়াজউদ্দিন বাজার এলাকার তামাকুমন্ডি লেনের দোকানগুলোতেও। এখানে রয়েছে ছেলেদের নানা ডিজাইনের পোশাক ও জুতার দোকান। দোকানিরা জানালেন, ৫০০ থেকে তিন হাজার টাকায় ছেলেদের শার্ট, এক হাজার থেকে চার হাজার টাকায় পাঞ্জাবি, ২০০ থেকে এক হাজার টাকায় টি-শার্ট এবং ৫০০ থেকে চার হাজার টাকায় পাওয়া যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের জুতা।