ব্যস্ততার মধ্যেও কাছে থাকা
হায়রে সুখ পাখি! এই বুঝি দেখা দিল, এই বুঝি নেই। তাকে ধরতেই তো এত কাজ, সারা দিনের ব্যস্ততা। অথচ এই সুখ পাখির পেছনে ছুটতে ছুটতে কেটে যায় আমাদের অর্ধেকটা জীবন। যখন মিলল তার দেখা, তখন আর পেছনে ফিরে কী লাভ বলুন? তত দিনে হারিয়ে গেছে স্বামী-স্ত্রীর জীবনের সোনালি কিছু সময়।নাট্যব্যক্তিত্ব সারা যাকের বলেন, ‘জীবনের একঘেয়েমি কাটিয়ে জীবনকে আনন্দময় করে তুলতে স্বামী-স্ত্রীর পরস্পরের ছোট ছোট আবদার, অভিমান ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া জরুরি।’ ‘ব্যস্ততা আমাকে দেয় না অবসর’—এ কথাকে প্রায়ই মিথ্যা প্রমাণ করেন আলী যাকের, সারা যাকের দম্পতি। একসঙ্গে সময় কাটানো, সেটি কখনো হয় সকালের নাশতার টেবিলের ধোঁয়া ওঠা চায়ের কাপের সঙ্গে, আবার কখনো দুজনে নিরিবিলি কোথাও। এটিএন বাংলার প্রধান প্রতিবেদক ও সাহিত্যিক শাহনাজ মুন্নী বলেন, ‘ঘণ্টাব্যাপী গল্প করা, সিনেমা দেখতে যাওয়া বা মোমবাতির আলোয় পরস্পর চেয়ে থাকা—এসব ছাড়া যে রোমান্টিকতা হয় না তা কিন্তু নয়, বরং কাজের ফাঁকে একটু সচেতনভাবেই দুজনের জন্য সময় বের করে নেওয়া যায়। সকালে অফিসে যাওয়ার তাড়াহুড়ায় কথা হলো না তাতে কী? মোবাইলের যুগে প্রিয়জন আর দূরে কোথায়। অফিসে লাঞ্চ বিরতির সময় পাঠিয়ে দিন ছোট্ট এসএমএস।’কথা হয় বাংলা একাডেমীর উপপরিচালক সরকার আমিনের সঙ্গে। শাহনাজ মুন্নীর সঙ্গে তাঁর দাম্পত্যের নানা কথা বলেন তিনি। ‘দাম্পত্য শব্দটির মধ্যে দাম অংশটি খুবই তাত্পর্যপূর্ণ কর্মব্যস্ততার মধ্যেও সম্পর্ককে দাম দিতে হবে। অনেকে বলেন, মুন্নী নাকি কম কথা বলে। তবে আমার সঙ্গে ওর সম্পর্কের জায়গাটি এমন যে প্রায়ই আমাকেই নীরব-শ্রোতা হয়ে ওর কথা শুনতে হয়। আমিও বিশেষ দিনগুলোতে ওকে চমকে দেওয়ার প্রায় সব ধরনের চেষ্টাই করে যাই। সফলতা আসুক বা না আসুক! হা-হা-হা।’অর্থহীন সবকিছু তাঁর কাছে একসময় প্রেম লাগত, আজও লাগে। আজও তাঁর বৃত্তের ভেতর আছেন সেই একজনই—মিথিলা। গানের কথায় তাহসান এভাবেই বলেন ভালোবাসার কথা। হয়তো ব্যস্ততার ফাঁকে এখন আর পাগলামির ভাবসম্প্রসারণ হয়ে ওঠে না। তবে দুজন মিলে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও বসে আড্ডাবাজি ও খাওয়াদাওয়া চলে। গান ও অভিনয়ের পাশাপাশি দুজনের জীবনেই ব্যস্ততা—একজন শিক্ষকতা এবং অন্যজন চাকরি নিয়ে। তবে তাহসানের নিজের কাজ শেষ করে মিথিলাকে প্রতিদিন অফিস থেকে বাসায় আনতে ভুল হয় না। বছরের একটা সময় দুজন মিলে পাড়ি জমান দেশের বাইরেও।অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি সামিয়া আফরিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছেন। আপাতদৃষ্টিতে যা কিছু রোমান্টিক, তা হয়তো এখন আর তাঁর করা হয়ে ওঠে না; তবে মনে মনে তিনি ঠিকই একটা সময় বের করে নেন দুজনের জন্য। কাজের ফাঁকে তাঁর স্বামী রেজাউল ইসলামের সঙ্গে চলে নিয়মিত এসএমএস আদান-প্রদান। ব্যস্ত মানুষ সাধারণত কম রোমান্টিক হয়—ব্যাংক কর্মকর্তা রেজাউল ইসলামের সব সময় চেষ্টা থাকে এ ধারণাটিকে ভুল প্রমাণ করার—বিশেষ দিনগুলোতে তো বটেই। তবে তিনি বেশ আক্ষেপ করে বলেন, ট্রাফিক জ্যামের কারণে দুজনের কাছে থাকার সময়টুকু সীমিত হয়ে উঠেছে। এত ব্যস্ততার মধ্যে জীবন থেকে যেন হারিয়ে না যায় রোমান্টিকতা, এ জন্য কিছু পরামর্শ রইল। সকালে তাড়াহুড়ার কারণে কথা হলো না। বিকেল তো রয়েছেই। বিকেলে ব্যস্ততা থাকলে সন্ধ্যা। এর পরও থেকে গেল বিশাল রাত। ২৪ ঘণ্টার দিন-রাতে একটু সময় বের করে নিলে ক্ষতি কী তাতে! খোলা আকাশের নিচে দুজনে হাঁটতে যাওয়ার সময় হলো না, তাতেও ক্ষতি নেই। আপনার ঘরের জানালার পাশের বিলবোর্ডের ফাঁকে একচিলতে আকাশটাই দেখুন দুজন একসঙ্গে বসে। বিষয়টি দুজনে পাশাপাশি থাকার। সেই পাশে থাকাটা চার দেয়ালে বন্দী হলেও সমস্যা নেই; যদি দুজনের মনের সঙ্গে মনের পাশে থাকা হয়। জন্মদিনে ঘরভর্তি বেলুন, বিবাহবার্ষিকীতে ফুলেল ঘর, ভালোবাসা দিবসে মোমবাতির আলোয় রাতের খাবার খাওয়ার আয়োজন হয়তো অনেকটাই ছেলেমানুষী হয়ে যাবে। হোক না! বছরে দু-একটা দিন বয়সটা একটু ভুলে গেলে ক্ষতি কী! বিয়ের পর মধুচন্দ্রিমা হয়ে গেল। ব্যস, এই শেষ? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার মধুচন্দ্রিমায় যাওয়া যাবে না কোন অভিধানে লেখা আছে? সময় পেলে দুজন মিলে বের হয়ে যান দেশভ্রমণে। অনেকেই বলে উঠতে পারেন, দুজন আর দুজনার হয়ে ওঠার সুযোগ কোথায়! গেলেন কক্সবাজার। আহ! বিশাল সাগরের বুকেও যদি একটু ঠাঁই হতো একাকী দুজনার! ছুটির দিন তো আপনার মতো অনেকেরই। তাঁদের বলছি, শুনুন, আপনার সঙ্গীর চোখে চোখ রেখে, ঢেউয়ের গর্জনে কান পেতে ভুলে যান বাকি সবকিছু। না-ই বা গেলেন দূরে কোথাও। ছুটির দিনে দুপুরের ভাত-ঘুমের পর বারান্দার আরামকেদারায় হেলান দিয়ে বিকেলের শেষ আলোর ঝিলিকটা উপভোগ করুন চায়ের কাপে দুজনার অলস চুমুকেই।আর বছরে দু-একদিন অফিস থেকে ছুটি নিলে তেমন কোনো ক্ষতি হবে বলে মনে হয় না। কোনো একদিন আপনার প্রিয় মানুষটির পছন্দের খাবারটি নিজ হাতে তৈরি করে অপেক্ষা করতে থাকুন। দরজার তালা খোলা দেখে তিনি চোর-ডাকাতের উপদ্রব ভেবে পিলে চমকেও উঠতে পারেন। তাতে কী, ভীরু পায়ে ঘরে ঢুকেই যখন প্রিয় রান্নার সুবাস পাবেন আর আপনার উপস্থিতি—দুটোই অবাক করা তৃপ্তির গন্ধ ছড়াবে বাতাসে।আপনার জীবন হোক প্রেমময়।