কর্মশালায় শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া
ব্যাংক-ঋণের সুদ নিয়ন্ত্রণ করা গেলে দেশের শিল্প এগিয়ে যাবে
শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেছেন, ‘বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সম্ভাবনার জায়গা। ব্যাংক-ঋণের সুদ নিয়ন্ত্রণ করা গেলে দেশের শিল্প এগিয়ে যাবে। শিল্প অর্থনীতির উন্নয়ন করা গেলে দেশ এগিয়ে নিয়ে যাওয়া যাবে।’ তিনি আরও বলেন, ‘বেসরকারি ব্যাংকগুলোর সুযোগ-সুবিধা অনেক বেশি। ব্যাংকিং খাত তথা সমগ্র বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করার জন্য প্রথমেই যা প্রয়োজন—তা হচ্ছে ঐকান্তিকতা।’ তিনি গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের একটি হোটেলের সম্মেলন কক্ষে ‘শিল্পঋণ প্রাপ্তির ক্ষেত্রে দুর্নীতি হ্রাস’ শীর্ষক অধিপরামর্শ (অ্যাডভোকেসি) কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আরও বলেন, ‘সরকারি ব্যাংকগুলোর সীমাবদ্ধতা আছে। কারণ তারা সিদ্ধান্ত নিতে পারে না। তখন এর মধ্যে দুর্নীতি চলে আসে।’ মন্ত্রী জানান, বর্তমান সরকার ব্যাংকিং খাতে চাঙাভাব আনার জন্য সামগ্রিক পদক্ষেপ নিয়েছে। সরকারি ব্যাংকগুলোকে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। সাংবাদিক জাহিদুজ্জামান ফারুকের সঞ্চালনায় কর্মশালায় সভাপতিত্ব করেন সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়েন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খন্দকার ইব্রাহিম খালেদ। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নওশাদ আলী চৌধুরী, ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও অর্থনীতিবিদ মো. সিকান্দার খান, দেশের প্রথম সামুদ্রিক জাহাজ নির্মাতা ও রপ্তানিকারক ওয়েস্টার্ন মেরিন সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাখাওয়াত হোসেন, জেমস্ ফিনলে বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা এ কিউ আই চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ সালাম, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ।