ব্যাংক নোটে কালামের ছবি আনার দাবি

ভারতে ‘জনতার রাষ্ট্রপতি’ খ্যাত এপিজে আবদুল কালামের প্রয়াণের শোক এখনো কাটেনি। কালাম যে কি তুমুল জনপ্রিয় ছিলেন তা যেন আরও বেশি করে বোঝা যাচ্ছে ভারতজুড়ে জনতার শোকে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে ভারতের ব্যাংক নোটে সাবেক রাষ্ট্রপতি কালামের ছবি সংযোজনের।
বিজ্ঞানী ও সাবেক রাষ্ট্রপতি কালামকে সম্মান জানানোর প্রয়াসে নকশা করা এমন কিছু ব্যাংক নোটের ছবি ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। উল্লেখ্য, ভারতের ব্যাংক নোটে এখন দেশটির ‘জাতির জনক’ হিসেবে অভিহিত মোহন দাস করম চাঁদ গান্ধী ওরফে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।
২৭ জুলাই শিলংয়ে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে আকস্মিকভাবে মৃত্যুর কোলে ঢলে পড়েন এপিজে আবদুল কালাম। রাজধানী নয়াদিল্লিতে শ্রদ্ধা জানানোর পর জন্মস্থান তামিলনাড়ুতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় সাবেক এই রাষ্ট্রপতিকে। ভারতের পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে এগিয়ে নিতে অবিস্মরণীয় অবদানের জন্য বিশ্বজুড়ে ভারতের ‘মিসাইল ম্যান’ খ্যাত কালামকে শেষ বিদায়ের সময় দেওয়া হয় পূর্ণ সামরিক মর্যাদাও।
ভারতের জাতীয় পতাকায় মোড়ানো কফিন নিয়ে কালামের শেষ যাত্রা পরিণত হয়েছিল শীর্ষ নেতাদের মিলন মিছিলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালামের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মৌনভাবে দাঁড়িয়ে অবনত মস্তকে শ্রদ্ধা নিবেদন করে বিদায় জানান এই ভারতরত্নকে।
জানাজার পর পরিবারের সদস্যসহ বিশিষ্ট নাগরিকেরা যখন কালামকে কবরে শুইয়ে দিচ্ছিলেন তখন আকাশ-বাতাস প্রকম্পিত হচ্ছিল ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে।
‘মিসাইল ম্যান’ খ্যাতি অর্জনের সময় থেকেই ভারতের তরুণ প্রজন্মের কাছে দেশটির অন্যতম প্রধান অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হন কালাম। সুবক্তা এই পণ্ডিতের অমৃত বচনে অনুপ্রাণিত হয়েছেন দেশ-বিদেশের অগণিত ছাত্র-তরুণ-পেশাজীবীরা।
প্রয়াণের আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ছিলেন কালাম। স্বপ্নবাজ এই বিজ্ঞানীর নানা স্মরণীয় উক্তি আর তাঁর জীবনের নানা ঘটনা ফেসবুক টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তুমুল জনপ্রিয়। এখন ভারতের ব্যাংক নোটে জনতার রাষ্ট্রপতি খ্যাত কালামের ছবি সংযোজনের দাবি তারই ধারাবাহিকতা বলে মনে করছেন বিশ্লেষকেরা।
(জিনিউজ অবলম্বনে)