ব্যাংক রঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকে চাকরির জন্য আবেদন করেছে জসিম। তাকে পরীক্ষা করার জন্য ব্যাংকের বড় কর্তা একটা ছোট্ট কাজ দিলেন। বললেন, ‘কবির সাহেব আমাদের ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা ঋণ নিয়েছেন। দীর্ঘদিন ধরে আমরা তাঁর পেছনে লেগে আছি, কিন্তু তিনি আমাদের টাকা পরিশোধ করছেন না। পারো তো তাঁর কাছ থেকে আমাদের পাওনা টাকা উদ্ধার করে নিয়ে এসো।’পরদিনই পুরো পাওনা টাকা উদ্ধার করে হাজির জসিম। বড় কর্তার চক্ষু তো ছানাবড়া! কর্তা বললেন, ‘আশ্চর্য! আমরা এত দিন ধরে পারলাম না, আর তুমি এক দিনেই টাকা তুলে ফেললে! কীভাবে পারলে?’জসিম বলল, ‘সহজ! তাঁকে বললাম, হয় আপনি আমাদের টাকা পরিশোধ করুন, নয়তো আপনার সব পাওনাদারের কাছে গিয়ে বলব, আপনি আমাদের টাকা পরিশোধ করে দিয়েছেন!’দরজির কাছে শার্ট-প্যান্ট বানাতে দিয়েছেন ব্যাংক কর্মকর্তা শফিক। যথাসময়ে তিনি তাঁর পোশাক বুঝে পেলেন। সব ঠিকঠাক আছে, শুধু শার্ট-প্যান্ট কোনোটারই পকেট নেই। দরজিকে পাকড়াও করলেন শফিক, ‘কী হে, জামার পকেট কোথায়?’দরজি উত্তর দিল, ‘ব্যাংক কর্মকর্তারা কখনো নিজের পকেটে হাত দেয় নাকি!’গাবলু বলছে মন্টুকে, বুঝলি, ভাবছি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা ঋণ নেব।মন্টু: পাঁচ হাজার কেন? তুই বরং পাঁচ কোটি টাকা ঋণ নে।গাবলু: কেন?মন্টু: পাঁচ হাজার টাকা ঋণ করলে সেটা তোর মাথাব্যথা, আর পাঁচ কোটি টাকা ঋণ করলে সেটা ব্যাংকের মাথাব্যথা! ব্যাংকে টাকা তোলার লাইনে দাঁড়িয়েছে জলিল। তবে বেচারা একদমই স্বস্তিতে নেই। একটু পরপরই তার বিকট শব্দে হেঁচকি উঠছে। পুরো ব্যাংকের মানুষ জলিলের দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। খুবই বিব্রতকর অবস্থা!একসময় কাউন্টারের একেবারে কাছে চলে গেল জলিল। ২০ হাজার টাকার চেকটা জমা দিতেই কাউন্টারে বসা মেয়েটি পাংশু মুখে বলল, ‘দুঃখিত স্যার, আপনার অ্যাকাউন্টে এত টাকা জমা নেই।’ বিস্ময়ে জলিলের চোখ কপালে উঠল, বলে কী! কদিন আগেই পুরো ৫০ হাজার টাকা সে জমা রেখেছে। মেয়েটিকে সে জিজ্ঞেস করল, ‘তা হলে কত টাকা আছে?’ মেয়েটি বলল, ২০০ টাকার কাছাকাছি।’ জলিলের এবার প্রায় মূর্ছা যাওয়ার দশা। কাঁপা কাঁপা গলায় বলল, ‘আপনি কি আমার সঙ্গে মজা করছেন?’এবারে মিষ্টি হেসে মেয়েটি বলল, ‘জি স্যার, আপনি নিশ্চই লক্ষ করেননি, আপনার হেঁচকি ওঠা বন্ধ হয়ে গেছে!’সর্দারজি হন্তদন্ত হয়ে ঢুকলেন ব্যাংকে। কর্মকর্তাকে বললেন, ‘আমার এখনই টাকা তোলা দরকার। কিন্তু আমি প্রায় এক মাস আগে আমার চেকবই হারিয়ে ফেলেছি।’কর্মকর্তা: এত দিন আগে চেকবই হারিয়েছেন, আর এখন এ কথা বলছেন? কেউ যদি আপনার সই নকল করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলে?সর্দারজি: আমাকে কি এত বুদ্ধু ভেবেছেন? সই যাতে নকল করতে না পারে, সে ব্যবস্থা আগেই করে রেখেছি। চেকবইয়ের সব পাতায় সই করে রেখেছি!ব্যাংক কর্মকর্তাকে বলছেন শামছু মিয়া, আমি ১০ লাখ টাকা ঋণ নিতে চাই।কর্মকর্তা: কী উদ্দেশ্যে ঋণ নেবেন?শামছু: এই টাকা দিয়ে আমি গাড়ি কিনব।কর্মকর্তা: ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। তবে আগেই বলে রাখি, আপনি যদি নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত দিতে না পারেন, ব্যাংক আপনার গাড়ি নিয়ে নেবে।শামছু: ইশ্! আগে বলবেন না? আগে জানলে আমি ঋণ নিয়ে বিয়ে করতাম!রেস্টুরেন্টে পরিচয় হলো রিমা আর সোহাগের। তারা দুজন একসঙ্গে চা খেল, খানিক গল্পগুজব করল, মোবাইল নম্বর নিল...এবং আধঘণ্টার মাথায় সোহাগ রিমাকে প্রেম নিবেদন করে বসল। বলল, ‘আপনি কি আমাকে বিয়ে করবেন?’বিস্মিত রিমা বলল, ‘আমাদের পরিচয়ের এক ঘণ্টাও হয়নি। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না, অথচ আমাকে বিয়ে করতে চাইছেন?’সোহাগ বলল, ‘কে বলেছে জানি না? আপনার বাবা যে ব্যাংকে টাকা জমা রাখেন, আমি সেই ব্যাংকের হিসাবরক্ষক।’সংগ্রহ: মো. সাইফুল্লাহ