ব্যাংক লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

খবর: এবার রাজশাহীতে সোনালী ব্যাংকের একটি শাখায় সুড়ঙ্গ খোঁড়ার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এক পথচারী দেখে ফেলায় সুড়ঙ্গ খোঁড়ার সরঞ্জাম ফেলে পালিয়ে যায় তারা। গত বৃহস্পতিবার রাতে রাজশাহী নগরের কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। ব্যাংকের এই কার্যালয়টি রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ের পাশেই।
(সূত্র: প্রথম আলো, ৬ ডিসেম্বর ২০১৪)
লিটন ও নান্নু—পিছিয়ে পড়া দুই ছিনতাইকারী। কয়েক মাস আগে গুম করতে গিয়ে নিজেরাই গুম হয়ে গিয়েছিল। বহু ঝামেলার পর তারা নিজেদের আস্তানায় ফিরে এসেছে। দুজনের মনই অশান্ত। লিটন ভাবল, কিছু জিনিসপত্র ভাঙচুর করলে মনটা শান্ত হতো। কিন্তু নান্নুর হাত-পা ছাড়া ভাঙার মতো জিনিসও নেই ঘরে। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, ‘তোর মতো গাধার লগে না থাকলে এত দিনে নামকরা ছিনতাইকারী হইতাম।’
: ফাও কথা কইস না। তোর বুদ্ধিতে কয় দিন আগে গুম হইসি। হই নাই?
লিটন কিছু বলল না। সুযোগ পেলেই নান্নু গুম নিয়ে খোঁটা দেয়। এটা মেনে নেওয়া যায় না। কিছু একটা করা দরকার। অনেক দিন থেকে ব্যাংক লুটের কথা ভাবছে লিটন। নান্নুকে বলতেই সঙ্গে সঙ্গে রাজি হলো সে। বলল, এ বিষয়ে তার পূর্ব অভিজ্ঞতাও আছে। ছোটবেলায় মায়ের মাটির ব্যাংক থেকে অনেকবার টাকা সরিয়েছে সে। শুনে নান্নুর পিঠ চাপড়ে দিল লিটন। মায়ের চোখ এড়িয়ে যে টাকা চুরি করতে পারে, তার কাছে ব্যাংকের সিকিউরিটির চোখ এড়ানো কোনো ঘটনাই না। এই প্রথম নান্নুকে বেশ অভিজ্ঞ ও বুদ্ধিমান মনে হলো তার।
ওদের আস্তানা থেকে একটু দূরেই বর্ণালি ব্যাংক। লিটন নান্নুর ধারণা, সরকারি ব্যাংক লুট করা কোনো ব্যাপারই না। তাই বর্ণালি ব্যাংককেই বেছে নিয়েছে। এর আগে কখনোই ব্যাংকে যায়নি ওরা। তবে লিটন একবার ইয়াবা ব্যবসার জন্য লোন নিতে ব্যাংকে গিয়েছিল। অপমানিত হয়ে ফিরে এসেছে। নান্নুর অবশ্য ব্যাংক অ্যাকাউন্টের খুব শখ। এই ব্যাংক থেকে লুট করা টাকা অন্য একটা ব্যাংকে জমা রাখার প্রাথমিক সিদ্ধান্ত নিল সে। তবে আজই লুটের পরিকল্পনা নেই ওদের। ওরা যাচ্ছে পুরো ব্যাপারটা পর্যবেক্ষণ করতে।
ভালো পোশাক পরে বেরিয়েছে দুজন। ঠিক হলো লিটন বাইরের পরিস্থিতি দেখবে। ভেতরে যাবে নান্নু। সুবিধামতো সময়ে ফোন দিলেই চলে আসবে লিটন। নান্নু ব্যাংকে ঢুকতেই দেখল, গেটের সামনে নিরাপত্তারক্ষী টুলে বসে হাঁ করে ঘুমাচ্ছে। হাসি ফুটল ওর মুখে। অর্ধেক কাজ হয়ে গেছে ভেবে ভেতরে ঢুকল সে।
ভেতরে বেশ ভিড়। ভিড় দেখে অবাক হয়ে গেল নান্নু। ‘ব্যাংকে এত ভিড় ক্যান? ব্যাংক তো সিনেমা হল না’—ভাবল সে। মনোযোগ দিয়ে ব্যাংকের সবকিছু খেয়াল করতে লাগল নান্নু। ভাঙাচোরা দেয়াল। হঠাৎ দেয়ালে সাঁটানো একটা কাগজ চোখে পড়ল তার। কাগজে লেখা, ‘ব্যাংকের ভেতর মোবাইল ফোন ব্যবহার করবেন না।’ ছিনতাইকারী হলেও সে একজন সচেতন নাগরিক। দ্রুত মোবাইল বন্ধ করল নান্নু। পাশে আরেক নির্দেশ ঝুলতে দেখল সে, ‘একসঙ্গে অনেক টাকা বহনে সমস্যা হলে পুলিশের সহায়তা নিন।’ নান্নু ভাবল, লুটের পর টাকা নিতে সমস্যা হলে পুলিশের সাহায্য নেবে। 

হঠাৎ তার খেয়াল হলো, ব্যাংকে বেশ কয়েকটা সিসি ক্যামেরা আছে। ঝোঁকের বশে ব্যাংক লুট করতে চলে এসেছে। ক্যামেরার ব্যাপারটাই ওরা ভাবেনি। পাশ থেকে ব্যাংকেরই এক পিয়ন লাল দাঁত বের করে বলল, ‘এইগুলা নষ্ট স্যার। তা–ও অনেক দিন হইয়া গেছে। বোঝেনই তো, সরকারি জিনিস।’ খুশিতে পিয়নকে জড়িয়ে ধরার ইচ্ছাটা চাপা দিল নান্নু। টাকাগুলো লুট করে পরে পিয়নকে ভালো হোটেলে আস্ত মোরগের কাচ্চি খাওয়ানোর কথা ভাবল সে। এমন সময় এক তরুণী নান্নুর সামনে এসে বলল, ‘এক্সকিউজ মি, টাকা জমা দেওয়ার লাইন কোনটা?’
নান্নু এতক্ষণে ব্যাংকের কোথায় কী তা জেনে গেছে। সে তরুণীকে লাইন দেখিয়ে দিল। তরুণীর হাতে একগাদা বই। সে ইতস্তত করে বলল, ‘ইয়ে ভাইয়া, একটু হেল্প করবেন? বইগুলো যদি একটু ধরতেন, টাকা জমার স্লিপ লিখতে হবে তো...’
নান্নু ‘নিশ্চয়ই, নিশ্চয়ই’ বলে বইগুলো হাতে নিয়ে ভাবল, মেয়েটা বইগুলো নিয়ে ঝামেলায় পড়েছে, তাকে সাহায্য করা দরকার। নারীদের পাশে পুরুষরা না দাঁড়ালে সমাজের উন্নতি হবে কী করে? সে হাসিমুখে বলল, ‘আপনি স্লিপ লেখেন। আমি আপনার হয়ে লাইনে দাঁড়াচ্ছি। নইলে পিছিয়ে পড়বেন।’
তরুণীর আপত্তি সত্ত্বেও নান্নু লাইনে দাঁড়িয়ে পড়ল। একটু পর তরুণী বইগুলো নিয়ে লাইনে দাঁড়াল। নান্নুও তার পেছনে দাঁড়িয়ে বলল, ‘আপনার পরই না হয় আমি টাকা জমা দেব। কোনো সমস্যা নাই।’
ওদিকে বাইরে রোদে দাঁড়িয়ে লিটন দুশ্চিন্তায় অস্থির। নান্নুর ফোনও বন্ধ। নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে ভেবে ব্যাংকের ভেতরে ঢুকল সে। ঢুকে দেখে নান্নু টাকা জমা দেওয়ার লাইনে দাঁড়িয়ে এক মেয়ের সঙ্গে গল্প করছে। নান্নুকে কষে একটা লাথি দিতে ইচ্ছে করল লিটনের। পাশে গিয়ে ভদ্রভাবে বলল সে, ‘তুই এখানে কী করস?’
: না মানে, টাকা জমা দিব তো, লাইনে দাঁড়াইছি।
: আমরা টাকা তুলতে আসছি। অন্য লাইন।
: ও, হ।
নান্নুকে একরকম টেনে নিয়ে এল লিটন। মনটাই খারাপ হয়ে গেল নান্নুর। মেয়েটাকে ‘বাই’ বলা হলো না। নষ্ট সিসি ক্যামেরার কথা শুনে লিটনের মনে হলো, সামান্য ব্যাংক লুটের জন্য দুদিন আসা ছেলেমানুষি। আজকেই ঝামেলা মিটিয়ে ফেলা উচিত। পুরো পরিকল্পনাটা ঝালিয়ে নিল ওরা। লাঞ্চের সময় লোকজন কমে গেলে ক্যাশের দিকে এগিয়ে গেল দুজন। একজন ছাড়া ক্যাশবুথ পুরো খালি। আশপাশে কেউ নেই দেখে পিস্তল বের করল নান্নু। লিটন ভদ্র ভঙ্গিতে ক্যাশে বসা লোকটাকে বলল, ‘জনাব, আমরা ব্যাংক লুট করতে এসেছি। চিত্কার করবেন না। ভল্টের চাবিটা দিয়ে দিন। আমাদের হাতে অস্ত্র আছে। কিন্তু আমরা ভদ্রঘরের সন্তান। অস্ত্র ব্যবহার হোক, তা চাই না।’
ক্যাশের লোকটির মুখে কোনো ভাবান্তর হলো না। সে মনের আনন্দে চেয়ারে হেলান দিয়ে কান চুলকাতে লাগল। বিরক্ত হয়ে লিটন আবার বলল, ‘ভাই, আমরা ব্যাংক লুট করতে এসেছি, আপনি বুঝতে পারছেন?’
: আহ্, শুনেছি তো একবার। লাঞ্চের পর আসেন। এখন ব্যস্ত আছি। কাজের সময় বিরক্ত করবেন না তো। যান।
: ম্যানেজার কোথায়?
: উনি নাই। ছুটিতে।
নান্নু অধৈর্য হয়ে পিস্তল তুলল। ক্যাশের লোক নির্বিকারভাবে বললেন, ‘কইরে জালাল, চা দিলি না?’
এবার ভয় পেয়ে গেল নান্নু! এত সাহসী, ঠান্ডা মাথার মানুষও হয়? লিটনকে নিয়ে পিছিয়ে এল সে। উত্তেজনায় ওরা খেয়ালই করেনি ক্যাশের ভদ্রলোক কান চুলকানোর তৃপ্তিতে চোখ বন্ধ করে বসে ছিলেন। মোটা চশমার কারণে ব্যাপারটা ওরা বুঝতে পারেনি। নান্নু লিটনকে সান্ত্বনা দিয়ে বলল, ‘চল, আজকে যাইগা।’
কিন্তু লিটন হাল ছেড়ে দেওয়ার মতো লোক নয়। ব্যাংক থেকে বেরিয়ে সে গম্ভীর গলায় বলল, ‘প্রথমবার এসেছি, কিন্তু শেষবার নয়।’
‘কী কস?’ নান্নু অবাক।
‘হ।’ পত্রিকার একটা কপি দেখিয়ে বলল লিটন ‘এইবার তো দরজা দিয়া ঢুকসি। পরেরবার সুড়ঙ্গ কাইটা ঢুকমু।’ নান্নু দেখল পত্রিকায় সুড়ঙ্গ কেটে ব্যাংক লুটের খবর একেবারে ছবিসহ দেওয়া আছে। ‘পত্রিকা পাইলি কই?’
‘ব্যাংক থেইকা বের হওনের সময় মাইরা দিসি।’ শার্টের কলার নেড়ে বলল লিটন। নান্নুর চোখে বিস্ময়! ব্যাংক লুট তো এখন সময়ের ব্যাপার। শুধু রাত এলেই হয়। দ্রুত আস্তানার দিকে রওনা দেয় ওরা। শাবল আছে কি না দেখতে হবে।