তরুণ উদ্যোক্তারা নানা সময় পুঁজির অভাবে পিছিয়ে পড়েন। তা কাটিয়ে ওঠার একমাত্র পথ ব্যাংকঋণ। কিন্তু ঋণ পাওয়ার জটিল প্রক্রিয়ার কারণে অনেকে সেদিকে পা মাড়ান না। ব্যাংকঋণ পাওয়া সহজ হলে তরুণ উদ্যোক্তা তৈরির পথ সুগম হবে। তবে তরুণদেরও ক্ষুদ্র-মাঝারি ঋণ পাওয়ার পদ্ধতি জানা থাকতে হবে।
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) আয়োজিত ‘ফিন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস: করপোরেট লোন অ্যাসেসমেন্ট’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। সম্প্রতি নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে এই সেমিনারের আয়োজন করা হয়।
এতে ব্যাংকঋণের মাধ্যমে তরুণ উদ্যোক্তা সৃষ্টির বিষয়ে শিক্ষার্থীদের ধারণা দেন ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ মাঈন উদ্দীন। অনুষ্ঠানে ঋণ তোলার ক্ষেত্রে সমস্যা, সীমাবদ্ধতা, সংকট ও সমাধানের কথা তুলে ধরেন স্কুল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন শাখার সহকারী অধ্যাপক তাবাস্সুম চৌধুরী ও প্রভাষক ফাহমিদা আকতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমবিএ প্রোগ্রাম সমন্বয়ক মো. আসাদুজ্জামান। এই সময় মিলনায়তনভর্তি শিক্ষার্থীরা ব্যাংকঋণ ব্যবহার করে উদ্যোক্তা হওয়ার বিষয়ে তাঁদের স্বপ্নের কথা তুলে ধরেন। পরে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
ব্র্যাক ব্যাংকের রিলেশনশিপ ম্যানেজার মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ব্যাংক থেকে ঋণ পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে এই কথা সত্যি। আবার ভালো উদ্যোক্তাও বেরিয়ে আসছে না। ফলে যথাযথভাবে ব্যবহৃত হচ্ছে না ব্যাংকের অলস টাকা। এখনকার তরুণ উদ্যোক্তারা বেশির ভাগই সেবামূলক প্রতিষ্ঠানের দিকে ঝুঁকছেন। তিনি আরও বলেন, চট্টগ্রামে গত ১০ বছরে ভালো কোনো তরুণ উদ্যোক্তা সৃষ্টি হয়নি।
সেমিনার আয়োজনের বিষয়ে অনুষ্ঠানের সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, ব্যাংকঋণের মাধ্যমে কীভাবে উদ্যোক্তা তৈরি করে দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা যায়, সে বিষয়ে ব্যবহারিক ধারণা দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।