ব্যাংকঋণ পান না নারী উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর পক্ষে পুরুষ
নারীর পক্ষে পুরুষ

রাজশাহীর নাজু বুটিক হাউসের কর্ণধার নারী উদ্যোক্তা রোকসানা পারভীন নাজু। চলতি বছরের জানুয়ারিতে পাঁচ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেছিলেন ন্যাশনাল ব্যাংকের রাজশাহী শাখায়। ব্যাংক যাচাই-বাছাই শেষে ছয় মাস পর তাঁকে দুই লাখ টাকা ঋণ নেওয়ার প্রস্তাব দেয়। এতেও রাজি হন রোকসানা পারভীন। তবে এর মধ্যেই শাখা ব্যবস্থাপক পরিবর্তন হয়ে যাওয়ায় আটকে গেছে তাঁর ঋণ। বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস, ন্যাশনাল ব্যাংকের শাখায় ঘোরাঘুরি করেও ঋণের দেখা পাননি তিনি।
রোকসানা পারভীন ক্ষোভ প্রকাশ করে প্রথম আলোকে বলেন, ‘আমি মাসের পর মাস ব্যাংকে ঘোরাঘুরি করছি। সকালে গেলে বিকেলে যেতে বলে। বিকেলে গেলে বলে পরের দিন। দুই লাখ টাকা দিতে রাজি হয়। দুজন গ্যারান্টর চায়, তাও দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত ঋণের দেখা পাইনি। ব্যাংক তো আমাকে ফুটবলের মতো ব্যবহার করছে। যার কাছেই যাই, সে-ই অন্যকে দেখিয়ে দেয় শুধু।’

রোকসানা পারভীন বলেন, ‘ব্যাংক এখন বলছে, রাজশাহীতে কোনো নারী উদ্যোক্তাকে ঋণ দেওয়া হবে না। ৪২ জন নাকি খেলাপি হয়ে পড়েছে। আমার তো কোনো দোষ নাই, কেন আমাকে বারবার ঘোরানো হলো।’ কেবল রোকসানা নয়, সারা দেশে অনেক নারী উদ্যোক্তা একই সমস্যায় আছেন। জাতীয় শিল্পনীতি ২০১৬-এ বলা হয়েছে, এসএমই খাতে ঋণের কমপক্ষে ১৫ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংকেরও নির্দেশনা রয়েছে, পুনঃ অর্থায়ন ঋণের কমপক্ষে ১০ শতাংশ নারী উদ্যোক্তাদের দিতে হবে। তবে গত জুন পর্যন্ত মেয়াদে নারী উদ্যোক্তাদের মধ্যে দেওয়া হয়েছে মাত্র ৫ শতাংশ ঋণ।

নারী উদ্যোক্তারা বলছেন, ঋণের জন্য ব্যাংক সাদরে আমন্ত্রণ গ্রহণ করলেও ঋণ সেভাবে দিচ্ছে না। ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার শর্ত চাইছে তারা। পাশাপাশি প্রতিষ্ঠিত জিম্মাদার বা গ্যারান্টর, স্থায়ী ব্যবসাসহ নানা নথিপত্র চাইছে ব্যাংকগুলো।

একইভাবে হয়রানির শিকার হয়েছেন সিলেটের নারী উদ্যোক্তা মিনারা বেগম। দুটি বিউটি পারলার ও গরুর একটি খামার আছে তাঁর। ১০ লাখ টাকা ঋণের জন্য একটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে আবেদন করেছিলেন তিনি। এ জন্য সিলেট শহরের বাড়িও বন্ধক হিসেবে দেন। কিন্তু ঋণের দেখা পাননি।

মিনারা বেগম প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকগুলো একসময় ঋণ দিতে উদ্যোক্তা খুঁজত। আর এখন ঋণ দিতে চায় না। কোটি টাকার সম্পত্তি বন্ধক দেওয়ার পরও ঋণ পাচ্ছি না।’

একইভাবে রাবেয়া খাতুন এসএমই ঋণের জন্য আবেদন করেও ঋণ পাননি। আবার ব্যাংক ঋণ পাননি নারী উদ্যোক্তা দিপা মজুমদার, সাদিয়া তাজমিন দোলা ও সাবরিনা ইয়াসমিন। প্রথম আলোকে তাঁরা বলেন, চাহিদামতো সব নথিপত্র জমা দেওয়া হয়েছে। দিনের পর দিন ব্যাংকগুলো ঘুরিয়েছে। এরপরও ঋণ প্রদান করছে না।

বাংলাদেশ ওমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট সেলিমা আহমাদ প্রথম আলোকে বলেন, নারী উদ্যোক্তাদের বড় অংশই বছরের বিভিন্ন উৎসবে ব্যবসা করেন। ব্যাংকগুলোর কাছে ঋণের আবেদন করলে সময়মতো ঋণ দেওয়া হয় না। পরে ঋণ অনুমোদন করা হলেও তা আর ব্যবসার কাজে লাগে না। ফলে নারী উদ্যোক্তারা ঋণের অভাবে ব্যবসায় পিছিয়ে পড়ছেন। এ ছাড়া নারী উদ্যোক্তাদের প্রতি ব্যাংকগুলোর আচরণ এখনো সেভাবে বদলাইনি।

সেলিমা আহমাদের মতে, উদ্যোক্তা সৃষ্টিতে ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে হবে। শুধু ঋণ দিয়ে বসে থাকলেই চলবে না। পৃথিবীর সব দেশেই ব্যাংকগুলো উদ্যোক্তা সৃষ্টি করে। বাংলাদেশেও ব্যাংকগুলোকে এ উদ্যোগ নিতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ছয় মাসে এসএমই খাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করেছে ৬৯ হাজার ৬৬৯ কোটি টাকা। এর মধ্যে নারী উদ্যোক্তাদের মাঝে গেছে ৩ হাজার ৮২ কোটি ৭১ লাখ টাকা। অর্থাৎ ৫ শতাংশ ঋণও নারী উদ্যোক্তারা পাননি।

এ সময়ে নতুন নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সংখ্যাও হ্রাস পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত জুন পর্যন্ত নারী উদ্যোক্তাদের ৩ হাজার ১৫৮টি প্রতিষ্ঠান ৫৯৫ কোটি টাকার ঋণ পেয়েছে। গত বছরের একই সময়ে এই সংখ্যা ছিল ৩ হাজার ৮২৩। সে হিসাবে নতুন নারী উদ্যোক্তা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১৭ শতাংশ।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সবাই ঋণ পাচ্ছে, এটা আমি বলব না। তবে ব্যাংক চেষ্টা করে যারা ঋণ পাওয়ার যোগ্য, তাদের ঋণ দিতে। ঋণ ফেরতের নিশ্চয়তা না পেলে কীভাবে দেবে। নারী উদ্যোক্তাদের ঋণের আবেদন বেশির ভাগ সময়ই পূর্ণাঙ্গ থাকে না। এ কারণে তাদের আবেদন প্রত্যাখ্যান করা হয়।’

মাহবুবুর রহমান বলেন, নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি করতে সরকারি পর্যায়ে কোনো উদ্যোগ থাকলে ভালো হতো। তাঁরা কী ব্যবসা করবেন, কীভাবে ঋণ আবেদন করবেন—এসব জানতে পারবেন তাঁরা। এ ছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল করলেও তাঁরা উঠে আসবেন।