ব্যাংকগুলোকে নতুন উদ্যোক্তা সৃষ্টি করতে হবে
বিভিন্ন বেসরকারি ব্যাংকেও এখন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। বেসরকারি ব্যাংকেও পরিচালনা, ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিভাগে ঢুকে গেছে অনিয়ম ও দুর্নীতি

বাংলাদেশের অর্থনীতি সম্প্রতি বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাতে জালিয়াতির বিভিন্ন ঘটনা সার্বিক অর্থনীতির জন্য একটি অশনিসংকেত। সম্প্রতি সোনালী ব্যাংকের হল-মার্ক কেলেঙ্কারি, বিসমিল্লাহ গ্রুপের বিভিন্ন ব্যাংক জালিয়াতি, বেসিক ব্যাংকের কেলেঙ্কারি ইত্যাদি কারণে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কার্যকলাপের ওপর মানুষের আস্থায় ফাটল ধরেছে, যা উন্নয়নের জন্য মোটেও ইতিবাচক নয়। আরও দুশ্চিন্তার বিষয়, সম্প্রতি বেসরকারি ব্যাংকেও জালিয়াতি ও অনিয়ম ঘটছে। ব্যাংকিং খাতকে সুসংহত, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা না গেলে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না। বাংলাদেশের অগ্রগতির ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাংকিং খাত। এই খাতের মূল লক্ষ্য আর্থিক সেবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা। এ খাতের কোনো সমস্যা হলে সংক্রামক ব্যাধির মতো তা অর্থনীতির উৎপাদনশীল ও অন্যান্য খাতে ছড়িয়ে পড়ে এবং চূড়ান্তভাবে তা দেশের আর্থসামাজিক উন্নয়নের গতি মন্থর করে দেয়। বাংলাদেশের ব্যাংকিং খাত কয়েক বছর আগেও সবচেয়ে সুশৃঙ্খল খাত হিসেবে বিবেচিত হতো। ব্যাংক-সংক্রান্ত নীতিমালা ও নির্দেশ পরিপালিত হতো এবং নিয়ন্ত্রণ ছিল অত্যন্ত সন্তোষজনক। কিন্তু গত কয়েক বছরে কতগুলো কেলেঙ্কারি ও জালিয়াতির ঘটনা ঘটেছে। এ অবস্থা থেকে ব্যাংকিং খাতকে অতি দ্রুত বের করে আনতে হবে। এ প্রসঙ্গে কয়েকটি বিষয়ের অবতারণা করব।
প্রথমেই ২০০৭-০৮ সালের বৈশ্বিক আর্থিক খাতের সংকটের বিষয়টি উল্লেখ করতে চাই। সংকটটি যুক্তরাষ্ট্র থেকে শুরু হয়ে পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে। এই সংকট থেকে এখনো অনেক দেশ বেরিয়ে আসতে পারেনি, যদিও বাংলাদেশে এ সংকটের নেতিবাচক প্রভাব তেমন পড়েনি। অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানীরা বিশ্লেষণ করে তিনটি মূল কারণ চিহ্নিত করেছেন। এক. আর্থিক নীতিমালা ও নিয়মাবলি পরিপালনে শিথিলতা। দুই. সুদের কম হারের ফলে অস্বাভাবিক ও অনিয়মিত ঋণের প্রসারণ। তিন. আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী ও ব্যবস্থাপনায় নিয়োজিত ব্যক্তিদের লোভ ও দুর্নীতি।
প্রথম ও তৃতীয় কারণটি বাংলাদেশেও বিশেষভাবে প্রযোজ্য। এই দুই কারণে ব্যাংকের পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা, তদারকি, পরিবীক্ষণ সব স্তরেই দুর্নীতি ও দুর্বলতা শিকড় গেড়েছে। যেমন করে একটি ত্রুটিপূর্ণ বহুতলবিশিষ্ট ভবনে ছাদ থেকে ভিত পর্যন্ত ফাটল দেখা দেয়, সে রকমই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর উঁচু থেকে নিচের সব স্তরেই ফাটল ধরেছে। এতে ব্যাংকগুলোর ভিত নড়ে গেছে এবং এগুলোর অস্তিত্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে।
দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বেসরকারি ব্যাংক রয়েছে। মালিকানা ভিন্ন হলেও কার্যক্রম মোটামুটি সবারই অভিন্ন। রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ন্ত্রণ করে সরকার। পরিচালনা পর্ষদ গঠন করে সরকার এবং ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ দেয় সরকার। পরিচালকদের নিয়োগ দেওয়া হয় মূলত রাজনৈতিক বিবেচনায়। ব্যবস্থাপনার দায়িত্বে উচ্চপদস্থ কর্মকর্তারা পদায়ন ও পদোন্নতি পান রাজনৈতিক পৃষ্ঠপোষকদের আশীর্বাদে। দক্ষতা, সততা ও অভিজ্ঞতার ভিত্তিতে নয়। পরিচালকদের বেশির ভাগই রাজনৈতিক প্রভুদের ও তাদের নিজস্ব বলয়ের লোকদের সন্তুষ্টির জন্য ঋণ দেওয়ার ক্ষেত্রে সঠিকভাবে মূল্যায়ন করার বিষয়ে যত্নশীল হন না। তাঁদের সঙ্গে ব্যবস্থাপনার লোকেরা জড়িয়ে যান এবং একই সঙ্গে অসাধু ঋণগ্রহীতা ব্যবসায়ীরা যোগসাজশে লিপ্ত হন। এসব কারণে হল-মার্কের মতো বিরাট কেলেঙ্কারি ঘটে যায় সোনালী ব্যাংকে। ওটা ঋণ ছিল না, অর্থ হাতিয়ে নিতে সাজানো হয়েছিল সব। বিসমিল্লাহ গ্রুপের কেলেঙ্কারিতে একাধিক ব্যাংকসহ অসাধু ব্যক্তি ও ব্যবসায়ী জড়িত। বেসিক ব্যাংক রাষ্ট্রায়ত্ত হলেও এর পরিচালনা পর্ষদে সব সময় থাকতেন দক্ষ, সৎ ও মেধাবী ব্যক্তিরা। এ ব্যাংকের কাজের গুণগত মান ছিল অত্যন্ত ভালো। এমনকি অনেক বেসরকারি ব্যাংকের চেয়েও উন্নত মানের সেবা ছিল বেসিক ব্যাংকে। কয়েক বছর আগে সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও কিছু পরিচালককে নিয়োগ দেওয়া হয়। ফলে ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ কার্যক্রমেও দুর্নীতি ও অনিয়ম প্রবেশ করেছে, ফলে একটি ভালো প্রতিষ্ঠান আজ সংকটের সম্মুখীন।
বিভিন্ন বেসরকারি ব্যাংকেও এখন অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। বেসরকারি ব্যাংকেও পরিচালনা, ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিভাগে ঢুকে গেছে অনিয়ম ও দুর্নীতি। এ রকম ঘটে যখন পরিচালনা পর্ষদের কাজে ও ব্যবস্থাপনায় নীতি-নিয়ম লঙ্ঘিত হয়, সততার অভাব পরিলক্ষিত হয় ও দুর্নীতি প্রবেশ করে।
এবার অবস্থা থেকে বেরিয়ে আসার দিকগুলো নিয়ে আলোকপাত করতে চাই। বাংলাদেশ ব্যাংকের যেসব নিয়ম রয়েছে যেমন: রেগুলেটরি ক্যাপিটাল নিয়ন্ত্রণ, ফিট অ্যান্ড প্রপার টেস্ট (নিয়োগ-সংক্রান্ত), অডিট, ঝুঁকি ব্যবস্থাপনা প্রভৃতি উল্লেখযোগ্য। এগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাসেল-১, ব্যাসেল-২ বাস্তবায়ন করেছে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাসেল-৩ বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে। ব্যাংক কোম্পানি আইনেও বিধিবিধান আছে। প্রথমত, এগুলো সঠিকভাবে পরিপালন করলে ব্যাংকিং খাত সুদৃঢ় হবে। এগুলো পরিপালনের মূল দায়িত্ব ব্যাংকগুলোর। দ্বিতীয়ত, এগুলো পরিপালনের সঠিক নজরদারি, যা বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের নজরদারি আরও জোরদার করতে হবে এবং দৃশ্যমান, সময়োচিত পদক্ষেপ নিতে হবে। হল-মার্ক কেলেঙ্কারি, বেসিক ব্যাংকের জালিয়াতি—এসব সংকটের পরিধি কিছুটা হ্রাস করা যেত, যদি প্রাথমিক পর্যায়ের তথ্যের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক দৃঢ় পদক্ষেপ নিত। তৃতীয়ত, চিহ্নিত অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া। প্রায়ই দেখা যাচ্ছে তদন্তকারী সংস্থা ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের দীর্ঘসূত্রতার ফলে আইনি প্রক্রিয়ার গতি মন্থর হয়ে গেছে। অনেক জড়িত ব্যক্তি আবার আইনের আওতার বাইরেই থেকে যাচ্ছে। ফলে দুর্নীতি ও অসৎ কাজের শাস্তির বিধান না হওয়ায় যারা দুর্নীতি করেছে বা দুর্নীতির পরিকল্পনা করছে, তারা একধরনের উৎসাহ পেয়ে যাচ্ছে, যাকে ‘পারভার্স ইনসেনটিভ’ বলা যেতে পারে। অন্যদিকে সৎ, উদ্যোগী ও দক্ষ ব্যক্তিরা দিনে দিনে নিরুৎসাহিত হচ্ছে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক সদিচ্ছা, প্রশাসনের সহযোগিতা, নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের দ্রুত ও কঠোর ভূমিকা নেওয়া প্রয়োজন। বর্তমানে আর্থিক খাতে দুর্নীতি তদন্ত করছে দুদক। তাদের এ-সংক্রান্ত দক্ষ জনবল নেই বললেই চলে। প্রচলিত দণ্ডবিধি ও দুর্নীতি দমন আইনের মাধ্যমে আর্থিক খাতের বড় বড় দুর্নীতির বিচার করা বা অভিযুক্ত ব্যক্তিদের শাস্তি দেওয়া কঠিন হয়ে পড়ছে। তাই আলাদা আইন প্রণয়নের চিন্তা করা যেতে পারে। পৃথিবীর অনেক উন্নত দেশে এ ধরনের অপরাধের জন্য আলাদা আইন ও বিচারব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পরিচালনা পর্ষদ গঠনের সময় রাজনৈতিক বিবেচনা সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। বাংলাদেশ ব্যাংক দক্ষতা, সততা, সদিচ্ছা ও সুনামের ভিত্তিতে কিছু ব্যক্তির তালিকা তৈরি করে অর্থ মন্ত্রণালয়কে পাঠাতে পারে এবং অর্থ মন্ত্রণালয় একমাত্র সেই তালিকা থেকেই নিয়োগ দিতে পারে। এর জন্য প্রয়োজন ব্যাংক কোম্পানি আইনের আরও সংশোধন। ২০১৩ সালে আইনটি সংশোধন করা হয়েছিল, কিন্তু সেটি আমাদের অভিজ্ঞতা ও চাহিদার আলোকে যুগোপযোগী হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণে অর্থ মন্ত্রণালয়ের ‘ব্যাংক বিভাগ’ ও বাংলাদেশ ব্যাংকের কার্যকলাপের ফলে নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে দ্বৈততা সৃষ্টি হয়েছে, সেটার নিরসন করা। বাংলাদেশ ব্যাংককে অনেক ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের দিকে তাকিয়ে থাকতে হয়। অতএব ‘ব্যাংক বিভাগ’ অবলুপ্ত করে বাংলাদেশ ব্যাংকের একক ক্ষমতা নিশ্চিত করা প্রয়োজন।
এতক্ষণ কিছু নীতি ও নিয়ম সম্পর্কে বলা হলো। এখন কয়েকটি বিষয়, যা সরাসরি ব্যাংকগুলোর দায়িত্বের মধ্যে পড়ে, সেগুলোর ওপর আলোকপাত করছি। প্রথমত, ঋণ দেওয়ার ক্ষেত্রে গ্রাহক ও তাঁদের ব্যবসায়ের সুষ্ঠু মূল্যায়ন করা। কোনোক্রমেই স্বজনপ্রীতি ও রাজনৈতিক হস্তক্ষেপ বিবেচনা করা চলবে না। বড় ঋণ দেওয়ার ক্ষেত্রে সেসব অর্থায়নকৃত প্রকল্প ব্যাংক কর্তৃক মনিটর করা, যাতে অর্থ অন্য খাতে না যায় এবং অর্থের যথাযথ ব্যবহার হয়। পৃথিবীর বহু দেশে ব্যাংক এ রকম ব্যবস্থা নিয়ে থাকে। দ্বিতীয়ত, ঋণের সঙ্গে সামঞ্জস্য রেখে জামানত নেওয়া। কোনোক্রমেই জামানতের মূল্যের চেয়ে বেশি, দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া সঠিক হবে না। তবে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এলসি খোলার ব্যাপারে সাময়িকভাবে অর্থায়ন করা যেতে পারে। তৃতীয়ত, খেলাপি ঋণ আদায় করা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ অত্যধিক। অর্থঋণ আদালতের মাধ্যমে আদায় করা জটিল ও সময়সাপেক্ষ। তবু আইনের আশ্রয় নিতেই হবে। এ ক্ষেত্রে সরকার সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে অর্থঋণ আদালতের সংখ্যা বাড়ানোর জন্য পদক্ষেপ নিতে পারে। প্রয়োজনে সাময়িকভাবে কিছু আদালত গঠন করে অপেক্ষমাণ মামলাগুলো নিষ্পন্ন করতে হবে। বিশেষ করে আপিল করা মামলাগুলোর অতি দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। কারণ, বড় সব ঋণখেলাপি আপিল করেছে। আরেকটি বিশেষ দিক হলো, ব্যাংকাররা তাদের নিজস্ব পছন্দের গোষ্ঠী যেকোনো শিল্পই করুক, তাদেরই ঋণ দিচ্ছে। দেখা যাচ্ছে, ব্যাংকের ঋণগুলো বিশেষ কিছু ব্যবসা ও অঞ্চলের মধ্যে কেন্দ্রীভূত হচ্ছে। ব্যাংকের জন্য এটিও খারাপ দিক এবং সঠিক ঝুঁকি ব্যবস্থাপনার জন্য এটা গ্রহণযোগ্য নয়। ব্যাংকগুলোর এই একমুখিতায় নতুন সম্ভাবনাময় প্রকল্প ও সৃজনশীল উদ্যোক্তারাও যথাযথভাবে ঋণ পাচ্ছে না। ব্যাংকগুলোর প্রয়োজন বিভিন্ন ঋণের সৃজনশীল ধরণ ও ঋণদানপদ্ধতি উদ্ভাবন করে নতুন উদ্যোক্তা সৃষ্টি করা। অনেক সময় শোনা যায় যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সময়মতো ও যুক্তিসংগত সুদের হারে ঋণ পায় না। ব্যাংকের এখনই সময় সুদের হার নমনীয় করা এবং তাদের জন্য ঋণদানপদ্ধতি সহজতর করা।
সবশেষে আলাদা একটি বিষয়ের ওপর নজর দিতে চাই, বাংলাদেশ ব্যাংক নতুন অনেক নিয়ম ও পদ্ধতি চালু করেছে, যেগুলো অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়ক। তবে মূল বিষয় হলো এগুলোর প্রয়োগ। এর জন্য প্রয়োজন দক্ষ, সৎ ও পরিশ্রমী জনবল। কেন্দ্রীয় ব্যাংক ও ব্যাংকগুলোর জন্য এ ধরনের জনবল অত্যন্ত প্রয়োজন। ব্যাংকিং খাত উন্নত হলে প্রবৃদ্ধি বাড়বে। সুসম উন্নয়ন হবে এবং সর্বোপরি জনগণ উপকৃত হবে।
সালেহউদ্দিন আহমেদ: সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক। অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়।