কক্সবাজারের মহেশখালী উপজেলার কৃষকেরা ব্যাংকমুখী হচ্ছেন না। স্থবির হয়ে আছে কৃষকদের তিন হাজার ৬২৬ ব্যাংক হিসাব। সেচ খাতে কৃষি ভর্তুকির ডিজেলের টাকা তোলার জন্য ১০ টাকায় এসব কৃষি হিসাব খোলা হয়। লক্ষ্য ছিল কৃষকদের ব্যাংকমুখী করা। কিন্তু ব্যাংকের কর্মকর্তারা হিসাব সচল করতে কৃষকদের বাববার তাগাদা দিলেও তাঁরা আগ্রহ দেখাচ্ছেন না।
উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, সরকারের দেওয়া সেচ খাতে বোরো মৌসুমের কৃষি ভর্তুকির ডিজেলের টাকা তোলার জন্য ২০০৯ সালের নভেম্বর মাসে স্থানীয় কৃষকেরা কৃষি ব্যাংকের গোরকঘাটা, বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া, মাতারবাড়ি শাখা ও সোনালী ব্যাংক মহেশখালী শাখায় তিন হাজার ৭০৪টি কৃষি হিসাব খোলেন। এর কিছুদিন পর সরকারের দেওয়া ভর্তুকির টাকা এসব হিসাবে জমা হয়। আর এই এলাকার কৃষকদের জন্য বরাদ্দ আসে ৩৫ লাখ টাকা। এতে মাঝারি চাষির জন্য এক হাজার ও প্রান্তিক চাষির জন্য ৮০০ টাকা করে বরাদ্দ দেওয়া হয়।
পরে ২০১০ সালের মার্চ মাসে কৃষি হিসাব থেকে এসব টাকা তুলে নেন কৃষকেরা। এরপর সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য আর ভতুর্কির টাকা আসেনি। বর্তমানে মাত্র ৭৮টি হিসাব সচল আছে। বাকিগুলোতে কোনো লেনদেন হয় না।
কালারমারছড়া ইউনিয়নের চিকনিপাড়ার কৃষক আনোয়ার হোসেন বলেন, ২০১০ সালের মার্চ মাসের শেষের দিকে সরকারের দেওয়া ডিজেলের ভর্তুকির টাকা কৃষি হিসাব থেকে তোলার পর আর ব্যাংকে যাইনি। তিনি বলেন, আট সদস্যের পরিবার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছি। আবার সেখানে হিসাবে জমা দেওয়ার টাকা পাব কোথায় ?
কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটার কৃষক আমির হোসেন ও মাইনুদ্দিন জানান, চার বছর ধরে সরকার ডিজেলের ভর্তুকির টাকা দিচ্ছে না। অন্যের কাছ থেকে ঋণ নিয়ে এখন অনেক কৃষককে চাষ করতে হচ্ছে। সেখানে কৃষি হিসাবে টাকা জমা দেওয়ার প্রশ্নই আসে না।
উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল বাহারাইন বলেন, ২০১০ সালের শুরুতেই বোরো মৌসুমের সময় কৃষি খাতে ডিজেলের ভর্তুকির জন্য ৩৫ লাখ টাকা বরাদ্দ দেন। পরে তিন হাজার ৭০৪ জন কৃষক ৩০ লাখ ৩৩ হাজার টাকা তুললেও বাকি টাকা ফেরত যায়। এরপর থেকে কৃষকের জন্য আর কোনো ভর্তুকির টাকা বরাদ্দ আসেনি।
কৃষি ব্যাংক গোরকঘাটা শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম বলেন, কৃষকদের ভর্তুকির টাকার পাশাপাশি ব্যাংকমুখী করতে মাত্র ১০ টাকার বিনিময়ে কৃষি হিসাব খোলার ব্যবস্থা করে সরকার। কিন্তু এই শাখায় ৯০০ কৃষি হিসাবের মধ্যে মাত্র ৫০টি চালু থাকলেও বাকি সাড়ে ৮০০ হিসাবে কোনো লেনদেন হচ্ছে না। কৃষকদের ব্যাংকমুখী করতে নানাভাবে উদ্বুদ্ধ করেও কোনো কাজ হয়নি। এ কারণে এসব হিসাব এখন অনেকটা ব্যাংকের বোঝা হয়ে দাঁড়িয়েছে।
সোনালী ব্যাংকের মহেশখালী শাখা ব্যবস্থাপক নুরুল আমিন বলেন, ২০১০ সালের মার্চ মাসে ডিজেল ভর্তুকির টাকা তুলে নেওয়ার পর কৃষকেরা আর ব্যাংকমুখী হননি।