টাকা তোলা বা জমা দেওয়াসহ প্রায় সব রকম ব্যাংকিং কাজেই ভোগান্তির শিকার হচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সবার ব্যাংকিং-সুবিধার জন্য এখানে সোনালী ব্যাংকের একটি শাখা খোলা হয়। তবে স্থানীয় লোকজনও এই ব্যাংকে লেনদেন করেন। চুয়েট চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে। শিক্ষার্থীদের বাড়ি থেকে পাঠানো টাকা পাওয়ার একমাত্র মাধ্যম এই ব্যাংকটি। চুয়েটের আশপাশে অন্য কোনো ব্যাংক না থাকায় স্থানীয় লোকজনও সোনালী ব্যাংকের এই শাখা থেকে ব্যাংকিং-সুবিধা নেয়। স্থানীয় লোকজন ও চুয়েটের কর্মকর্তা-কর্মচারীদের কাজকর্ম নিয়েই বেশি ব্যস্ত থাকতে হয় ব্যাংকটিকে। ফলে ব্যাংক থেকে টাকা তোলা, বিভিন্ন বর্ষে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেওয়াসহ প্রায় প্রতিটি ব্যাংকিং কাজেই ভোগান্তির শিকার হচ্ছেন চুয়েট শিক্ষার্থীরা।শিক্ষার্থীরা জানান, পুরোদমে ক্লাস চলার সময় ব্যাংকিং কাজকর্ম করার জন্য তাঁরা সময় পান মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট। কিন্তু ব্যাংকের কাজকর্মের দীর্ঘসূত্রতার কারণে যে কাজ পাঁচ থেকে ১০ মিনিটে শেষ হওয়ার কথা, সেখানে আধ থেকে এক ঘণ্টা লেগে যায়। এই সমস্যার ভুক্তভোগী সবচেয়ে বেশি প্রথম বর্ষের শিক্ষার্থীরা। তাঁদের অভিযোগ, একটি নতুন হিসাব খুলতে তাঁদের অনেকের সারা দিন, আবার কারও দু-তিন দিন সময় গেছে।এ প্রসঙ্গে চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আতাউর রাব্বী বলেন, এ শাখায় নতুন হিসাব খোলা থেকে শুরু করে সব ধরনের ব্যাংকিং কাজে অনেক বেশি সময় লাগে। একাধিকবার ব্যবস্থাপককে অভিযোগ করা হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে চুয়েট শাখা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক আবদুস সালাম শিক্ষার্থীদের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা আমাদের সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করছি। বিশেষ করে আমরা শিক্ষার্থীদের সব সময়ই অগ্রাধিকার দিয়ে থাকি।’এ প্রসঙ্গে চুয়েটের উপাচার্য জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হচ্ছে আমি জানতাম না। এ বিষয়ে আমি ব্যাংকের কর্মকর্তার সঙ্গে কথা বলব।’