ব্যাংকে চাকরির জন্য চাই জোর প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে যে কয়টি খাত চাকরির বাজারে বড় ক্ষেত্র তৈরি করেছে, তার মধ্যে ব্যাংক ও আর্থিক খাত অন্যতম। ব্যাংকগুলোর মধ্যে চারটি রাষ্ট্রায়ত্ত, পাঁচটি বিশেষায়িত, ১০টি বিদেশি এবং ৩০টি তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোয় বিভিন্ন পদে কর্মরত কয়েক লাখ মানুষ। প্রতিনিয়ত ব্যাংকগুলো তাদের কার্যক্রম বাড়াচ্ছে। ব্যাংকসহ প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান ব্যাপক প্রতিযোগিতার মাধ্যমে তাদের কার্যক্রম চালাচ্ছে। ফলে ব্যাংকিং খাতে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে নিয়মিত। নিয়মিতই পত্রপত্রিকায় সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে।নিয়োগ চলছেসম্প্রতি বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ও বাণিজ্যিক ব্যাংকে চাকরির সুযোগ তৈরি হয়েছে।এর মধ্যে রূপালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক লিমিটেডের কর্মকর্তা বা জ্যেষ্ঠ কর্মকর্তাসহ বেশ কয়েকটি পদে নিয়োগ চলছে। এসবের মধ্যে কৃষি ব্যাংক ছাড়া অন্য ব্যাংকগুলোতে আবেদনের সময়সীমা শেষ হয়ে গেছে। সামনে এসব ব্যাংকের লিখিত পরীক্ষা।তাই যাঁরা আবেদন করেছেন, তাঁদের এখন প্রস্তুতির সময়। ‘মনে রাখতে হবে, প্রতিটি ব্যাংকের নিয়োগ-প্রক্রিয়ায় ব্যাপক প্রতিযোগিতায় পড়তে হবে। তাই প্রস্তুতি না থাকলে যে কেউই পিছিয়ে পড়তে পারেন।’ বললেন শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান। সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকগুলোর নিয়োগ পরীক্ষার প্রশ্নপদ্ধতির মধ্যে কিছুটা পার্থক্য থাকলেও প্রস্তুতিটা অনেকাংশে অভিন্ন।প্রশ্নের ধরনবিভিন্ন রাষ্ট্রায়ত্ত, বিশেষায়িত ও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিগত পরীক্ষার প্রশ্নপত্র পর্যালোচনা করে দেখা যায়, সরকারি ও বেসরকারি ব্যাংকের লিখিত পরীক্ষায় সামান্য পার্থক্য রয়েছে। তবে নিয়োগদাতাদের ওপরও প্রশ্নের ধরন নির্ভর করে। সাধারণত ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ), ব্যবসায় শিক্ষা অনুষদ, অর্থনীতি বিভাগ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)। ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সাধারণত প্রশ্ন হয় ১০০ নম্বরের। অধিকাংশ পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায়, প্রশ্নপত্র পার্ট-১/এ এবং পার্ট-২/বি দুটি অংশে ভাগ করা থাকে।জনতা ব্যাংক লিমিটেডের কর্মকর্তা মো. নিজাম তালুকদার জানান, পার্ট-১ অংশে নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) এবং পার্ট-২ অংশেবর্ণনামূলক প্রশ্ন থাকে।’ পরীক্ষার সময় এক থেকে তিন ঘণ্টা পর্যন্ত হতে পারে।যেসব বিষয় থেকে প্রশ্ন হয়বিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষায় সাধারণত বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রসঙ্গ) বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে। এ ছাড়া গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা ও বিজ্ঞান প্রযুক্তি, অর্থনীতি ইত্যাদি বিষয় থেকেও প্রশ্ন হতে পারে। কোনো কোনো ব্যাংকের ক্ষেত্রে চার-পাঁচটি বিষয়ই থাকে। আবার কোনো কোনো ক্ষেত্রে তিনটি বিষয় থেকে প্রশ্ন হতে পারে। প্রস্তুতি নেওয়ার সময় আপনাকে সব কটি বিষয়েই জানা থাকা ভালো।সার্বিক প্রস্তুতি থাকলে পরীক্ষার প্রশ্ন যেমনই হোক না কেন, আপনি ভালো করতে পারবেন। তবে আপনি যে ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, যদি তার সিলেবাস আগেই উল্লেখ করা থাকে, তবে তো কথাই নেই।বাংলা: সরকারি ও বিশেষায়িত ব্যাংকগুলোর ক্ষেত্রে সাধারণত বাংলা বিষয় থেকে প্রশ্ন হয়। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রে দু-একটি বাদে বাংলায় প্রশ্ন হয় না বললেই চলে। বাংলায় নৈর্ব্যক্তিক ও বর্ণনামূলক দুটি অংশ থেকেই প্রশ্ন হতে পারে। বাংলা ভাষা ও সাহিত্য, ব্যাকরণ, রচনা, অনুচ্ছেদ ইত্যাদি থেকে প্রশ্ন হয়। ভাষা ও সাহিত্যে বাংলা সাহিত্যের ইতিহাস-সম্পর্কিত গ্রন্থ ও গ্রন্থকার, বিশিষ্ট সাহিত্যিকদের প্রথম রচনা, সাহিত্যিকদের প্রকৃত নাম, উপাধি ও ছদ্মনাম, গ্রন্থকারের জন্মকাল, জন্মস্থান, রচনা ও রচনা-প্রকৃতি থেকে প্রশ্ন হতে পারে। ব্যাকরণে শব্দ, বাক্য, সন্ধিবিচ্ছেদ, প্রকৃতি ও প্রত্যয় নির্ণয়, সমাস নির্ণয়, কারক ও বিভক্তি, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, প্রতিশব্দ, দেশি-বিদেশি শব্দ, শুদ্ধিকরণ, শূন্যস্থান, এক কথায় প্রকাশ, বাগ্ধারা, বাংলা অনুবাদ প্রভৃতি থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকতে পারে। আর রচনামূলক অংশে সমসাময়িক কোনো বিষয়ে অনুচ্ছেদ বা রচনা লিখতে বলা হতে পারে।ইংরেজি: ব্যাংকের সব নিয়োগ পরীক্ষাতেই সাধারণত ইংরেজি বিষয় থেকে প্রশ্ন হয়ে থাকে। পার্ট-১ ও ২ দুই অংশেই ইংরেজি প্রশ্ন হতে পারে। তবে ব্যাংকিং পেশা-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, চাকরিপ্রার্থী পরীক্ষার্থীরা ইংরেজিতে বেশি ভুল করে থাকেন। তাই প্রস্তুতির সময়ই বিশেষ গুরুত্ব দিতে হবে ইংরেজি বিষয়টিতে।এখানে ইংরেজি ভাষা ও সাহিত্য, শূন্যস্থান পূরণ, প্রিপজিশন, ক্রিয়ার সঠিক ব্যবহার, বাক্য শুদ্ধিকরণ, অনুবাদ, জোড়া শব্দ, শব্দ পরিবর্তন, ন্যারেশন, কাল, শব্দার্থ, ইডিয়ম ও ফ্রেজ, প্যারাগ্রাফ লিখন, অ্যামপ্লিফিকেশন, নাতিদীর্ঘ প্রবন্ধ, সারমর্ম লিখন ইত্যাদি থাকে। তবে ইংরেজি ব্যাকরণ সম্পর্কে অবশ্যই ভালো ধারণা থাকতে হবে। পাশাপাশি রচনা, অনুচ্ছেদ, পত্র লেখা জানা থাকতে হবে।গণিত: গণিতের প্রশ্ন একটু জটিল প্রকৃতির হয়। এরচেয়েও বড় ব্যাপার হচ্ছে যেটুকু সময় পাওয়া যায়, তাতে সব নৈর্ব্যক্তিক বা রচনামূলক প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। এ জন্য ব্যাপক অনুশীলন দরকার। নিয়মিত অঙ্ক করার অভ্যাস রাখতে হবে। পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি যেকোনো অংশ থেকে প্রশ্ন হতে পারে। সাধারণ অনুশীলনের জন্য আপনি লসাগু ও গসাগু, ম্যাট্রিক প্রণালি, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, লাভ ও ক্ষতি, সুদকষা, গড়, শতকরা, ক্ষেত্র পরিমাণ ইত্যাদি থেকে প্রশ্ন আসতে পারে। গণিতের উত্তর দেওয়ার সময় মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। কারণ সামান্য ভুলে বড় ক্ষতি হয়ে যায়। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা: বর্তমানে অনেক ব্যাংকের নিয়োগ পরীক্ষায় গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা অন্যান্য বিষয়ের মতোই সমান গুরুত্ব পাচ্ছে। তবে এই ধারা বেসরকারি ব্যাংকগুলোর ক্ষেত্রে একটু বেশি। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি-সংশ্লিষ্ট প্রশ্নও ইদানীং অনেক ব্যাংক করে থাকে। গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা থেকে প্রশ্ন করা হয় প্রার্থীর উপস্থিত বুদ্ধি ও জ্ঞান যাচাই করার জন্য। এখানে গণিতের অনেক বিষয় নানাভাবে দেওয়া হয়। এ ছাড়া আরও বেশ কিছু বিষয় থেকে অনেক ধরনের মজার প্রশ্ন হতে পারে। এ অংশে আপনি যদি ভালো করতে চান, তবে ধীরস্থিরভাবে চিন্তা করতে হবে। পুরো প্রশ্নের কোথায় কী বলেছে, তা ধরতে পারলেই অংশটি আপনার কাছে সহজ হবে। তবে খুব বেশি সময় দেওয়া যাবে না। খেয়াল রাখতে হবে যাতে কোনো অংশের জন্য সময় নষ্ট না হয়।সাধারণ জ্ঞান: শুধু ব্যাংক নয়, সব নিয়োগ পরীক্ষাতেই সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে। বিষয়টিতে নৈর্ব্যক্তিক প্রশ্নই হয়ে থাকে বেশি। রচনামূলক অংশে (পার্ট-১/এ) সাধারণ জ্ঞান থাকে না। সাধারণ জ্ঞানের আবার দুটি আলাদা ভাগ আছে। এক. বাংলাদেশ, দুই. আন্তর্জাতিক বিষয়াবলি। পরীক্ষায় ভালো করতে চাইলে উভয় অংশই গুরুত্ব দিয়ে পড়তে হবে। সাধারণ জ্ঞানের সিলেবাস উন্মুক্ত। কোথা থেকে কী প্রশ্ন হবে, একদমই বলা যাবে না। তাই প্রস্তুতিটা হতে হবে ব্যাপক। সাধারণ জ্ঞানের জন্য নিয়মিত পত্রপত্রিকা পড়া ও রেডিও-টেলিভিশনের খবর শোনা জরুরি।বিগত বছরগুলোর বিভিন্ন ব্যাংকের পরীক্ষা বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশ পরিচিতি, ইতিহাস, মুক্তিযুদ্ধ, জাতীয় গুরুত্বপূর্ণ ঘটনা, সংবিধান, অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা, প্রশাসন, সম্পদ, নদ-নদী, জনসংখ্যা, শিল্পকারখানা, ভৌগোলিক অবস্থান ইত্যাদি থেকে প্রশ্ন হতে পারে। ঠিক একই রকম আন্তর্জাতিক বিষয়াবলির ক্ষেত্রেও। কী প্রশ্ন হবে বলা মুশকিল।প্রস্তুতি কীভাবেবিভিন্ন ব্যাংকের নিয়োগ পরীক্ষার প্রশ্ন নিয়ে রয়েছে প্রশ্ন ব্যাংক। এ থেকে বিগত বছরের প্রশ্ন বিশ্লেষণ করে আপনি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন। নিয়মিত পত্রপত্রিকা পড়ার অভ্যাস থাকতে হবে।চাকরির প্রতিযোগিতায় ব্যাংকিং খাত অনেক এগিয়ে। আর এখানে চাকরির সুযোগ আসছে নিয়মিত। তবে সুযোগ কাজে লাগাতে দরকার প্রস্তুতি। প্রস্তুতি না থাকলে স্বপ্ন আর ধরা দেবে না।