ব্যাংকে টাকা নেই ফিরে গেলেন গ্রাহকেরা
খাগড়াছড়ির দীঘিনালায় সোনালী ব্যাংকে এক সপ্তাহ ধরে টাকার সংকট দেখা দিয়েছে। এ সংকটের কারণে পেনশনভোগী ও শতাধিক গ্রাহক টাকা না নিয়ে ফেরত গেছেন। চাহিদামতো টাকা না পেয়ে গ্রাহক ফেরত যাওয়ার বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষ স্বীকার করেছে। টাকা না থাকায় আনসার ও ভিডিপির আট শতাধিক সদস্য জেলা শাখা থেকে বেতন তুলতে বাধ্য হয়েছেন। সোনালী ব্যাংক সূত্র ও ভুক্তভোগী গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনালী ব্যাংক দীঘিনালা শাখায় টাকার সংকট দেখা দেয় ৩ মে থেকে। বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য গত ২৭ এপ্রিল জেলা শাখাকে পাঁচ কোটি টাকার চাহিদা দেওয়া হয় কিন্তু পাওয়া গেছে মাত্র দুই কোটি ৫০ লাখ টাকা। ২ মে চাহিদা দেওয়া হয় এক কোটি টাকার, পাওয়া গেছে ৩৫ লাখ টাকা। ৯ মে ছয় কোটি টাকার চাহিদার বিপরীতে দেওয়া হয় ৫০ লাখ টাকা। এ কারণে ৯ মে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ১৬ জন পেনশনভোগী শিক্ষক ১৭ লাখ ২৮ হাজার ৩৯৬ টাকা না পেয়ে ফেরত গেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মংগ্রী মগ ১৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক পেনশনের টাকা না পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাফাজ্জল হোসেন জানান, সোনালী ব্যাংকে টাকা না থাকায় উপজেলার আট শতাধিক আনসার ও ভিডিপি সদস্যদের বেতন জেলা শাখা থেকে তুলতে হয়েছে। দীঘিনালা সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক সমীর কান্তি চাকমা টাকার সংকটের সত্যতা স্বীকার করে বলেন, ‘গ্রাহকদের টাকা দিতে না পেরে নিজেরও খারাপ লাগছে।