ব্যাংকের কর্মী বাণিজ্যের লক্ষ্মী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রালী রায় সোনালী ব্যাংকের বিপণিবিতান শাখার নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ অফিসার)। ১৯৮০ সালে এইচএসসি পাস করে জ্যেষ্ঠ করণিক (জুনিয়র ক্লার্ক) পদে যোগ দিয়েছিলেন। গত ৩০ বছরে পাঁচটি পদোন্নতি পেয়ে তিনি আজকের অবস্থানে এসেছেন। তাঁর জীবনটা সংগ্রামে গড়া। তিনি একই সঙ্গে চাকরি ও পড়াশোনা চালিয়েছেন, নিয়েছেন উচ্চতর ডিগ্রি। আর সামলেছেন সংসারও। এতসব অর্জন কীভাবে সম্ভব হলো? প্রশ্ন করলে মিষ্টি হেসে বলেন, ‘নিজের চেষ্টা, পরিবারের প্রেরণা আর কর্মক্ষেত্রে সবার সহযোগিতায় এতদূর আসতে পেরেছি।’সফল ব্যাংকার হওয়ার স্বপ্ন নিয়ে একদিন যে সব নারী চাকরি নিয়েছিলেন আজ তাঁদের জীবনে স্বপ্নপূরণের আনন্দ। দুই দশক আগেও ব্যাংকে নারীকর্মীর সংখ্যা ছিল দুই-চার শতাংশ। তা-ও আবার সরকারি ব্যাংকে। অবশ্য তখন বেসরকারি ব্যাংক ও ব্যাংকের শাখা এতটা ছিল না। দিনে দিনে বেড়েছে ব্যাংক ও শাখা আর বেড়েছে নারীকর্মীর সংখ্যা। বর্তমানে প্রায় প্রতিটি ব্যাংকের নারীকর্মীর সংখ্যা ২০-২৫ শতাংশ। সব পদেই যোগ্যতার সঙ্গে কাজ করছেন নারীরা। ক্রেডিট, ক্যাশ, আইটি শাখা সবখানেই নারীর অংশগ্রহণ। উঁচু পদে আছেন নারী। বেশ কয়েকটি শাখার ব্যবস্থাপকও নারী। অগ্রণী ব্যাংকের নগরের পাঁচ শাখার চট্টেশ্বরী সড়ক, প্রেসক্লাব, আসকার দিঘির পাড়, ফিরিঙ্গিবাজার ও খুলশী শাখার ব্যবস্থাপক নারী। ব্যাংকিং পেশায় নারীর অংশগ্রহণ বাড়ার কারণ হিসেবে জানা গেল কাজের ভালো পরিবেশ, সামাজিক সম্মান ও নিরাপত্তার কথা। চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতাও ভালো ভূমিকা রেখেছে। তবে কেউ কেউ অপ্রাপ্তির কথাও বললেন। বিশেষ করে পদোন্নতিবঞ্চিত হওয়ায় হতাশা প্রকাশ করেন তাঁরা। তাহলে চলুন জেনে নিই সফল যাঁরা কেমন তাঁরা।১৯৮৮ সালে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা (অফিসার) পদে যোগ দিয়েছিলেন ফারহানা ইয়াসমিন। এখন তিনি চট্টেশ্বরী শাখার ব্যবস্থাপক। ২২ বছর আগে নারীকর্মীকে কীভাবে মূল্যায়ন করা হতো? এ প্রশ্নের জবাবে তিনি বলেন— তখন হয়তো গুরত্বপূর্ণ কোনো পদে নারীদের কাজ করতে দেওয়া হতো না। দায়িত্বপূর্ণ কাজ নারী পারবে না—এমন মানসিকতা ছিল। তবে যোগ্যতা দিয়েই তা জয় করেছে নারী। সহকর্মী ও পরিবার থেকে পূর্ণ সহযোগিতা পেয়েছেন বলে জানান তিনি। তাঁর মতে, মাতৃকালীন ছুটির মেয়াদ আরও বাড়ানো দরকার। শিশুদের জন্য দিবাযত্নকেন্দ্র না থাকায় চাকরিজীবী মায়েরা ঝামেলায় পড়েন বলে জানান তিনি। ‘আমি কাউকে বিশ্বাস করি ঠিক, কিন্তু সেটা অন্ধবিশ্বাস নয়। ব্যাংকে কাজ করতে হলে সবসময় চোখ-কান খোলা রাখতে হয়। কাজের বাইরে মনোযোগ দেওয়া যাবে না।’ কথাগুলো বলছিলেন ঢাকা ব্যাংকের জিইসি শাখার ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট (এফএভিসি) তাহেরা বেগম। এত কাজের চাপে মায়ের ভূমিকা ঠিকভাবে পালন করা যায়? জবাবে তিনি বলেন, ‘মায়ের ভূমিকা অনেকটা আপেক্ষিক। আমি একজন ব্যাংকার হওয়া সত্ত্বেও মা হিসেবে যেভাবে দায়িত্ব পালন করছি কিংবা সন্তানদের যতটা দেখাশোনা করছি, অনেক গৃহিণী মা-ও তা পারেন না। তা ছাড়া আমার সন্তানদের জীবনধারায় আমার জীবনের নিয়ম-কানুন চলে এসেছে, যেমন— প্রতিবেশী মায়েরা ঘুম থেকে ওঠার আগেই সন্তানেরা বিদ্যালয়ে চলে যাচ্ছে। কিন্তু চাকরির কারণে সন্তানের আগেই আমাকে উঠতে হয়। এটা আমার সংসারের জন্য ইতিবাচক।’আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের জিইসি শাখার সিনিয়র প্রিন্সিপ্যাল শাহীনূর বেগম চাকরি করছেন ১৫ বছর। অ্যাসিসটেন্ট পদে নিয়োগ পান। তিনটি পদোন্নতি পেয়েছেন তিনি। চাকরি আর পড়াশোনা দুটি একসঙ্গে করেছেন তিনিও। সহকর্মীদের কাছ থেকে দারুণ সহযোগিতা পেয়েছেন তিনি। বলেন, “সামনে আমার পরীক্ষা। জ্যেষ্ঠ সহকর্মী আমাকে বলেছিলেন—‘শাহীন তুমি কিছুক্ষণ বসে পড়, কাজ একটু পরে করলেও চলবে। এখনো আমার কানে বাজে সেই মহত্প্রাণ জ্যেষ্ঠ সহকর্মীর কথা।’’ তাঁর মতে, ‘প্রতিষ্ঠানের সবার সহযোগিতার কারণে লক্ষ্য পূরণে এগিয়ে যেতে পেরেছেন তিনি। শাহীনূর বলেন, ‘আমাদের ব্যাংকে ১৫ বছর আগে নারীকর্মীর সংখ্যা ছিল ছয় শতাংশ। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৯ শতাংশে। ঢাকা ব্যাংকের জিইসি শাখার ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক নুরুল আরশাদ চৌধুরী বলেন, ‘কেবল সংখ্যার দিক দিয়ে নয় বরং মানের দিক দিয়েও আমাদের শাখায় নারীকর্মীরা পিছিয়ে নেই কোনো অংশে। এখানকার অপারেশন ম্যানেজার একজন নারী। ফার্স্ব অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্টও নারী। তাঁদের ভবিষ্যত্ অত্যন্ত উজ্জ্বল।’ব্যাংক এশিয়ার আগ্রাবাদ শাখার অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মামুনুর রশীদ বললেন, ‘২৭ বছর আগে আমি যখন যোগদান করি তখন নারীর অংশগ্রহণ ছিল মাত্র এক শতাংশ। বর্তমানে নারীকর্মীর সংখ্যা ২০ শতাংশ।’ অগ্রণী ব্যাংক চট্টেশ্বরী শাখার ব্যবস্থাপক ফারহানা ইয়াসমিন বলেন, ‘নারী শিক্ষার হার বৃদ্ধি, ব্যাংকের পরিবেশ ও সুন্দর ভবিষ্যত্ গড়তে নারীরা এ পেশায় আসছেন। এটা সমাজের মানসিকতা পরিবর্তনেরও ইঙ্গিত বহন করে।’ প্রাইম ব্যাংকের জিইসি শাখার সিনিয়র অ্যাসিসটেনন্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাকারিয়া জানান, তাঁদের শাখায় ১৬জন কর্মকর্তার মধ্যে চারজন নারী। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা আর অভিজ্ঞতাই একমাত্র পরিমাপক বলে জানান তিনি।অগ্রণী ব্যাংকের বিপণিবিতান শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম পাটোয়ারী জানান, তাঁদের শাখায় নারীকর্মী আছেন তিনজন। গুরুত্বপূর্ণ পদ আইটি কর্মকর্তা, ফরেন এক্সচেঞ্জের দায়িত্বেও আছেন নারী। সোনালী ব্যাংক বিপণিবিতান শাখার ব্যবস্থাপক এসএম আরশাদ আলী বলেন, ‘কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়েও বেশি যোগ্য বলে প্রমাণ করেছেন।’ ইস্টার্ন ব্যাংকের অ্যাসিসটেন্ট রিলেশনশিপ ম্যানেজার উম্মে হাবিবা পড়াশোনার মাধ্যমে আরও এগিয়ে যেতে চান। তিনি বলেন, ‘ব্যাংকার হওয়ায় পরিবারের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারি আমি। পাশাপাশি আর্থিক সহযোগিতা করতে পারি। পরিবার ও সমাজে যথেষ্ট সম্মান পাই।’অগ্রণী ব্যাংকের বিপণিবিতান শাখার অফিসার শামীম আক্তার যিনি এ পেশায় আছেন ১৭ বছর। কর্মক্ষেত্রের পরিবেশ ও অন্যান্য সুবিধা নিয়ে সন্তুষ্ট হলেও অসন্তুষ্ট পদোন্নতি না পাওয়ায়। অবশ্য পারিবারিক কারণে পড়াশোনা করতে পারছেন না এবং এ কারণে পদোন্নতিতে সমস্যা হচ্ছে বলে জানান তিনি। একই ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আনোয়ারা বেগম জানান, ‘নীতিনির্ধারণী পদে মেয়েদের অংশগ্রহণ কিছুটা কম। ২৫ বছরের চাকরি জীবনে মাত্র দুইবার পদোন্নতি পেয়েছি।’একটি ব্যাংকের জুনিয়র অফিসার আকলিমা শারমিনের মতে ব্যাংকিং সৃজনশীল পেশা। গ্রাহকদের সঙ্গে ভিন্ন পরিস্থিতিতে সমন্বয় করে নিতে হয়। অনেক ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে সত্য কথা বের করে আনতে হয় জিজ্ঞাসাবাদের মাধ্যমে।’ নারীদের ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত করার জন্য জিইসির মোড়ে গড়ে উঠেছে জনতা ব্যাংক মহিলা শাখা। সিনিয়র অফিসার অঞ্জনা রানি দেবীর দুঃখ—‘কাজ বেশি করেও পারিশ্রমিক বেসরকারি ব্যাংকের তুলনায় অনেক কম।’